মুরালিকে মিস করবে না কেউ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেছন ফিরে তাকালে জীবনটাকে কি মলাটবন্দী কোনো গল্প-উপন্যাসের মতো মনে হয় তাঁর? রুপালি পর্দার কোনো চলচ্চিত্র? প্রাপ্তি-অপ্রাপ্তি, সাফল্য-বিতর্ক মিলিয়ে একবারও কি মনে হয় না, জীবনটা যেন সাজানো এক চিত্রনাট্য, যার রচয়িতা ঈশ্বর নিজে!বিদায়বেলায়ও মুত্তিয়া মুরালিধরন ঈশ্বরকে স্মরণ করেছেন। শেষ টেস্টে আটটি উইকেট দরকার ছিল তাঁর ৮০০-র চূড়ায় উঠতে। কত নাটক, উত্তেজনা শেষে ঠিক সেই আটটি উইকেটই পেলেন! শেষ টেস্টকে উদাহরণ হিসেবে টেনে সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারি বলছেন, ‘আমি খুবই কৃতজ্ঞ, ঈশ্বর আমাকে সবকিছুই দিয়েছেন। এই আট উইকেট, জয়...সব, সবকিছুই।’এরপর ধন্যবাদ জানালেন সবাইকে, ‘মহামান্য প্রেসিডেন্ট নিজে এখানে এসেছেন। ধন্যবাদ জানাতে হবে আমার স্ত্রী, পরিবার, সতীর্থদের। তাদের সমর্থন না পেলে আমার হয়তো কিছুই অর্জন করা সম্ভব হতো না।’ এই বিদায়ের আবেগছোঁয়া মুহূর্তে স্মরণ করলেন আম্পায়ারদেরও, এই ক্যারিয়ারে সবচেয়ে বেশি দুঃখ, ক্ষত তিনি পেয়েছেন যাঁদের কাছ থেকে, ‘জীবনটার মোদ্দা কথাই হলো ক্ষমা করা এবং ভুলে যাওয়া। তাঁরা নিজেদের কাজ করেছেন, যেটা তাঁদের কাছে সঠিক মনে হয়েছে, সেটাই করেছেন। আইসিসির কাছেও কৃতজ্ঞতা জানাই অ্যাকশন সঠিক প্রমাণ করার সুযোগ করে দেওয়ার জন্য।’শেষ টেস্টে যেভাবে বল ঘুরিয়েছেন, বিশেষ করে মহেন্দ্র সিং ধোনিকে একেবারে হতভম্ব করে স্টাম্প ভেঙে ফেললেন, মনেই হলো না, মানুষটার বয়স ৩৮। মনেই হয়নি, এই মানুষটা ১৮ বছর ধরে একের পর এক মাইলফলকের পাশাপাশি পেরিয়ে এসেছেন শত বাধা-বিপত্তি। যেন টগবগে এক যুবক খেলছেন ক্যারিয়ারের ভরদুপুরে। এখনো উইকেটের জন্য কী এক সর্বগ্রাসী ক্ষুধা! শেষ ইনিংসেও মুরালি বল করে গেলেন প্রায় ৪৫ ওভার!আর বিদায়ও নিলেন কেমন মাথা উঁচু করে। মুরালিও খুশি এই বিদায়ে, ‘এভাবে অবসর নিতে পারাটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত।’ বিদায়বেলায়ও মুখে সেই দুষ্টুমিষ্টি হাসি ধরে রেখেছেন। ভেতরে কেমন ঝড় বয়ে গেছে কে জানে, মুরালি দাবি করলেন, তিনি নাকি আবেগমুক্তই ছিলেন, ‘সত্যি বলছি, আমি মোটেও আবেগাক্রান্ত ছিলাম না। আমি বরং খুশি, দায়িত্বটা শেষ করতে পেরে। এর জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। এমনকি গত সপ্তাহেও আমি এই টেস্ট ম্যাচ খেলার জন্য অনেক খেটেছি। এই ম্যাচটাকেও অনেক গুরুত্বের সঙ্গে নিয়েছি।’ভারতের পরাজয় আসলে প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যাচের চতুর্থ দিনেই। কাল ম্যাচের উত্তেজনার পুরোটাই ছিল মুরালি ৮০০-র মাইলফলক ছুঁতে পারেন কি না—এটা নিয়ে। মুরালি নিজে অবশ্য জানালেন, এটা নিয়ে খুব একটা ভাবনা নাকি ছিলই না তাঁর, ‘৮০০ স্রেফ একটা সংখ্যা। আমরা আসলে খুব দ্রুত উইকেট তুলে নিতে চেয়েছিলাম। গলের আবহাওয়ার মতিগতি বোঝা মুশকিল। ম্যাচ জেতাটাই ছিল আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই সময় আমি এটা নিয়ে ভাবিইনি। ভাবনাটা এসেছে আসলে ম্যাচ শেষ হওয়ার পর।’এখানেও কি পেশাদারি! পুরো স্টেডিয়াম, দর্শক, এমনকি ভাষ্যকারেরা পর্যন্ত ৮০০ হওয়া না-হওয়ার উদ্বেগে ভুগছেন। কিন্তু মুরালি ছিলেন এর ঊর্ধ্বে, ‘৮০০ উইকেট না পেলেও আমি মন খারাপ করতাম না। পুরো ম্যাচে একবারই আমি উদ্বেগে ছিলাম যখন মালিঙ্গা (হালকা ব্যথা নিয়ে) মাঠ থেকে বেরিয়ে গেল। গলের কন্ডিশন জানি বলেই আমি ক্যাপ্টেনকে বলেছিলাম, দ্রুত উইকেট তুলে নেওয়ার ছক কষতে। ম্যাচটা ড্র হলে সেটি হতো দুর্ভাগ্যের।’ওয়ানডে ক্রিকেটে ২০১১ বিশ্বকাপ পর্যন্ত দেখা যাবে তাঁকে। এর পর টুকটাক টি-টোয়েন্টিও খেলবেন। কিন্তু সাদা পোশাকে মুরালিকে দেখা যাবে না আর কখনোই! মুরালি অবশ্য অদ্ভুত এক দাবি করলেন, ‘আমি নিশ্চিত করে বলতে চাই, আমাকে আপনারা বেশি দিন মিস করবেন না। কারণ আমাদের আরও অনেক দুর্দান্ত প্রতিভাবান সব স্পিনার আছে। তারা দলকে ঠিকই এগিয়ে নিয়ে যাবে।’ ক্রিকইনফো, এএফপি।