মুরালিকে সময় দিচ্ছে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ফেরার জন্য বিমানে চড়ে বসেছেন, খবর রটেছিল এমনটাই। শেষ পর্যন্ত জানা গেল, আপাতত দলের সঙ্গেই থাকছেন মুত্তিয়া মুরালিধরন। দলের সেরা বোলারকে আবার পাওয়ার আশা এখনই ছাড়তে চান না কুমার সাঙ্গাকারা, দেখতে চান আরও কয়েকটা দিন।‘ওকে পাওয়ার আশা আমরা পুরোপুরি ছেড়ে দিইনি। ওকে আরও কয়েকটা দিন সময় দিতে চাই, দেখা যাক ও শতভাগ ফিট হতে পারে কি না’—গায়ানায় জিম্বাবুয়ের বিপক্ষে ডাকওয়ার্থ-লুইসে ১৪ রানে জয়ের পর বলেছেন শ্রীলঙ্কা অধিনায়ক সাঙ্গাকারা। মাহেলা জয়াবর্ধনের অসাধারণ সেঞ্চুরিতে ২০ ওভারে ১৭৩ রান করেছিল শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের ইনিংসের ১ ওভার হওয়ার পর নামে বৃষ্টি। আবার খেলা শুরু হওয়ার পর জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ১১ ওভারে ১০৪। কিন্তু ৫ ওভার শেষ হতেই দ্বিতীয় দফায় বৃষ্টি। ১ উইকেটে ২৯ রান করা জিম্বাবুয়ে ম্যাচ হারে ১৪ রানে। ইনজুরিটা মুরালিধরন বাঁধিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে। শ্রীলঙ্কার ফিজিও টিম সিমসেক জানিয়েছিলেন, সপ্তাহ দুই-তিন বিশ্রাম নিতে হবে মুরালিকে। অবশ্য মুরালিকে দ্বিতীয় রাউন্ডে না পেলেও মনোবল হারাচ্ছেন না সাঙ্গাকারা, ভরসা রাখছেন তরুণ অফ স্পিনার সুরজ রনদিভের ওপর, ‘গত ছয় মাস ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ভালো করেছে রনদিভ। বাংলাদেশ ও ভারতের নিষ্প্রাণ উইকেটে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ভালো বোলিং করেছে। ওর ব্যাটের হাতটাও খারাপ না, ফিল্ডিংও দারুণ আর সবচেয়ে বড় ব্যাপার খুব দ্রুত চারটা ওভার শেষ করতে পারে। মুরালির বিকল্প নেই, ওকে আমরা সব সময়ই পেতে চাই। তবে বদলি হিসেবে রনদিভ খারাপ নয়।’ ৯টি ওয়ানডে খেলে রনদিভ উইকেট নিয়েছেন ১০টি, আছে একটি ফিফটিও। জিম্বাবুয়ের বিপক্ষে গত পরশু টি-টোয়েন্টি অভিষেক হলেও অবশ্য ব্যাটিং-বোলিংয়ের সুযোগ হয়নি। ওয়েবসাইট।