মুরালিধরন স্টেডিয়ামে মুরালি!
এমন অনেক রেকর্ড করে রেখেছেন, যেগুলোর ছোঁয়া আর কেউ কখনো পাবে কি না সন্দেহ। জীবনে খ্যাতি-সম্মানও কম পাননি। এবার আরও একটি বিস্ময়কর রেকর্ড হয়ে যেতে পারে মুত্তিয়া মুরালিধরনের। পেতে যাচ্ছেন এমন এক সম্মান, যা শুধু ক্রিকেট নয়, কোনো খেলার ইতিহাসেই কখনো ঘটেছে বলে মনে হয় না। টেস্ট ছাড়লেও ক্রিকেট খেলাটা এখনো ছাড়েননি। কিন্তু এখনই একটি মাঠের নামকরণ করা হচ্ছে মুরালিধরনের নামে এবং নিজের নামে সেই মাঠে খেলতে পারেন মুরালিধরন নিজেই!২০১১ বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে মুরালির শহর ক্যান্ডির পালেকেলেতে বানানো হচ্ছে নতুন একটি ক্রিকেট স্টেডিয়াম। ২২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটির নাম মুরালির নামে করার প্রস্তাব দিয়েছে ‘দ্য সেন্ট্রাল প্রভিন্সিয়াল কাউন্সিল।’ শ্রীলঙ্কার দ্য মিরর পত্রিকা জানিয়েছে, প্রাদেশিক গভর্নর টিকিরি কোব্বেকাদুয়ার সম্মতি পাওয়া গেছে। দু-একদিনের মধ্যে প্রস্তাবটি পাঠানো হবে ক্রিকেট শ্রীলঙ্কার কাছে। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় নায়কের নামে স্টেডিয়ামের নাম রাখার প্রস্তাব পাস হওয়াটাকে স্রেফ সময়ের ব্যাপার বলেই ধরে নেওয়া হচ্ছে। বিশ্বকাপের তিনটি ম্যাচ হবে এই স্টেডিয়ামে, এর মধ্যে একটি ম্যাচ শ্রীলঙ্কার। ২২ জুলাই টেস্ট থেকে বিদায় নেওয়া মুরালি ওয়ানডেটা খেলতে চান বিশ্বকাপ পর্যন্ত। ‘মুরালিধরন স্টেডিয়ামে’ মুরালিধরনের খেলতে নামাটা তাই এখন খুবই বাস্তব সম্ভাবনা। স্পিন-জাদুকরের এই নতুন ইতিহাস দেখা যেতে পারে আগামী বছরের ১০ মার্চ। এএফপি।