পুরো ক্যারিয়ারে শ্রীলঙ্কার বোলিংয়ের ভার প্রায় এক হাতে বহন করে গেছেন মুত্তিয়া মুরালিধরন। কতটা, এর একটা পরিষ্কার ধারণা দিতে পারে পরিসংখ্যান। মুরালি খেলেছেন এমন টেস্টগুলোয় শ্রীলঙ্কার নেওয়া মোট উইকেটের শতকরা ৪০.২৪ ভাগই নিয়েছেন স্পিন-জাদুকর! বলার অপেক্ষা রাখে না, মুরালির আরও অসংখ্য রেকর্ডের মতো এটিও একটি বিশ্বরেকর্ড। গল টেস্ট মুরালির ১৩৩তম টেস্ট। রেকর্ডে তাঁর পরের দুজন টেস্ট খেলেছেন অনেক কম। মুরালির খুব কাছাকাছি আছেন সিডনি বার্নস। ইংল্যান্ডের হয়ে ২৭টি টেস্ট খেলে তাঁর ১৮৯ উইকেট ছিল দলের মোট উইকেটের শতকরা ৩৯.৭৯ ভাগ। ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টেই ৫০ উইকেট নিয়েছিলেন চার্লি টার্নার। ১৮৮৭ থেকে ১৯৯৫ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১৭টি টেস্ট খেলে ১০১টি উইকেট নিয়েছেন এই পেসার, দলের মোট উইকেটের ৩৭.১৭ শতাংশ। মুরালির মতোই ক্যারিয়ারজুড়ে দলের বোলিং একাই টেনেছেন স্যার রিচার্ড হ্যাডলি, একসময় টেস্টের সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি তাঁরই ছিল। ৮৬ টেস্ট খেলে ৪৩১ উইকেট নিয়েছেন ’৭০-৮০-এর দশকের বিখ্যাত চার অলরাউন্ডারের একজন, যা দলের মোট উইকেটের ৩৫.২৪ শতাংশ।