মুরালির পরীক্ষাভীতি!
এই জীবনে কম পরীক্ষার মুখোমুখি হননি তিনি। ক্রিকেটের সর্বকালের সফলতম ব্যাটসম্যানের যুগেই তো ক্রিকেট খেলতে হয়েছে—এর চেয়ে বড় পরীক্ষা আর কী হতে পারে! মুত্তিয়া মুরালিধরন নিজেও পরীক্ষা নিয়েছেন অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানের। সেই মুরালিই কিনা ক্যারিয়ার শেষ করে ‘পরীক্ষা’ শব্দটাকেই ভয় পাচ্ছেন! ঘটনাটা কী?ঘটনা হলো, ব্রিটেনের কর্মী ভিসার নিয়মকানুনে সম্প্রতি পরিবর্তন আনা হয়েছে। আর সেই নিয়মের পরিবর্তনের কারণে তাই আগামী জুনে গ্লস্টারশায়ারের হয়ে তাঁর খেলার পরিকল্পনাই ভেস্তে যেতে বসেছিল। ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারিকে যে কর্মী ভিসা পেতে হলে বাধ্যতামূলকভাবে ইংরেজি ভাষার ওপর তাঁর দক্ষতা আর কম্পিউটার জ্ঞান নিয়ে পরীক্ষা দিতে হতো।কিন্তু মুরালি বলছেন, তাঁর ভীষণ পরীক্ষাভীতি আছে, ‘আমার পর্যটক ভিসা আছে ২০১৩ সাল পর্যন্ত। কিন্তু সেখানে কাজ করতে হলে এখন আমাকে পরীক্ষা দিতে হবে।’ সেই পরীক্ষা দিতে হবে কম্পিউটারে। কিন্তু যতই তাঁর দুসরাটা পৃথিবীর তাবড় তাবড় ব্যাটসম্যানের কাছে দুর্বোধ্য ঠেকুক, কম্পিউটার যন্ত্রটা মুরালির কাছে যেন তার চেয়েও বেশি দুর্বোধ্য লাগে! ‘আমি আসলে কম্পিউটার চালাতেই জানি না’—৩৯ বছর বয়সীর সরল স্বীকারোক্তি। কম্পিউটার, নাকি পরীক্ষা, কোনটিকে বেশি ভয় পাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে মুরালি বলছেন, ‘দুটোকেই!’পরীক্ষাভীতির এই কারণটাও মুরালি ব্যাখ্যা করেছেন, ‘আমি সর্বশেষ পরীক্ষার হলে বসেছি সেই ১৯৮৮ সালে। মাধ্যমিক পরীক্ষায় সেবার ছয়টি বিষয়ে পাসও করেছিলাম। কিন্তু এরপর আমি স্কুল ছেড়ে দিই। কারণ আমি শুধু ক্রিকেটই খেলতে চেয়েছি।’মুরালির এই পরীক্ষাভীতির খবর প্রকাশিত হওয়ার পর ব্রিটিশ সরকার তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছে। ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তির জন্য শর্তটায় ছাড় দেওয়া হয়েছে। পরীক্ষা ছাড়াই ভিসা পাচ্ছেন মুরালি।কম্পিউটার চালাতে না জানলেও আধুনিক জীবনের অপরিহার্য অনুষঙ্গ হয়ে ওঠা এই যন্ত্রটির পেছনে কিন্তু বিশাল ব্যয় হয় তাঁর। প্রতিবছর মুরালি কম্পিউটারসহ অন্যান্য শিক্ষা উপকরণ কেনেন তাঁর দাতব্যকাজে ব্যবহার করার জন্য। মুরালির ফাউন্ডেশনের মাধ্যমে উপকৃত হচ্ছে প্রায় ২০ হাজার শিশু। যাদের পেছনে বছরে ১ লাখ ডলার ব্যয় হয় তাঁর। ‘আমার জীবনে ক্রিকেট থেকে অনেক পেয়েছি। এখন সময় এসেছে আমার তুলনায় সুবিধাবঞ্চিতদের জন্য কিছু করার’—বলেছেন টেস্টে ৮০০ ও ওয়ানডেতে ৫৩৪ উইকেটের মালিক। এএফপি, ওয়েবসাইট।