মুরালির পিছু ছাড়েননি হেয়ার
বিশ্বকাপ উত্তেজনার মধ্যে বড় এক বোমা ছুড়লেন ড্যারেল হেয়ার। অস্ট্রেলিয়ার সাবেক এই আম্পায়ার আবারও অভিযোগের আঙুল তুলেছেন মুরালিধরনের দিকে। বলেছেন এই বিশ্বকাপেও বল ‘চাক’ করে চলেছেন মুরালিধরন! নিজে তো অভিযোগ করেছেনই, হেয়ার বলছেন বিশ্বকাপের অনেক আম্পায়ারও মনে করেন মুরালি চাক করছেন। কিন্তু ম্যাচে সেটি ধরা হচ্ছে না।হেয়ার আরও যোগ করেছেন, ‘এখনকার কয়েকজন আম্পায়ার আমাকে বলেছেন, মুরালির বলে কিছু একটা সমস্যা আছে। কিন্তু তাঁরা এটা এড়িয়েই যাচ্ছেন’—অস্ট্রেলিয়ার হেরাল্ড সান পত্রিকায় এভাবেই উদ্ধৃত করা হয়েছে হেয়ারকে।হেয়ারের এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে আইসিসি। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত কাল বলেছেন, ‘আম্পায়ার প্যানেলের প্রতি আমার পূর্ণ আত্মবিশ্বাস আছে।’একদিকে যেমন মুরালির খুঁত ধরছেন, অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে মুরালির কিছু বল দেখে অন্য সুরেও কথা বলেছেন হেয়ার, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আমি তার কিছু ডেলিভারি দেখেছি। শেষ দিকে কয়েকটা ওভারে সত্যিই সে কিছুটা টার্ন পাচ্ছিল। এগুলোকে পরীক্ষা-নিরীক্ষার করার কিছু নেই।’মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে ড্যারেল হেয়ারের শত্রুতা দীর্ঘদিনের। নো বল ডেকে সেই ১৯৯৫ সালে শত্রুতার শুরুটা করেছিলেন হেয়ার। পরে ‘অন্যায় অভিযোগ’ তুলে অনেকবারই মুরালিকে হেনস্তা করেছেন ভদ্রলোক। পরীক্ষা-নিরীক্ষা করে আইসিসি বৈধতা দিলেও হেয়ার তাঁর অভিযোগ থেকে সরে আসেননি কখনো।২০০৮ সালে হেয়ার আইসিসির আম্পায়ার প্যানেল থেকে অবসর নেওয়ার পর মনে হচ্ছিল হেয়ার-মুরালি শত্রুতার বুঝি শেষ। কিন্তু না, বিদায়বেলাতেও মুরালিকে স্বস্তিতে থাকবে দিচ্ছেন না বিতর্কিত হেয়ার। টেস্ট আগেই ছেড়ে দিয়েছেন। আগেই ঘোষণা দিয়েছেন, এই বিশ্বকাপই তাঁর শেষ। সেই বিদায়ী টুর্নামেন্ট খেলতে নেমেও হেয়ার-যন্ত্রণা থেকে মুক্তি পেলেন না মুরালি!