মুরালির প্রেরণা ’৯৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০, ৯৯, ৯৮...ক্ষণ গোনার প্রহর কমতে কমতে এক সপ্তাহে নেমে এসেছে। ক্রিকেট-বিশ্বই বিশ্বকাপের চূড়ান্ত লড়াই শুরুর দিনটির দিকে তাকিয়ে আছে। এমন সময়ে এসে কিনা মুত্তিয়া মুরালিধরন, কুমার সাঙ্গাকারা হলেন অতীতচারী! স্মৃতির চাকা ঘুরিয়ে তাঁরা চলে গেলেন ১৫ বছর পেছনে। শ্রীলঙ্কা শিবিরে চলছে ১৯৯৬ বিশ্বকাপের রোমন্থন।শ্রীলঙ্কার অবশ্য ১৯৯৬ বিশ্বকাপেই ডুব দেওয়ার কথা। ১৫ বছর আগে উপমহাদেশে জেতা বিশ্বকাপ থেকেই তো অনুপ্রেরণা খুঁজবে সাঙ্গাকারার দল। সেই জয়ী দলের একমাত্র সদস্য মুত্তিয়া মুরালিধরন উপমহাদেশে আরেকটা বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে বললেন, ‘১৯৯৬ সালে বিশ্বকাপ জেতার সেই দিনটি আমাদের কাছে ছিল সবচেয়ে আনন্দের। ওই দিনটির জন্যই আমাদের ক্রিকেট এত দূর আসতে পেরেছে।’অনুপ্রেরণা খুঁজতে পেছনে গেলেও ’৯৬ দলের সঙ্গে এই দলের তুলনা করতে চান না মুরালিধরন, ‘এই দলটা ভিন্ন...আপনি কখনোই এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মের তুলনা করতে পারেন না। ২০০৩ সালে আমরা সেমিফাইনালে উঠেছি। ২০০৭ সালে ফাইনালে। ভালো দল ছিল আমাদের। কিন্তু কাপ জিততে পারিনি। তবে আমাদের এ দলটার কাপ জয়ের সম্ভাবনা আছে।’৫৩ উইকেট নিয়ে গ্লেন ম্যাকগ্রা (৭১) ও ওয়াসিম আকরামের (৫৪) পর মুরালিধরন বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তাঁকে সংগত করার জন্য আছেন অজন্তা মেন্ডিস ও রঙ্গনা হেরাথের মতো স্পিনার। অনেক দিন ধরেই ভালো বোলিং করা লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, দিলহারা ফার্নান্ডোরা আছেন পেস আক্রমণের দায়িত্বে। শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপটাও বিশ্বমানের—মাহেলা জয়াবর্ধনে, সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশান, থিলান সামারাবীরা...। এ দলটিকে নিয়ে পঞ্চম বিশ্বকাপ খেলতে যাওয়া মুরালিধরন বিশ্বকাপ জয়ের আশা করতেই পারেন।শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারার চোখে স্বপ্নের রংটা একটু বেশি বিশ্বকাপটা নিজেদের আঙিনায় বলে। ‘খেলা যেখানেই হোক, প্রতিটি বিশ্বকাপেই কাপ জয়ের সুযোগ থাকে। এই বিশ্বকাপটা আমাদের আঙিনায় হচ্ছে। তাই অন্য দলগুলোর চেয়ে আমাদের সম্ভাবনাটা একটু বেশিই’—বলেছেন সাঙ্গাকারা।সম্ভাবনা বেশি বলে এবার বাড়তি চাপও নিশ্চয়ই সঙ্গী হবে গতবারের রানার্সআপের? মুরালি স্বীকার করে নিয়েছেন, ‘১৯৯৬ সালে আসলে আমাদের জন্য ছিল অবিস্মরণীয় মুহূর্ত। ওই বিশ্বকাপ বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা করেছিল শ্রীলঙ্কাকে। সবগুলো দল আমাদের সমীহের চোখে দেখত। কিন্তু এখন এই দলের সবাই আরও বেশি পেশাদার। স্বাভাবিকভাবেই প্রত্যাশাও এখন থাকবে বেশি।’ এএফপি।