মুরালির বিষে নীল নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাকে নিয়েই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের যত ভয়, সেই মুরালিধরন যেন নিজের রূপটাই খুঁজে পাচ্ছিলেন না। মুরালি সেই ভয়ংকর রূপটা খুঁজে পেলেন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে। তাতে কপাল পুড়ল নিউজিল্যান্ডের। মুম্বাইয়ে মুরালির বিষাক্ত ছোবলে নীল হতে হলো কিউইদের।শ্রীলঙ্কার ১১২ রানের জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন কুমার সাঙ্গাকারা। অধিনায়কের সেঞ্চুরির ওপর ভর করে ৯ উইকেটে ২৬৫ রান তুলে শ্রীলঙ্কা। এরপর বল হাতে ভয়ংকর রূপে দেখা দেন মুরালি। এতে ৩৫ ওভারে মাত্র ১৫৩ রান তুলতেই নিউজিল্যান্ডের ইনিংস শেষ!কিউই ব্যাটসম্যানদের হতাশায় ডুবিয়ে চারটি উইকেট তুলে নেন মুরালি। অজন্তা মেন্ডিস নেন দুটি উইকেট। রস টেলরের ৩৩ রানের কথা বাদ দিলে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের উল্লেখযোগ্য কোনো সফলতা নেই। দিবা-রাত্রির এই ম্যাচের শুরুটা অবশ্য হতাশার ছিল শ্রীলঙ্কার। দলীয় মাত্র ১৯ রানে দুটি উইকেটের পতন। তবে মাহেলা জয়াবর্ধনেকে সঙ্গে নিয়ে এরপর বাধা হয়ে দাঁড়ান অধিনায়ক কুমার সাঙ্গাকারা। এ দুজন গড়ে তোলেন ১৪৫ রানের জুটি। ব্যক্তিগত ৬৬ রানে সাউদির শিকারে পরিণত হন জয়াবর্ধনে। সাজঘরে ফেরার আগে সাঙ্গাকারা করেন ১১১ রান।জয়াবর্ধনে-সাঙ্গাকারার বিদায়ের পর শ্রীলঙ্কার রানের চাকা সচল রাখেন অ্যাঞ্জেলো ম্যাথুস। বাকি ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। এক প্রান্ত আগলে রেখে ৪১ রানে অপরাজিত থাকেন ম্যাথুস। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি তিনটি ও নাথান ম্যাককালাম দুটি উইকেট শিকার করেন।