মুরালির লক্ষ্য ৮০০ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারজুড়ে কেবল রেকর্ড ভাঙা-গড়ার খেলা। কখনো অন্যের রেকর্ড ভেঙেছেন, কখনো নিজের রেকর্ড ভেঙে নতুন করে গড়েছেন। আর একটি টেস্টের পরই শেষ হতে চলেছে টেস্ট ক্রিকেটে মুরালিধরনের ভাঙা-গড়ার খেলা। তবে তার আগে ৮০০ উইকেট নিজের সংগ্রহে রেখে অনন্য রেকর্ড সৃষ্টি করতে চান শ্রীলঙ্কার এই বিধ্বংসী স্পিনার। আর এ লক্ষ্যে পৌঁছতে হলে ঘরের মাঠে চলতি মাসে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্টটিতে আটটি উইকেট শিকার করতে হবে মুরালিকে।টেস্ট ক্রিকেটের দ্বারপ্রান্তে এসে বিবিসিকে মুরালিধরন বলছেন, ‘আমি সব সময় ভেবেছি, ৮০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারব। হাতে একটি টেস্ট রয়েছে বলে তা স্পর্শ করার সম্ভাবনাও রয়েছে। আর তা সম্ভব হলে শেষটা চমত্কার হবে।’টেস্টে মুরালির অভিষেক ১৯৯২ সালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সে ম্যাচে সেভাবে মেলে ধরতে পারেননি। দুই ইনিংস মিলিয়ে মাত্র তিনটি উইকেট শিকার করতে পেরেছিলেন। কিন্তু যতই দিন গড়িয়েছে, ততই নিজেকে শাণিত করে ব্যাটসম্যানদের দুঃস্বপ্নে পরিণত হয়েছেন মুরালি। ২০০৭ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির মর্যাদা পেয়েছেন তিনি। এরপর শুধু নিজের রেকর্ডটা এগিয়ে নিয়েছেন। এ পর্যন্ত ১৩২ টেস্টে শিকার করেছেন ৭৯২ উইকেট। আর আটটি উইকেট পেলেই ৮০০ উইকেটের অনন্য রেকর্ড গড়বেন মুরালি।