মুরালির সহায়তা চায় নিউজিল্যান্ড
আসন্ন শ্রীলঙ্কা সফরে কিউই ক্রিকেটারদের পরামর্শ দেওয়ার জন্য টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারি মুত্তিয়া মুরালিধরনের সহায়তা চাইবে নিউজিল্যান্ড। কিউই হেড কোচ মাইক হেসন এ খবর জানিয়েছেন।‘মুরালি কলম্বোতে বাস করেন। তাঁর সঙ্গে আমাদের যোগাযোগও রয়েছে। এখনো চূড়ান্ত কিছু বলতে পারছি না, তবে তাঁকে বিশেষজ্ঞ কোচ হিসেবে নেওয়ার কথা ভাবছি আমরা।’ আজ বুধবার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে বলেছেন হেসন।সম্প্রতি বোলিং কোচ হিসেবে দলে যোগ দিয়েছেন সাবেক তারকা ফাস্ট বোলার শেন বন্ড। এর পরও মুরালির প্রতি আগ্রহের কারণ ব্যাখ্যা করে হেসন বলেন, ‘প্রায় অর্ধেক ক্রিকেট আমরা উপমহাদেশে খেলে থাকি। এখানকার উইকেট স্পিন-সহায়ক। এমনকি ওয়েস্ট ইন্ডিজের উইকেটেও অনেকটা উপমহাদেশের মতোই। এই সিরিজে আমাদের শতকরা ৭০ থেকে ৮০ ভাগ স্পিন বলের মুখোমুখি হতে হবে। কত দ্রুত আমরা পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পারি, তার ওপরই সফলতা নির্ভর করছে।’নিউজিল্যান্ডের স্থানীয় গণমাধ্যমের খবর, পেস আক্রমণের ক্ষেত্রে বোলিং কোচ শেন বন্ডকে সহায়তা করবেন শ্রীলঙ্কার সাবেক ফাস্ট বোলার চামিন্ডা ভাস। ৩০ অক্টোবর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সফর শুরু হবে কিউইদের। এরপর পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচে অংশ নেবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। রয়টার্স।