মুরালির সাহায্য চায় নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লঙ্কা জয় করতে চায় নিউজিল্যান্ড। দরকার একজন বিভীষণের, যে কিনা শত্রুপক্ষের দিকেই বাড়িয়ে দেবে সাহায্যের হাত। সম্ভাব্য একজনকে বিভীষণ হিসেবে ঠিক করে রেখেছে কিউইরা। এখন সে রাজি হলেই হয়। সম্ভাব্য এই বিভীষণের নাম মুত্তিয়া মুরালিধরন। স্পিন জাদুকরের কাছেই সাহায্য চাইবে নিউজিল্যান্ড। নিজেদের স্পিন আক্রমণটা শাণিত করতে এবং লঙ্কান স্পিনারদের খেলার কৌশল জানতেই মুরালির শরণাপন্ন দুই টেস্ট, পাঁচ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কায় আসা নিউজিল্যান্ড।কলম্বোর উদ্দেশে দেশ ছাড়ার আগে পরশু ক্রাইস্টচার্চ বিমানবন্দরে নিউজিল্যান্ডের প্রধান কোচ মাইক হেসনই বললেন মুরালির কথা, ‘মুরালিধরন কলম্বোতে থাকেন এবং তাঁর সঙ্গে আমাদের যোগাযোগও হয়েছে। যদিও কোনো কিছুই চূড়ান্ত হয়নি, তবে আমরা আরেকজন বিশেষজ্ঞ কোচ খুঁজছি, যে কিনা শেনকে (বন্ড) সাহায্য করবে।’মাত্র গত সপ্তাহেই শেন বন্ডকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ড। তবে সাবেক এই ফাস্ট বোলার স্পিনারদের কতটা সাহায্য করতে পারবেন, সংশয় আছেই। মুরালির সাহায্য চাওয়ার আরেকটি কারণ জানালেন হেসন, ‘আমরা অর্ধেক ক্রিকেটই খেলি উপমহাদেশে। আর এখন ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনও উপমহাদেশের মতো। স্পিনের মুখোমুখি হলেই আমাদের জারিজুরি ফাঁস হয়ে যায়। আর এই সিরিজে তো ৭০-৮০ শতাংশ ওভারই হবে স্পিনময়।’চামিন্ডা ভাসের সাহায্যও চাইছে নিউজিল্যান্ড। দলে যে তিন বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট, নিল ওয়াগনার ও জেমস ফ্র্যাঙ্কলিন।এ মাসের ৩০ তারিখে পাল্লেকেলেতে একমাত্র টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে সিরিজ। রয়টার্স।