মুলতান কান্নার ১০ বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিশ্চিত জয় হাত থেকে কেড়ে নিচ্ছেন ইনজামাম। একরাশ বেদনায় তা দেখছেন বাংলাদেশের তৎকালীণ অধিনায়ক খালেদ মাহমুদ। ছবি: ফাইল ছবি
নিশ্চিত জয় হাত থেকে কেড়ে নিচ্ছেন ইনজামাম। একরাশ বেদনায় তা দেখছেন বাংলাদেশের তৎকালীণ অধিনায়ক খালেদ মাহমুদ। ছবি: ফাইল ছবি

কথায় আছে, সময় নাকি দুঃখ উপশম করে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের দুঃখগাথা চাপা পড়ে যায়। মানুষ নাকি ভুলে যায় অতীতে ঘটে যাওয়া ভয়ংকর দুঃখের কোনো স্মৃতি। কিন্তু সব সময় কি তা হয়? ক্যালেন্ডারের পাতায় দুঃসহ স্মৃতির ওই দিনটি ঘুরেফিরে এলে কি তা মানুষকে নাড়া দিয়ে যায় না? অবশ্যই যায়। ক্যালেন্ডারের পাতায় কিছু তারিখ, কিছু মুহূর্ত আছে, যা মানুষকে নাড়া দিয়ে যায় ভয়ংকরভাবেই। তীব্র আক্ষেপে তখন মন-প্রাণ হয় বিষণ্ন্ন। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী তথা ক্রীড়াপ্রেমী মানুষের জন্য ৬ সেপ্টেম্বর তারিখটিও তেমনই একটা দিন। আজ থেকে ১০ বছর আগে ঠিক এই দিনেই এ দেশের ক্রীড়াপ্রেমী মানুষ বিষণ্ন হয়েছিল না-পাওয়ার অবর্ণনীয় এক বেদনায়। আশাভঙ্গের দুঃখ সেদিন গ্রাস করেছিল এ দেশের সচেতন প্রতিটি মানুষকে।
২০০৩ সালের ৬ সেপ্টেম্বর ছিল শনিবার। ১০ বছর আগের ওই রৌদ্রকরোজ্জ্বল দিনটি শুরু হয়েছিল বিশাল এক উত্সবের অপেক্ষায়। কিন্তু দিনের অর্ধেক সময় পেরোতে না পেরোতেই সেই উত্সবের অপেক্ষা পরিণত হয়েছিল আশাভঙ্গের নিদারুণ এক যন্ত্রণায়। দেশের ক্রিকেট সেদিন নীল হয়েছিল তীরে এসে তরি ডোবার বেদনায়। পাকিস্তানের বিপক্ষে মুলতানের মাটিতে ১০ বছর আগের এই দিনেই প্রথম টেস্ট জয়ের উন্মাতাল আনন্দ থেকে বঞ্চিত হয়েছিল বাংলাদেশ। বঞ্চিত হয়েছিল চরম দুর্ভাগ্যের শিকার হয়ে; ইনজামাম-উল হক নামের এক অসাধারণ ব্যাটসম্যান সেদিন নিজের ব্যাটিংশৈলীর অনুপম প্রদর্শনী ঘটিয়ে বাংলাদেশের হাত থেকে কেড়ে নিয়েছিলেন নিশ্চিত এক জয়। টেস্ট মর্যাদা পাওয়ার আড়াই বছরের মাথায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের সমূহসম্ভাবনায় উত্সব-প্রস্তুতি সেদিন বাংলাদেশের জন্য বিষণ্ন কান্নায় পরিণত হয়েছিল বিধাতার অদ্ভুত এক খেয়ালে। মুলতানে পাকিস্তানের বিপক্ষে এক উইকেটের ব্যবধানে ওই পরাজয় তাই পরিণত হয়েছে বাংলাদেশের ক্রিকেটের চিরকালীন দুঃখে।

ইনজামাম একাই সেদিন জয়-বঞ্চিত করেছিলেন বাংলাদেশকে
ইনজামাম একাই সেদিন জয়-বঞ্চিত করেছিলেন বাংলাদেশকে

অনেকেই বলেন, ১০ বছর আগে মুলতানের ওই টেস্টটি জিতে গেলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাস অন্যভাবেই লেখা হতো। আমাদের ক্রিকেট ওই জয়টিকে কেন্দ্র করে এগিয়ে যেতে পারত আরও অনেক দূর। একেবারে নিশ্চিত এক জয় সেদিন বাংলাদেশের হাত থেকে বেরিয়ে যাওয়া সদ্যভূমিষ্ঠ এক শিশুর জন্য কেবল বড় আঘাত হয়েই আসেনি, বাংলাদেশের ক্রিকেটকেও পিছিয়ে দিয়েছিল বেশ কিছুটা পথ। মুলতানের এই পরাজয়ের দেড় বছরের মাথায় ২০০৫ সালের জানুয়ারি মাসে জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশের ক্রিকেট পেয়েছিল প্রথম টেস্ট জয়ের স্বাদ। কিন্তু মুলতানের ওই পরাজয় এ দেশের ক্রিকেটের শরীরে যে চিরস্থায়ী ক্ষতচিহ্ন এঁকে দিয়েছিল, সে ক্ষতচিহ্নের ব্যথা হয়তো এ দেশের ক্রিকেটকে বয়ে বেড়াতে হবে আরও বহুকাল।
মুলতান টেস্ট ছিল ওই বছর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ টেস্ট। টেস্ট মর্যাদা পাওয়ার পর ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষেই বাংলাদেশ প্রথম ও শেষবারের মতো তিন টেস্টের সিরিজ খেলার সুযোগ পেয়েছিল। করাচি ও পেশোয়ারের প্রথম দুই টেস্টে বাংলাদেশ পরাজিত হলেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে জয় করেছিল ক্রিকেট-বিশ্বের হূদয়। অথচ পাকিস্তানের বিপক্ষে ওই সিরিজের আগেই ক্রিকেট-বিশ্বে চলছিল বাংলাদেশের টেস্ট মর্যাদা নিয়ে তীব্র বিতর্ক। টেস্টে একের পর এক অসহায় আত্মসমর্পণ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকেও ফেলে দিয়েছিল বিব্রতকর অবস্থানে। তারাও গুরুত্ব দিয়ে ভাবছিল, বাংলাদেশকে টেস্ট মর্যাদায় অধিষ্ঠিত করার সিদ্ধান্তটি আদৌ সঠিক ছিল কি না।
এমন একটা পরিস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়েই এসেছিল। চিরাচরিত পারফরম্যান্স থেকে বেরিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা যেন এই সিরিজে নিজেদেরও উতরে গিয়েছিলেন। প্রথম দুই টেস্টে রাজিন সালেহ, জাভেদ ওমর, হাবিবুল বাশার, মোহাম্মদ রফিক, তাপস বৈশ্য, অলক কাপালি, মাশরাফি বিন মুর্তজা, খালেদ মাহমুদ, খালেদ মাসুদরা নিজেদের প্রমাণ করেছিলেন। করাচি টেস্টে সমানে-সমান লড়েও পাকিস্তানের অভিজ্ঞতার কাছে হার মানতে হয়েছিল বাংলাদেশকে। পেশোয়ারে তো গোটা তিনটি দিন পাকিস্তানের বুকের ওপর বসে আধিপত্য গড়ে তুলেছিল বাংলাদেশ। শেষে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’খ্যাত শোয়েব আখতারের একটা দুর্দমনীয় স্পেলে গুঁড়িয়ে যায় বাংলাদেশের সব প্রতিরোধ, সব আধিপত্য। মুলতান টেস্টেও সেই পারফরম্যান্স ধরে রেখে বাংলাদেশ চলে গিয়েছিল অসাধারণ এক জয়ের দ্বারপ্রান্তে। কিন্তু ভাগ্যদেবীর নির্মম খেয়ালে মুলতান পরিণত হয় বাংলাদেশের দুঃখগাথায়।

পাকিস্তানি ব্যাটসম্যানদের আউট করার পর বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস। ছবি: ফাইল ছবি
পাকিস্তানি ব্যাটসম্যানদের আউট করার পর বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস। ছবি: ফাইল ছবি

টসে জিতে মুলতান টেস্টে প্রথমে ব্যাট করেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে দলগত পারফরম্যান্সের মিশেলে বাংলাদেশ স্কোরবোর্ডে তোলে ২৮১ রান। হাবিবুল বাশারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭২ রান। জাভেদ ওমর করেছিলেন ৩৮, আর রাজিন সালেহ ৪৯ রান করে রান আউট হয়েছিলেন। এই তিনটি মাঝারি ইনিংসের বাইরে আরও বেশ কটি ছোট ইনিংসে বাংলাদেশ মোটামুটি লড়াকু একটা স্কোর দাঁড় করায়। খেলা জমে যায় পাকিস্তানের প্রথম ইনিংসেই। বাংলাদেশের ২৮১ রান সহজেই টপকে যাওয়ার লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মোহাম্মদ রফিকের অসাধারণ বোলিংয়ে পাকিস্তান অল আউট হয়ে যায় ১৭৫ রানে। রফিকের ৫ উইকেটের পাশাপাশি অধিনায়ক খালেদ মাহমুদ ৩৭ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে এনে দিয়েছিলেন শতাধিক রানের লিড।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থ হয়েছিল। মাত্র ১৫৪ রানেই শেষ হয়েছিল বাংলাদেশের ইনিংস। তবে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ছিল শ্রীলঙ্কান আম্পায়ার অশোকা ডি সিলভার বাজে আম্পায়ারিংয়ে কলঙ্কিত। তিনি অলক কাপালিকে ব্যক্তিগত ২২ রানে কট বিহাইন্ড ঘোষণা করেছিলেন। অথচ পাকিস্তানের পক্ষে অভিষিক্ত পেসার ইয়াসির আলীর বল কাপালির ব্যাট ছুঁয়ে পড়েছিল উইকেটরক্ষক রশিদ লতিফের সামনে। লতিফ প্রতারণা করে বলের ওপর রোল করে বলটি মাটি থেকে তুলে আউটের আপিল করেছিলেন। লতিফের এই প্রতারণা সেদিন টেলিভিশনের মাধ্যমে একরাশ লজ্জা নিয়ে অবলোকন করেছিল লক্ষ-কোটি মানুষ। লতিফের প্রতারণায় বিভ্রান্ত অশোকা আউট ঘোষণা করেন কাপালিকে। টেস্ট মর্যাদা পাওয়ার পর বাংলাদেশ যতবার আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারদের বাজে সিদ্ধান্তের শিকার হয়েছে, অশোকা ডি সিলভার ঘটনাটি ছিল সবচেয়ে নিকৃষ্ট। আরও বাজে ব্যাপার ছিল, লতিফের প্রতারণামূলক আচরণটি বারবার টেলিভিশন রিপ্লেতে দেখানো হলেও তাঁর বিপক্ষে কোনো অখেলোয়াড়সুলভ আচরণের কোনো অভিযোগ আনেননি ওই ম্যাচের ম্যাচ রেফারি।

অলক কাপালির বিরুদ্ধে অশোকার ওই সিদ্ধান্তটি শেষ পর্যন্ত মুলতান টেস্টের জয়-পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছিল। দারুণ ব্যাট করতে থাকা কাপালি ওই সময় ২২ রানে আউট না হলে হয়তো বাংলাদেশের সংগ্রহ আরও বাড়তে পারত। পাকিস্তানের সামনেও বাংলাদেশ ছুড়ে দিতে পারত আরও বড় লক্ষ্যমাত্রা।

অলক কাপালির আউট নিয়ে পাকিস্তানের অধিনায়ক ও উইকেটরক্ষক রশিদ লতিফ আর ম্যাচের আম্পায়ার অশোকা ডি সিলভা বিরাট নাটক করলেও আসল নাটক শুরু হয় পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে। জয়ের জন্য ২৬০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরু থেকেই পড়ে যায় বিপর্যয়ের মধ্যে। তবে পাকিস্তানের শুরুটা ছিল চমত্কার। সালমান বাট ও মোহাম্মদ হাফিজের মধ্যে ৪৫ রানের উদ্বোধনী জুটি গড়ে ওঠার পর প্রথম আঘাত হানেন বাংলাদেশের বাঁহাতি পেসার মঞ্জুরুল ইসলাম। মঞ্জুর বলে ব্যক্তিগত ৩৭ রানে অতিরিক্ত ফিল্ডার মাশরাফি বিন মুর্তজার হাতে ধরা পড়েন বাট। মোহাম্মদ হাফিজও ১৮ রান করে ওই মঞ্জুরুলের বলেই মাশরাফির হাতে ধরা পড়েন। ইয়াসির হামিদ ফেরেন খালেদ মাহমুদের বলে।

ঠিক এই সময় ব্যাট করতে মাঠে নামেন ইনজামাম-উল হক। ইনজামাম তখন একেবারেই ফর্মের বাইরে। পুরো সিরিজেই তাঁর ব্যাট বাংলাদেশের জন্য কোনোমতেই হুমকি হয়ে দেখা দেয়নি। তিনি উইকেটে এসে শুরু করলেন ইনিংস মেরামত। ৭৮ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর ২৬০ কে তখন অনেক দূরের বিষয় মনে হচ্ছে পাকিস্তানের। আর মুলতানসহ গোটা বাংলাদেশ তখন এক অনন্য অঘটনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায়। বাংলাদেশের মানুষের প্রত্যাশার পারদ আরও ওপরে তুলে শূন্য রানে ফিরে যান ইউনুস খান। পাকিস্তানের সংগ্রহ তখন ৮১। ইনজামামের সঙ্গে ভুল-বোঝাবুঝিতে ইউনুস পড়েন রান আউটের খড়্গে। দলীয় ৯৯ রানে ফারহান আদিলকে ফিরিয়ে দেন মোহাম্মদ রফিক, হাবিবুল বাশারের ক্যাচে। ব্যাট করতে নামেন অধিনায়ক রশিদ লতিফ। কিন্তু বাংলাদেশের অধিনায়ক খালেদ মাহমুদের বলে রশিদ লতিফ এলবির ফাঁদে পড়েন ব্যক্তিগত ৫ রানে। ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে পাকিস্তান তখন ভয়াবহ গাড্ডায়। অতি আশ্চর্যকর কিছু না ঘটলে মুলতান টেস্ট তখন বাংলাদেশের হাতের মুঠোয়। পাকিস্তানের পরাজয়ের শঙ্কা, আর বাংলাদেশের উত্সবের অপেক্ষা নিয়ে শেষ হয় টেস্টের তৃতীয় দিন।

অতিরিক্ত খেলোয়াড় হলেও মুলতান টেস্টে অসাধারণ তিনটি ক্যাচ লুফেছিলেন মাশরাফি বিন মুর্তজা। ছবি: ফাইল ছবি
অতিরিক্ত খেলোয়াড় হলেও মুলতান টেস্টে অসাধারণ তিনটি ক্যাচ লুফেছিলেন মাশরাফি বিন মুর্তজা। ছবি: ফাইল ছবি

জয়ের জন্য প্রয়োজন ১২৮ রান, হাতে ৪ উইকেট। একই সঙ্গে আছে গোটা দুটি দিন। এমন একটা সমীকরণ মাথায় রেখে চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। উইকেটে তখন স্বীকৃত ব্যাটসম্যান বলতে ওই ইনজামামই। কিন্তু ইনজামাম ধীরলয়ে শুরু করলেন খোলস পাল্টানো। অসাধারণ সব শটে পাল্টা লড়াইটা চালিয়ে গেলেন। সাকলাইন. সাব্বির আহমেদ, ইয়াসির আলী ও উমর গুলের মতো টেইল-এন্ডারদের আড়াল করে নিজের অভিজ্ঞতার সর্বোচ্চটা দিয়ে তখন বাংলাদেশের বোলারদের বিপক্ষে লড়ছেন ইনজামাম। বাংলাদেশের বোলারদের লক্ষ্য তখন বাকি চার ব্যাটসম্যান। চতুর্থ দিনের শুরুতেই ব্যক্তিগত ১১ রানে আউট হয়ে গেলেন সাকলাইন মুশতাক। খালেদ মাহমুদের বলে উইকেটরক্ষক খালেদ মাসুদের হাতে ধরা পড়েন তিনি। উইকেটে এসে সাব্বির আহমেদ কিছুক্ষণ সঙ্গ দেন ইনজামামকে। তিনিও যথাসাধ্য চেষ্টা করে ব্যক্তিগত ১৩ রানে ফিরে যান। এবার উমর গুল কম্পমান হস্তে এসে হাল ধরেন পাকিস্তানের স্বপ্নের। এদিকে, টেলিভিশনের সামনে গোটা বাংলাদেশ তখন অধীর অপেক্ষায়। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তখন অনেকেই শুরু করে দিয়েছে উত্সবের প্রস্তুতি। মুলতানের মাঠেও তখন বাংলাদেশের জয় ভিন্ন অন্যকিছু ভাবার মতো লোকের সংখ্যা খুব বেশি নেই।

কিন্তু ক্রিজে ইনজামাম তখন ভাবছেন অন্যকিছু। ভাবছেন জীবনের সেরা ইনিংসটি খেলার। টেইল-এন্ডারদের লক্ষ্য বানালেও ইনজামাম তখন অতিক্রম করে ফেলেছেন পঞ্চাশ। সাব্বির যখন আউট হন, জয় থেকে পাকিস্তান তখনো ৫৫ রান দূরে।

ঠিক এমন একটি সময়ে মুলতানে মঞ্চস্থ হয় আরও এক নাটক। বল হাতে ওই মুহূর্তে তখন মোহাম্মদ রফিক। একটি দ্রুত রান নিতে গিয়ে ক্রিজ ছেড়ে অনেক দূর বেরিয়ে গিয়েছিলেন উমর গুল। রফিক বল করা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়লেন। গুল তখন ক্রিজ ছেড়ে অনেক দূরে। রফিক গুলকে সাবধান করলেন। ফিরে আসতে বললেন ক্রিজে। হাতের মুঠোয় আরও একটি উইকেট পতনের সুযোগ পেয়েও রফিক তা কাজে লাগালেন না কেবল খেলোয়াড়ি উদারতার পরিচয় দিয়ে। নতুন জীবন পেয়ে উমর গুল প্রতিজ্ঞা করলেন ইনজামামকে শেষ পর্যন্ত সহায়তা দিয়ে যাওয়ার। তিনি খেললেন ৯৯টি বল। মাত্র ৫ রান করলেও গুলের ওই ইনিংসটি ঠিক ওই মুহূর্তে দারুণ গুরুত্বপূর্ণ বিবেচিত হয়েছিল। সেই গুল যখন রান আউট হন, তখন পাকিস্তান জয় থেকে মাত্র ৩ রান দূরে।

শেষ পর্যন্ত ইনজামাম পুল করে বল বাউন্ডারির বাইরে আছড়ে ফেলে বাংলাদেশের হত থেকে কেড়ে নেন জয়। স্থিতধী ইনজামাম তাঁর জীবনের সেরা ইনিংসটি খেলে যখন ভাবলেশহীন মুখে প্যাভিলিয়নে ফিরছেন, তখন পাকিস্তানি সমর্থকেরা আনন্দের আতিশয্যে উদ্বেল। গ্যালারি থেকে তখন ইনজামামের প্রতি বর্ষিত হচ্ছে ফুলেল শুভেচ্ছা। নিশ্চিত জয় হাতছাড়া করে বাংলাদেশ দল তখন হতবিহ্বল। অশ্রুসিক্ত। টেলিভিশনের সামনে গোটা বাংলাদেশ তখন স্তব্ধ, বিষণ্ন। ফুঁপিয়ে কাঁদছে তখন গোটা বাংলাদেশ। ২০০৩ সালের ৬ সেপ্টেম্বরের মতো অমন বিষণ্ন দুপুর খুব বেশি দেখেনি বাংলাদেশের মানুষ।