মুলার-ওজিলে ভয় পেলের
ঘরের মাঠে বিশ্বকাপ। দারুণ ছন্দে ব্রাজিল। সঙ্গে পুরো দেশবাসীর সমর্থন। এত কিছুর পরও জার্মানিকে ভয় পাচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। ব্রাজিলের তিনবারের বিশ্বকাপজয়ী দলের সদস্য বলছেন, ‘জার্মানির প্রতিটি খেলোয়াড়কেই আমি ভয় পাই। বিশেষ করে টমাস মুলার এবং মেসুত ওজিলকে।’
পেলের ভয়, দেশের মাটিতে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের পথে বাধার দুর্ভেদ্য দেয়াল না গড়ে তোলে জোয়াকিম লোর শিষ্যরাই, ‘ব্রাজিল এবারের বিশ্বকাপে ফেবারিট। আমরা ঘরের মাঠে খেলছি৷ আমাদের দলটাও ভালো। কিন্তু আমি সত্যিই জার্মানিকে সমীহ করি। আমি মন থেকেই প্রতিটি জার্মান খেলোয়াড়কে ভয় পাই। বিশেষত মুলার ও ওজিলকে। ওরা দুজনই ভয়ংকর হয়ে উঠতে পারে।’
জার্মানি দলের সামর্থ্য ও সম্ভাবনা নিয়ে পেলে কথা বলেছেন জার্মানির বিশ্বকাপজয়ী দলের সদস্য ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের সঙ্গেও, ‘ফ্রাঞ্জ আমাকে বলেছে সে জার্মানি দলটা নিয়ে খুবই সন্তুষ্ট। ওদের বেশ কিছু তরুণ প্রতিভাবান খেলোয়াড় আছে। ওদের মাঝমাঠটা মনে হয় এ যাবৎকালের সেরা।’ নিজেদের অতীত অভিজ্ঞতাই সবচেয়ে বড় প্রমাণ পেলের কাছে, ‘যদিও সেরা খেলোয়াড়েরা আপনা-আপনি সাফল্য এনে দিতে পারে না। ১৯৮২ সালের কথা ধরুন। সেবার জিকো, সক্রেটিসদের নিয়ে গড়া হয়েছিল সেরা ব্রাজিল দল। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছিল ইতালি। আসলে টুর্নামেন্টে আগাম কিছুই বলা যায় না।’ ওয়েবসাইট।