ইউরোর বিগত ১৩টি আসরে হ্যাটট্রিকের দেখা মিলেছে মাত্র আটবার। পঞ্চম আসরে, ১৯৭৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ইতিহাসের প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন ডিয়েটার মুলার। আর শেষ আসরে ২০০৮ সালে শেষ হ্যাটট্রিকটি এসেছিল স্প্যানিশ স্ট্রাইকার ডেভিড ভিয়ার পা থেকে। আর ১৯৮৪ সালে একই আসরে দুবার হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছিলেন ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনি। ইউরোর এই হ্যাটট্রিক করা নায়কদের কথাই থাকছে প্রথম আলো অনলাইনের পাঠকদের জন্য।১৯৭৬ সালের সেমিফাইনালআন্তর্জাতিক ফুটবল ইতিহাসেই ডিয়েটার মুলারের মতো এমন রাজকীয় অভিষেক খুব কমই দেখা গেছে। ১৯৭৬ সালের সেমিফাইনালে তাঁর দল তত্কালীন পূর্ব জার্মানি, যুগোস্লাভিয়ার বিপক্ষে পিছিয়ে ছিল ২-১ গোলে। খেলা শেষ হওয়ার বাকি মাত্র ১১ মিনিট। এ রকম সংকটপূর্ণ পরিস্থিতিতে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মুলার। তিন মিনিট পরেই করেন নিজের প্রথম গোল। নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর এই সময়েই ইতিহাস গড়েন এই জার্মান স্ট্রাইকার। যুগোস্লাভিয়ার জালে জড়িয়ে দেন আরও দুটি গোল। ইউরো ইতিহাসের প্রথম হ্যাটট্রিকটি করেন অভিষিক্ত ডিয়েটার মুলার। প্রায় হারতে বসা একটা ম্যাচে অসাধারণভাবে ঘুরে দাঁড়ায় পূর্ব জার্মানি। যুগোস্লাভিয়াকে ৪-২ গোলে হারিয়ে চলে যায় সেই আসরের ফাইনালে।১৯৮০ সালের গ্রুপ পর্বএই আসরের প্রথম ম্যাচে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ১-০ গোলের ঘাম ঝরানো জয় পেয়েছিল পূর্ব জার্মানি। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী হল্যান্ড। এই ম্যাচে সেবারের শিরোপাজয়ীরা জয় পেয়েছিল ক্লস আলোফসের একক নৈপুণ্যে। ইউরো ইতিহাসের দ্বিতীয় হ্যাটট্রিকটি করেছিলেন এই জার্মান স্ট্রাইকার। জার্মানি ম্যাচটা জিতেছিল ৩-২ গোলে। পরে এই আসরের শিরোপাটাও জিতেছিল পূর্ব জার্মানি।১৯৮৪ সালের গ্রুপ পর্বইউরোর এই আসরটি ছিল নিঃসন্দেহেই মিশেল প্লাতিনির। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে সেবারের টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন এই ফরাসি মিডফিল্ডার। তাঁর অসাধারণ নৈপুণ্যে বেলজিয়ামের বিপক্ষে ৫-০ গোলের বিশাল ব্যবধানের জয় পেয়েছিল ফ্রান্স। ৪, ৭৪ ও ৮৯ মিনিটে তিনটি গোল করেছিলেন প্লাতিনি।১৯৮৪ সালের গ্রুপ পর্বমাত্র তিন দিন পরেই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ফুটবল বিশ্বকে নতুন একটি রেকর্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেন মিশেল প্লাতিনি। একই প্রতিযোগিতায় দুটি হ্যাটট্রিক করার রেকর্ড এখন পর্যন্ত ভাঙতে পারেনি কোনো ফুটবলারই। যুগোস্লাভিয়ার বিপক্ষে উত্তেজনাপূর্ণ এ খেলায় নতুন এই রেকর্ডটি গড়েন ফরাসি অধিনায়ক। ৫৯, ৬২ ও ৭৭ মিনিটে তিনটি গোল করে ফ্রান্সকে প্রায় একক নৈপুণ্যেই জয় এনে দেন প্লাতিনি। এই আসরের শিরোপাটাও গিয়েছিল ফ্রান্সের ঘরে।১৯৮৮ সালের গ্রুপ পর্বএই আসরে তত্কালীন সোভিয়েত ইউনিয়নের কাছে ১-০ গোলের হার দিয়ে শুরু করেছিল হল্যান্ড। মার্কো ভন বাস্তেন মাঠে নামতে পেরেছিলেন খুব অল্প সময়ের জন্য, বদলি খেলোয়াড় হিসেবে। দ্বিতীয় ম্যাচে তাঁকে প্রথম একাদশে জায়গা দেন ডাচ কোচ রিনুস মিশেলস। আর কোচের এই আস্থার প্রতিদান বেশ ভালোমতোই দিয়েছিলেন ভন বাস্তেন। করেছিলেন সেই আসরের একমাত্র হ্যাটট্রিকটি। ইংল্যান্ডের বিপক্ষে ৪৪, ৭১ ও ৭৫ মিনিটে তিনটি গোল করে হল্যান্ডকে ৩-১ গোলের জয় এনে দিয়েছিলেন এই ডাচ স্ট্রাইকার।২০০০ সালের গ্রুপ পর্বপর্তুগালের বিপক্ষে জার্মানির এই ম্যাচটা ছিল জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউসের বিদায়ী ম্যাচ। নিশ্চিতভাবেই এই ম্যাচটাতে ভালো পারফরমেন্স দেখিয়ে আন্তর্জাতিক ফুটবলের একটা স্মরণীয় পরিসমাপ্তি টানতে চেয়েছিলেন এই জার্মান মিডফিল্ডার। কিন্তু তাঁর বিদায়ী ম্যাচ জয়ের স্বপ্নটা ধূলিসাত্ করে দেন পর্তুগিজ উইঙ্গার সার্জিও কনকেইকাও। ৩৫, ৫৪ ও ৭১ মিনিটে তাঁর তিনটি গোলে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় ম্যাথিউসকে। ম্যাচটি পর্তুগাল জেতে এই তিন গোলের ব্যবধানেই। আর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় জার্মানিকে।২০০০ সালের কোয়ার্টার ফাইনালইউরো কাপের এই আসরের কোয়ার্টার ফাইনালে যুগোস্লাভিয়াকে গোলবন্যায় ভাসিয়েছিল হল্যান্ড। ফলাফল ছিল ৬-১। আর হল্যান্ডের এই দুর্দান্ত জয়ের নায়ক ছিলেন প্যাট্রিক ক্লুইভার্ট। ২৪, ৫৪ ও ৭১ মিনিটে তাঁর তিনটি গোলের সুবাদে বিশাল ব্যবধানের এই জয় পায় হল্যান্ড।২০০৮ সালের গ্রুপ পর্বগত আসরে ইউরো কাপের অষ্টম ও শেষ হ্যাটট্রিকটি এসেছিল ডেভিড ভিয়ার পা থেকে। রাশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই সেই আসরের একমাত্র হ্যাটট্রিকটি করেছিলেন এই স্প্যানিশ স্ট্রাইকার। ২০, ৪৪ ও ৭৫ মিনিটে রাশিয়ার জালে তিনবার বল জড়িয়ে দিয়েছিলেন ডেভিড ভিয়া। এই হ্যাটট্রিকটির সুবাদে সেই আসরের সর্বোচ্চ গোলদাতার (৪ গোল) পুরস্কারটাও হাতে তুলেছিলেন তিনি।