মুলারকে ছাড়িয়ে গেলেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষা ঘুচল লিওনেল মেসির। অপেক্ষা ঘুচল মেসি-ভক্তদের। রিয়াল বেটিসের বিপক্ষে গতকাল রোববার রাতে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। এর মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন জার্মান কিংবদন্তি জার্ড মুলারকে।১৯৭২ সালে এক মৌসুমে ৮৫ গোল করার রেকর্ড গড়েছিলেন জার্ড মুলার। দীর্ঘ ৪০ বছর পর সেই রেকর্ডটা ভাঙলেন মেসি। গতকালের জোড়া গোলের সুবাদে চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৮৬। মেসির রেকর্ড গড়া রাতে রিয়াল বেটিসকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের ১৬ মিনিটে মৌসুমে নিজের ৮৫তম গোলটি তুলে নেন মেসি। স্পর্শ করেন জার্ড মুলারের গড়া রেকর্ড। এর ৯ মিনিট পর বেটিসের জালে আরেকবার বল জড়িয়ে মেসি ছাড়িয়ে যান মুলারকে।গত সপ্তাহে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মেসির রেকর্ডের দিকে তাকিয়ে ছিলেন সবাই। তবে বেনফিকার বিপক্ষে ওই ম্যাচে আর্জেন্টাইন জাদুকর শুধু গোলশূন্যই থাকেননি, মাঠ থেকে তিনি বেরিয়ে আসেন সমর্থকদের বুক কাঁপিয়ে। মেসি যে মাঠ ছাড়েন চোট পেয়ে, স্ট্রেচারে করে!বেটিসের বিপক্ষে গতকাল মেসির খেলা, না-খেলা নিয়ে তাই একটা অনিশ্চয়তা ছিল। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে শুরু থেকেই মাঠে থাকেন তিনি। এর পর শুধু মুলারকে স্পর্শই করেননি, জার্মান কিংবদন্তিকে ছাড়িয়েও যান তিনি।চলতি মৌসুমে আরও তিনটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে মেসির। এর মানে, মুলারের সঙ্গে বার্সার এই প্রাণভোমরার ব্যবধানটা আরও বাড়বে, বলার অবকাশ রাখে না। ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সেটাই মনে করিয়ে দিলেন বার্সা কোচ টিটো ভিলানোভা, ‘এক বছরে মেসি যে পরিমাণ গোল করেছে, তা অবিশ্বাস্য মনে হতে পারে। তবে ওর সামনে আরও তিনটি ম্যাচ আছে। আশা করছি, গোলসংখ্যা আরও বাড়বে।’ফুটবল বিশ্বে মেসির মতো খেলোয়াড় কখনো আসবে না, এমনটাই বিশ্বাস করে ভিলানোভা। বার্সা কোচ বলেন, ‘মেসি এখনও তরুণ। আশা করছি, ওর ক্যারিয়ার অনেক দূর এগিয়ে যাবে। আমি মনে করি না, মেসির মতো খেলোয়াড় ভবিষ্যতে দেখতে পাব আমরা। সূত্র: রয়টার্স।