মুলারেই আস্থা মুলারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টমাস মুলার
টমাস মুলার

দীর্ঘদিন জার্ড মুলারের দখলে ছিল রেকর্ডটা। জার্মানির জন্য গর্ব হয়ে থাকা সেই রেকর্ড পরে ছিনিয়ে নিয়েছেন ব্রাজিলের রোনালদো। জার্মানরা আশায় বুঁদ, বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা আবার জার্মানিরই কারও নামের পাশে থাকবে। শুধু প্রশ্ন একটাই, কে? মিরোস্লাভ ক্লোসা, নাকি টমাস মুলার। দুই গোল করলেই ক্লোসা রোনালদোর রেকর্ড ভেঙে দেবেন বটে, তবে খোদ জার্ড মুলার মনে করেন, আরেক মুলারের জন্যই অপেক্ষা করে থাকবে এই রেকর্ডটি।
বিশ্বকাপের দুই আসরে এরই মধ্যে ৭ ম্যাচ খেলে ৮ গোল করেছেন টমাস মুলার। এই পরিসংখ্যানেই মুলারের ভবিষ্যৎ পরিষ্কার দেখছেন জার্মান কিংবদিন্ত জার্ড মুলার। ৩২ বছর ধরে রেকর্ডটা নিজের কাছে রাখা ৬৮ বছর বয়সী সাবেক মহাতারকা বলছেন, ‘আমি নিশ্চিত টমাস মুলার সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নেবে। ওর সামনে আরও দু-একটি বিশ্বকাপ পড়ে আছে।’
রোনালদোর ১৫ গোলের ঠিক এক গোল পিছিয়ে থেকে তাঁর কাঁধে ক্লোসা নিঃশ্বাস ফেলছেন। রোনালদোর রেকর্ড ভাঙার মিশন নিয়েই ব্রাজিলে এসেছেন ক্লোসা। তাঁরই সতীর্থ মুলার বুলেট ট্রেনের গতিতে ধেয়ে আসছেন।
সমীকরণটিও একদম পান্তাভাত। এই বিশ্বকাপে অংশ নেওয়া ক্লোসার বয়স ৩৬ আর টমাস মুলারের বয়স ২৪। সে জন্য ২০১৪-ই ক্লোসার শেষ বিশ্বকাপ। অন্যদিকে খুব বাজে কিছু না ঘটলে মুলার অনায়াসে খেলে যেতে পারবেন আরও দুটি বিশ্বকাপ। আর যে অগ্নিমূর্তি নিয়ে নিজের প্রথম ম্যাচে আবির্ভূত হলেন, তাতে মুলার-ভক্তদের মনে এই বিশ্বাস আরও দৃঢ় হল বৈকি।
নিজের প্রথম বিশ্বকাপে টমাস মুলার পেয়েছেন ৫টি গোল, জিতেছেন সোনার বুট। এই বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক। সামনে তো আরও ম্যাচ পড়েই রইল। এখনো খেলে যাচ্ছেন, এমন যে খেলোয়াড়দের মধ্যে ক্লোসা ও রোনালদোর রেকর্ডের সবচেয়ে কাছাকাছি থাকা স্পেনের ডেভিড ভিয়া আর মুলারের গোলসংখ্যা সমান। ৩২ বছর বয়সী ভিয়ার খেলোয়ািড় জীবনও ফুরিয়ে এসেছে। শুধু তা-ই নয়, স্পেনের বিশ্বকাপ-স্বপ্নের সমাধিতে ভিয়া বড়জোর আর একটা ম্যাচই খেলার সুযোগ পাবেন। ওয়েবসাইট।