মুলারের আরও কাছে মেসি
এক পঞ্জিকাবর্ষে জার্ড মুলারের সর্বোচ্চ ৮৫ গোলের রেকর্ডের আরও কাছে চলে গেলেন লিওনেল মেসি। পরশু চ্যাম্পিয়নস লিগে স্পার্তাক মস্কোর বিপক্ষে বার্সেলোনার ৩-০ গোলের জয়ে করেছেন দুটি গোল। ২০১২ সালে মেসির গোল হয়ে গেল ৮০টি। মুলারের ৪০ বছর পুরোনো রেকর্ড ভাঙতে আর লাগবে ৬ গোল। যেভাবে প্রতি ম্যাচেই গোল করছেন, মুলারের ১৯৭২ সালে গড়া রেকর্ডটি ভেঙে দেওয়া মেসির জন্য সময়ের ব্যাপার। কিন্তু বার্সেলোনার আর্জেন্টাইন তারকা বলছেন, মুলারের রেকর্ডের চেয়ে বার্সেলোনার জয়ই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।তাঁর সঙ্গে কণ্ঠ মেলাচ্ছেন টিটো ভিলানোভাও। বার্সেলোনা কোচ বলছেন, মেসি রেকর্ডের জন্য খেলেন না। দল ও দলের জয়ই তাঁর কাছে সব। ম্যাচের ৩৯ মিনিটের মধ্যেই ২ গোল করা মেসির সামনে সুযোগ ছিল বার্সেলোনার হয়ে ২২তম হ্যাটট্রিকেরও। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি।মেসির কথা, ‘আমরা জানতাম সেল্টিকের বিপক্ষে যা ঘটেছে, সেটা এড়াতে হলে আজ আমাদের শুরুটা দাপটের সঙ্গে করতে হবে। মাঠে কাজটা সহজ ছিল না, কিন্তু আমরা ভালোই করেছি। আজ রাতে গোল না খাওয়াটা আমাদের সবার জন্যই ছিল গুরুত্বপূর্ণ। আর মুলারের রেকর্ড? দলই বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখাটাকেই আমরা শ্রেয় মনে করেছি।’শুধু মুলারের রেকর্ডের কাছেই নয়, পরশুর ২ গোল মেসিকে নিয়ে গেছে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতা তালিকার দ্বিতীয় স্থানেও। ৫৬ গোল নিয়ে তিনি এখন সাবেক ডাচ স্ট্রাইকার রুড ফন নিস্টলরয়ের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে। ৭১ গোল নিয়ে তাঁর ওপরে শুধু স্পেনের সাবেক স্ট্রাইকার রাউল গঞ্জালেস। অন্য একটা জায়গায় অবশ্য রাউলকে পরশুই ছুঁয়ে ফেলেছেন। এ নিয়ে রাউলের সমান ভিন্ন ১৯টি ভেন্যুতে গোল করলেন। চ্যাম্পিয়নস লিগের ১৪টি ম্যাচে দুটি বা তার বেশি গোল করে তো এক দিক দিয়ে রিয়াল মাদ্রিদের সাবেক তারকাকে ছাড়িয়েই গেছেন। ওয়েবসাইট।