প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরুতেই এগিয়ে যাওয়ার পর উল্লাসে মেতেছেন জার্মানির খেলোয়াড়েরা। ছবি: রয়টার্স
শুরুতেই এগিয়ে যাওয়ার পর উল্লাসে মেতেছেন জার্মানির খেলোয়াড়েরা। ছবি: রয়টার্স

নিজেদের মাটিতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন প্রায় শেষই হয়ে গেছে ব্রাজিলের। সেমিফাইনালে স্বাগতিকদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করছে জার্মানি। প্রথমার্ধের ২৯ মিনিটের মধ্যেই ৫-০ গোলে এগিয়ে গেছে জার্মানরা।

২৩ থেকে ২৯; এই সাত মিনিটের মধ্যেই ব্রাজিলের সব স্বপ্ন নস্যাত্ করে দিয়েছেন জার্মান খেলোয়াড়েরা। ২৩ মিনিটে ইতিহাসগড়া গোল করেছেন মিরোস্লাভ ক্লোসা। এটি ছিল জার্মানির দ্বিতীয় গোল। এই গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোকেও ছাড়িয়ে গেছেন ক্লোসা। ১৬ গোল নিয়ে এখন এককভাবেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন এই জার্মান স্ট্রাইকার।

পরের চার মিনিটের মধ্যেই ব্যবধান ৪-০ করে দিয়েছেন টনি ক্রুস। ২৪ ও ২৬ মিনিটের মাথায় দুইটি গোল করেছেন এই জার্মান মিডফিল্ডার।

তিন মিনিট পরে সবাইকে হতবাক করে দিয়ে ব্রাজিলের জালে আরও একবার বল জড়িয়ে দিয়েছেন সামি খেদিরা। ২৯ মিনিট পরেই স্কোরলাইন: ব্রাজিল ০-৫ জার্মানি।

এর আগে টমাস মুলার ম্যাচের প্রথম গোলটি করেছিলেন ১১ মিনিটের মাথায়। টনি ক্রুসের কর্নার কিক থেকে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন মুলার। বলটা মাটিতেও পড়তে দেননি জার্মান স্ট্রাইকার। দারুণ এক শটে সেটি পাঠিয়ে দিয়েছেন ব্রাজিলের জালে।