মুলারের দৃষ্টিজুড়ে শুধু জয়
রাতারাতি তারকাখ্যাতি পেয়ে গেছেন তিনি। গত মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক, জুনেই বিশ্ববাসীর নজর কেড়ে নিয়েছেন টমাস মুলার। বিশ্বকাপে ৩ ম্যাচে ৪ গোল! উদীয়মান ফুটবলার মনোনয়নের তালিকায় তাঁর নাম রয়েছে। হয়তো সেরা উদীয়মানের কৃতিত্বটাও পেয়ে যাবেন জার্মানির ২০ বছর বয়সী এই স্ট্রাইকার।সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে জার্মানির। কষ্টটা কি একটু বেশিই হচ্ছে না মুলারের? যে কয়টি ম্যাচে খেলেছেন, নিজেকে একেবারে উজাড় করে দিয়েছেন। তবে পর পর দুই ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে সেমিফাইনালে খেলতে পারেননি। আর সেই ম্যাচে জার্মানির বিদায়! এখন উরুগুয়ের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে কীভাবে দেখছেন মুলার? ফিফা ডটকমের এ প্রশ্নে মুলার বলছেন, ‘আমরা আমাদের অনেক ওপরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছিলাম, কিন্তু পারিনি। আমাদের লক্ষ্য এখন একটাই, পোর্ট এলিজাবেথে জয় পাওয়া।’ প্রতিপক্ষ সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া, ‘উরুগুয়ে বিশ্বকাপে যথেষ্ট ভালো করেছে। তাদের হারাতে হলে কঠিন লড়াই করতে হবে আমাদের।’মুলার বিশ্বকাপের উদীয়মান তারকা হতে যাচ্ছেন এটা প্রায় নিশ্চিত। গোল্ডেন বুটও যে হাতছানি দিয়ে ডাকছে তাঁকে! গোলসংখ্যায় শীর্ষে থাকা স্নাইডার ও ভিয়ার চেয়ে মাত্র এক ধাপ পিছিয়ে তিনি। সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও নিজের নামটা দেখতে চাইবেন মুলার। এটি কি বাড়তি চাপে রাখবে না তাঁকে? তবে জার্মানির এই তরুণ বলছেন, ‘বায়ার্ন মিউনিখের হয়ে অনেক গোল করেছি আমি। এটাই আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। জাতীয় দলে আমি নতুন। কিন্তু চ্যালেঞ্জ নিয়ে গোল করতেই ভালো লাগে আমার।’বিশ্বের সেরা তারকারা যা পারেননি, তা-ই করে দেখিয়েছেন মুলার। বিশ্বকাপে এই সফলতার রহস্য কী? এ প্রশ্নে সতীর্থদেরই কৃতিত্ব দিচ্ছেন মুলার, ‘পাঁচজনকে বোকা বানিয়ে গোল করার মতো ফুটবলার আমি নই। সঙ্গে আক্রমণাত্মক ফুটবলার প্রয়োজন হয় আমার। ভালো সতীর্থ না পেলে আমি কখনোই ভালো করতে পারব না।’একদিন পরই স্বপ্নের ফাইনাল। কে জিতবে বিশ্বকাপ? এ প্রশ্নে মুলার এগিয়ে রাখছেন স্পেনকে। বলেছেন, ‘সামর্থ্যের দিক থেকে এগিয়ে আছে স্পেন। খুব শৃঙ্খল দল এটি, আক্রমণেও জুড়ি নেই। তবে হল্যান্ডকেও খাটো করে দেখা ঠিক হবে না। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যাশা করছি আমি।’