ট্রফিটা একরকম ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছেন লিওনেল মেসি। ২০০৯ সাল থেকেই ফিফা বর্ষসেরার পুরস্কারটি জিতে চলেছেন। এমনকি নাম পাল্টে ফিফা ব্যালন ডি’অর হওয়ার পরও প্রাপকের ঠিকানা পাল্টায়নি। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা চারবারের বর্ষসেরা বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর। এই মৌসুমে ক্লাবের হয়ে ৫০ ম্যাচে ৬০ গোল। গত বছর জাতীয় দলের হয়েও ছিলেন প্রস্ফুটিত। নয় ম্যাচে ১২ গোল। টানা পঞ্চমবারও মেসি ফিফা বর্ষসেরা হলে অবাক হওয়ার কিছু থাকবে না।তবে অবাক হবেন টমাস মুলার। বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড মনে করেন, এবার বায়ার্নের যে সাফল্য, তাতে পুরস্কারটি তাঁদেরই কারও প্রাপ্য। ২৩ বছর বয়সী ফরোয়ার্ড বিল্ডকে বলেছেন, ‘আমাদের দলেরই একাধিক খেলোয়াড় অবশ্যই এটির দাবিদার। আসলে বায়ার্নেরই কোনো খেলোয়াড়ের আগামী বছর ব্যালন ডি’অরে নির্বাচিত হওয়া উচিত।’মুলারের মনে হয়তো কোনো দুঃখ আছে। ২০১০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়েও পুরস্কারটি জেতেননি। এমনকি ওই বিশ্বকাপে চ্যাম্পিয়ন স্পেন দলেরও কেউ নন। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে বিদায় নিলেও ক্লাবের হয়ে ৫৩ ম্যাচে ৪৭ গোল করা মেসিই শেষ পর্যন্ত দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জেতেন। গতবারও মেসির ফিফা ব্যালন ডি’অর জয় নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। দলগতভাবে মেসি ছিলেন ব্যর্থ। লিগ, চ্যাম্পিয়নস লিগ কোনোটাই জেতেননি। শুধু জিতেছিলেন স্প্যানিশ কাপ। কিন্তু সেবার ব্যক্তিগতভাবে মেসি ছিলেন অবিশ্বাস্য। ৬০ ম্যাচে করেছিলেন ৭৩ গোল। এই মৌসুমে আরও অবিশ্বাস্য গতিতে ছুটছিলেন মেসি। শেষ পর্যন্ত চোটের কাছে হার মেনেছেন বলে ৬০ গোলেই থামতে হয়েছে। লিগ শিরোপা পুনরুদ্ধারের পাশাপাশি ৬০ গোল—আগামী ব্যালন ডি’অরেরও বড় দাবিদার মেসি। কিন্তু ব্যাপারটা যেহেতু ভোটাভুটিতে হয়, এখন থেকেই বোধ হয় প্রচার-প্রচারণা শুরু করে দিলেন মুলার। সর্বশেষ জার্মান খেলোয়াড় হিসেবে ১৯৯৬ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন ম্যাথিয়াস স্যামার। সর্বশেষ জার্মান খেলোয়াড় হিসেবে ফিফা বর্ষসেরা জেতার কীর্তিটা আরও পাঁচ বছর আগের। ১৯৯১ সালে জিতেছিলেন লোথার ম্যাথাউস। ওয়েবসাইট।