মুশফিক চান ধারাবাহিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমান সমান দলের মধ্যেই এটা বেশি হয়। সিরিজ শুরুর আগে বা মাঝখানে কথার লড়াইয়ে তেতে ওঠে মাঠ। কাগজ-কলমের শক্তির পার্থক্যের কারণে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে মাঠ তেতে ওঠার কারণ আগে না থাকলেও এই সিরিজের পরিস্থিতি ভিন্ন। ওয়েস্ট ইন্ডিজ কোচের ইটের জবাবে তাই পাটকেল ছুড়তে পিছপা হন না বাংলাদেশ অধিনায়ক।হরতালের কারণে বাংলাদেশ দল অনুশীলনে এল কাল সন্ধ্যায়। মুশফিকুর রহিমের সংবাদ সম্মেলনটা হলো অনুশীলনের আগে। এবং সেই সংবাদ সম্মেলনের প্রথম প্রশ্নের উত্তরই তাতিয়ে দিল মাঠ।প্রশ্ন: ওয়েস্ট ইন্ডিজের কোচ ওটিস গিবসন বলেছেন, বাংলাদেশ সহজে জিতেছে, কারণ ওদের ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে এসেছেন। আপনি কী মনে করেন?মুশফিকুর রহিম: ওরা হয়তো উইকেট দিয়ে এসেছে, কিন্তু আমার মনে হয়, একই সঙ্গে আমরাই বাধ্য করেছি ওদের উইকেট দিতে। আমাদের বোলিং খুবই ভালোছিল। উইকেট দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না।মুশফিকের উত্তর কূটনৈতিক। তবে এর ইংরেজি অনুবাদ পড়লে খোঁচাটা টের পেতে সমস্যা হওয়ার কথা নয় গিবসনের। আসলে পাঁচ ওয়ানডের সিরিজে ২-০-তে এগিয়ে যাওয়ার পর কথার চাবুক চালানোর জায়গায় তো এখন বাংলাদেশই। বাকি তিন ম্যাচের একটা জিতলেই সিরিজ বাংলাদেশের, চাপ-টাপও সব ওয়েস্ট ইন্ডিজের ওপরই তুলে দিলেন মুশফিক, ‘চাপ মনে হয় না আমাদের ওপর আছে। চাপ পুরোটাই ওদের ওপর। শুধু জয়ই নয়, ওরা (ওয়েস্ট ইন্ডিজ) যেভাবে হেরেছে, সেটা অবশ্যই ওদের অনেক ভাবাবে। আমরা ১ কিংবা ১০ রানে জিতিনি, অনেক বড় ব্যবধানে জিতেছি; যেটা প্রমাণ করে আমরা ওদের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলছি।’ মুশফিকের বিশ্বাস, আজই সিরিজ জয়ের উৎসব করতে ওটার ধারাবাহিকতা ধরে রাখাই হতে পারে যথেষ্ট।ওয়ানডেতে দেড় বছর ধরেই ভালো খেলা বাংলাদেশ দল এখন দারুণ এক সম্ভাবনার সামনে দাঁড়িয়ে। বাংলাদেশ অধিনায়ক মনে করেন, সিরিজ জয়ের উপলক্ষ হিসেবে সাম্প্রতিক অতীত অনেক বড় প্রেরণা। সঙ্গে এটাও ঠিক, দুই ওয়ানডের হারেই সব শেষ হয়ে যাওয়ার হতাশায় ভাসেনি ড্যারেন স্যামির দল। দলে এমন অনেকেই আছেন, একটা ওয়ানডে যাঁরা একাই জেতাতে পারেন। আহত বাঘের মতো প্রতিশোধের আগুনে জ্বলছে তারা। কিন্তু এসব জেনেও বাংলাদেশ অধিনায়কের আত্মবিশ্বাসে কমতি নেই, ‘ওরা অনেক বিপজ্জনক দল, ভালোভাবে ফেরার সামর্থ্য রাখে। তবে এই সিরিজে যখন যা করার দরকার, তা-ই করতে পারছি আমরা। যখন একটা পার্টনারশিপ দরকার, তখন দেখা যাচ্ছে দুজন ব্যাটসম্যান ভালো খেলছে বা হয়তো একটা উইকেট দরকার, তখন বোলাররা ভালো করছে। এই ধারাবাহিকতা থাকলে আমাদের ইনশাল্লাহ ওরা হারাতে পারবে না।’বিশ্বাসটা ছড়িয়ে আছে পুরো দলের মধ্যেই। মাশরাফি বিন মুর্তজা যেমন শর্ত দিয়েও বলছেন, ‘এমন নয় যে আমরা সহজেই জিতে যাব। এটা আশা করা ঠিক হবে না। ওরা ভালো দল, সিরিজে ফেরার সব রকম চেষ্টা করবে। তবে আমরা যেভাবে খেলছি, সে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অসম্ভব কিছুই না। সে জন্য সবার আগে দরকার ভালো একটা শুরু।’ আবদুর রাজ্জাক আরও সহজ-সরলভাবে জানালেন লক্ষ্যের কথা, ‘এ রকম পরিস্থিতিতে এসে দেরি করতে কে চায় বলেন? সিরিজ জয়ই এখন একমাত্র লক্ষ্য।’এই লক্ষ্য আজই পূরণ করে ফেলতে চায় বাংলাদেশ। শেষ দুই ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে না পড়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে উৎসবের মঞ্চ বানাতে প্রস্তুত মুশফিকুর রহিমের দল। তবে শর্ত মুশফিকের ওই কথাটাই—ধরে রাখতে হবে ভালো খেলার ধারাবাহিকতা। খুলনা থেকে নিয়ে আসা সাফল্যের পতাকা তাহলেই উড়বে ঢাকায়।