মুশফিক-সাকলাইনের ‘সংঘর্ষ’
৪৫তম ওভারের শেষ বল, উইকেটে ঢাকা বিভাগের শেষ জুটি। ফরহাদ রেজাকে পুল করেছিলেন ১১ নম্বর ব্যাটসম্যান মোহাম্মদ শহীদ, বল উঠে গেল আকাশে, ফাইন লেগের দিকে। উল্টো ঘুরে ছুটলেন উইকেটকিপার মুশফিকুর রহিম, লং লেগ থেকে ছুটলেন সাকলাইন সজীব। দুজনের চোখ বলের দিকে। যা হওয়ার হলো তা-ই। সজোরে ধাক্কা খেলেন দুজন, ঠুকে গেল দুজনের মাথা। সজোরে মাটিতে পড়ে গেলেন দুজনই। উপুড় হয়েই পাশাপাশি পড়ে রইলেন অনেকক্ষণ। ঘটনার আকস্মিকতায় সবাই যেন কিছুক্ষণের জন্য হতবিহ্বল। খানিক পর ছুটে গেলেন সতীর্থরা, আম্পায়ার, ফিজিও।মিরপুরে মুশফিক-সাকলাইনের ‘সংঘর্ষ’ মনে করিয়ে দিল ১৯৯৯ সালের ক্যান্ডিকে। মাহেলা জয়াবর্ধনের ক্যাচ নিতে গিয়ে স্কয়ার লেগে ডাইভ দিয়ে পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়েছিলেন স্টিভ ওয়াহ ও জেসন গিলেস্পি। নাক থেঁতলে মুখের সঙ্গে মিশে গিয়েছিল ওয়াহর, পা ভেঙে গিয়েছিল গিলেস্পির। দুজনকেই মাঠ থেকে হাসপাতালে নেওয়া হয়েছিল হেলিকপ্টারে। মুশফিক-সাকলাইনের আঘাত অতটা গুরুতর নয়, তবে ইঙ্গিতটা ছিল খারাপ কিছুরই।কিছুক্ষণের জন্য খানিক আগের স্মৃতি হারিয়ে ফেলেছিলেন সাকলাইন। খানিকটা অসংলগ্ন কথাবার্তাও বলছিলেন। সঙ্গে সঙ্গে বনানীর প্রেসক্রিপশন পয়েন্টে সিটি স্ক্যান করিয়ে এই বাঁহাতি স্পিনারকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিউরোলজিস্টের কাছে। সিটি স্ক্যান সুখবরই দিয়েছে, কোনো চিড় নেই, ভেতরে রক্তপাতও হয়নি। তবে খানিকক্ষণের জন্য স্মৃতি হারানোটা যেহেতু খারাপ কিছুর ইঙ্গিত দেয়, সাবধানতার জন্য রাতটা হাসপাতালেই রাখা হয়েছে সাকলাইনকে। আর কোনো সমস্যা না হলে আজ সকাল আটটার দিকেই ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে।শুরুতে মনে হচ্ছিল মুশফিকের আঘাতটাই বেশি। তবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর কিছুটা ধাতস্থ হয়েছেন। নিজেই হেঁটে গিয়ে গাড়িতে উঠেছেন, আঘাত পাওয়ার জায়গাটা দেখালেনও সাংবাদিকদের। বিসিবির প্রধান মেডিকেল অফিসার দেবাশিস চৌধুরী জানালেন, বাংলাদেশ অধিনায়ককে নিয়ে আশঙ্কার মেঘ অনেকটাই কেটে গেছে, ‘মুশফিকের আঘাত ততটা গুরুতর নয়। রাতেই তবু এমআরআই করানো হয়েছে, সতর্কতার জন্য ওকেও অবজারভেশনে রাখা হবে, কিন্তু সমস্যা হওয়ার কথা নয়।’