মুশফিক 'দুঃখিত!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই পারফরম্যান্সে ঢাল হিসেবে ব্যবহার করার কিছু থাকে না। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম কোনো কিছুই ঢাল হিসেবে ব্যবহার করেন নি। এই হার তো কেবল একটি সাধারণ হার নয়, পরপর দুটো ম্যাচে একেবারে যাচ্ছেতাই ব্যাটিং পারফরম্যান্স। বাংলাদেশ অধিনায়ক এখন জয়-পরাজয়ের বাইরে গিয়ে যেকোনো মূল্যে দলের কাছে একটা ‘ভালো’ পারফরম্যান্স চান।
‘পরের তিন ম্যাচে আমাদের খেলতে হবে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। দলের যা অবস্থা, তাতে হারা-জেতার বাইরে গিয়ে আমি চাই দল এই তিনটি ম্যাচে যেন একটু ভালো খেলে।’ হতাশ অধিনায়কের কণ্ঠে ম্যাচ উত্তর সংবাদ সম্মেলনে এমন আকুতিই ঝরলো।
দলটার সমস্যা আসলে কোথায়? যে দল মাত্র চারমাস আগেই দেশের মাটিতে টানা জিতেছে, সেই দলের হঠাত্ এমন কি হলো যে, তারা তাদের সাধারণ খেলাটাই ভুলে গেছে। এটা কী ভয়াবহ কোনো চাপের কারণে ঘটছে? বোর্ড, মিডিয়া, সাধারণ দর্শকের প্রত্যাশা কী খুব ভারী হয়ে দেখা দিয়েছে দলের কাছে? মুশফিক মনে করেন পুরো বিষয়টিই পারফরম্যান্স-কেন্দ্রিক, ‘আমাদের দলের কমপক্ষে পাঁচ-ছয়জন খেলোয়াড় এই মুহূর্তে একসঙ্গে ভালো খেলতে পারছে না। খেলোয়াড়েরা এসব নিয়ে খুব বেশি ভাবছে। যেহেতু এটা টি-টোয়েন্টি ক্রিকেট। নেমেই মেরে খেলতে হয়। তাই খেলোয়াড়েরা যদি এত কিছু না ভেবে নিজেদের খেলাটা খেলে তাহলেই সবচেয়ে ভালো হয়।’
দলের সাম্প্রতিক পারফরম্যান্স দর্শকদের জন্য ‘দুঃখিত’ বাংলাদেশ অধিনায়ক, ‘দর্শকদের জন্য এই পারফরম্যান্স মেনে নেওয়াটা খুবই কষ্টের। আমি তাদের জন্য খুবই দুঃখিত। তারা টাকা-পয়সা খরচ করে দূর-দূরান্ত থেকে খেলা দেখতে আসে। তারা আমাদের মন খুলে সমর্থন করে। এই পারফরম্যান্স সত্যিই দর্শকেরা প্রত্যাশা করে না।’