মুশফিকই অধিনায়ক থাকছেন!
কোনটা বেশি স্বস্তির? শেষ ম্যাচে জয়, নাকি মুশফিকুর রহিমের বলা কথাটা?ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশকে হারতে হলো না বলে শেষ ম্যাচের জয়টা অবশ্যই স্বস্তির। তবে তার চেয়েও বড় আনন্দের খবর বোধ হয় মুশফিকের সিদ্ধান্ত বদলানোর আভাস। পদত্যাগের ঘোষণা দেওয়ার পর কালই প্রথম সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন বাংলাদেশ অধিনায়ক। টি-টোয়েন্টি সিরিজ ড্র করার চেয়ে বড় স্বস্তিটা উপহার দিলেন সেখানেই, ‘বোর্ডের অনেকের সঙ্গে আমার এ নিয়ে কথা হয়েছে। তাঁরা বলেছেন, দেশে গেলে আমার সঙ্গে কথা বলবেন। আমি আমারটা জানিয়ে দিয়েছি। এখন তাঁরা যা করার করবেন।’ হুট করে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণাটা যে ভুল ছিল, অধিনায়ক মেনে নিচ্ছেন তাও, ‘আমি আমার ইচ্ছায় অধিনায়ক হইনি। পদত্যাগ করার পর এই উপলব্ধিটা এসেছে। তাঁরা (বিসিবি) আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, আমাকে গর্বিত করেছেন। আমার অবশ্যই তাঁদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। ভুলটা আমারই হয়েছে।’দেশে ফিরে বোর্ডের সঙ্গে আলোচনায়ও মুশফিক পুরোনো সিদ্ধান্তেই অটল থাকেন কি না, সেটা একটা বিষয়। তবে অন্য এক প্রশ্নের উত্তরে দিলেন আশাবাদী হওয়ার মতো আভাস। অধিনায়ক হিসেবে এখনো ভবিষ্যতের কথা ভাবেন মুশফিক, ‘এটা টিম গেম—সবারই ভুল ছিল। আমরা সেটা স্বীকারও করেছি। নিজেরা এ নিয়ে কথা বলেছি। দলের সবাই আমাকে অনেক সমর্থন দিয়েছে। আশা করছি, সামনের দিনগুলোতেও এ রকম হবে।’কিন্তু মুশফিকের পদত্যাগ ঘোষণার পর যে ঢাকায় বোর্ড সভাপতি বলেছিলেন, ‘টিম ওয়ার্কে’র অভাবও এই সিদ্ধান্তের একটা কারণ এবং সেটা নাকি মুশফিকই তাঁকে বলেছেন! কাল সংবাদ সম্মেলনে মুশফিক বললেন অন্য কথা, ‘আমাদের টিম ওয়ার্কে কোনো সমস্যা নেই। জিম্বাবুয়ের সঙ্গে হারছি, এটাই মেনে নিতে পারছিলাম না।’ তাহলে কেন দিয়েছিলেন ওই ঘোষণা? ‘টিম ওয়ার্কের ব্যাপার না...আসলে আমি সিদ্ধান্তটা নিয়েছি অনেকটা আবেগের বশে। এটা ভুল সিদ্ধান্ত ছিল। দলের এ রকম সময়ে আমার মতো কোনো খেলোয়াড়েরই পিছু হাঁটা উচিত না। খারাপ সময়ে আমি যেখানে সবাইকে সাহস দেব, সেখানে আমি পিছিয়ে যাচ্ছি! পরে বুঝেছি এটা ভুল ছিল।’আসলেই তাই। জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ অধিনায়কের সবচেয়ে বড় ভুল বোধ হয় ওটাই ছিল। তবে মাঠে সবারই আরও অনেক ভুলের খেসারত হিসেবেই এতটা খারাপ কাটল এবারের জিম্বাবুয়ে সফর। অধিনায়ক সেই ভুলগুলোর পরিমাণ ‘খুব বেশি না’ দাবি করলেও বলেছেন, ‘কিছু ক্রিটিক্যাল সময় আমাদের বিপক্ষে চলে গেছে। হয়তো যখন আমাদের একটা ৫০ রানের জুটি দরকার ছিল, তখন দু-তিনটি উইকেট হারিয়ে ফেলেছি। অথবা ভালো বোলিং দরকার, তখন হয়তো রান বেশি দিয়ে দিয়েছি। এ রকম কিছু জায়গায় উন্নতি করা উচিত। ব্যক্তিগতভাবেও আমাদের আরেকটু পরিণত আচরণ করা উচিত, আরেকটু স্মার্ট হওয়া উচিত এবং আরেকটু দায়িত্ব নেওয়া উচিত।’জিম্বাবুয়েতে কোনো সিরিজেই জয়ের বিকল্প কিছু ভাবে না বাংলাদেশ দল। বাস্তবে উল্টোটা হওয়ায় নিজেদের ভুল যেমন দেখছেন, অধিনায়ক দুষছেন ভাগ্যকেও, ‘ভাগ্যও আমাদের সাহায্য করছিল না। এর চেয়ে আরও অনেক ফল আশা করেছিলাম। ওয়ানডে সিরিজটা জেতা উচিত ছিল। প্রথম টি-টোয়েন্টিতেও জেতার মতো অবস্থা থেকে হেরেছি।’ শেষ ম্যাচে জেতায় সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ লেগেছে। সে জন্য সব কৃতিত্ব মুশফিক দিলেন সতীর্থদের, ‘টানা তিন ম্যাচ হারার পর শেষ ম্যাচে এত সহজে জেতা অনেক বড় পাওয়া। সব কৃতিত্ব খেলোয়াড়দের। মাঠে তারা অনেক পরিশ্রম করেছে। পুরো সিরিজ খারাপ গেলেও শেষ ম্যাচে ভালোভাবে ফিরে আসতে পেরেছি। এটাই বড় কথা। আশা করি, নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেও এই ধারাবাহিকতা থাকবে।’ওয়ানডে সিরিজ হারের পরের সংবাদ সম্মেলন আর কালকের মুশফিকুর রহিম যেন দুই মেরুর মানুষ। ঠিক ঝড়ে বিধ্বস্ত জাহাজের ডুবন্ত নাবিকের সঙ্গে ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়ানোর মানুষের যে পার্থক্য। বাংলাদেশ দল চায় এই মুশফিককেই।