মুশফিককে ছাড়া কত দিন পর!

খারাপ লাগাটার কথা বলেছেন টেস্ট শেষে সংবাদ সম্মেলনেই। গতকাল সকালে যখন ঢাকার বিমানে চেপেছেন মুশফিকুর রহিম, বুকের ভেতর একটা শূন্য অনুভূতিও হওয়ার কথা। সিরিজের মাঝপথে এভাবে দল ছেড়ে যাওয়ার অভিজ্ঞতা যে এই প্রথম! এই যে কাল সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলন ছিল বাংলাদেশ দলের, মুশফিক দলের সঙ্গে থাকলে নিশ্চিত সেখানে থাকতেনই। অথচ এখন হয়তো তাঁকে ব্যাগ গোছাতে হচ্ছে। বাংলাদেশের ম্যাচে ড্রেসিংরুমের বাইরে থাকার তিক্ত স্বাদ এত দিনে প্রায় ভুলে যাওয়ার কথা। আততায়ী চোট আবারও সেই স্বাদ মনে করিয়ে দিতে যাচ্ছে মুশফিককে।
বাংলাদেশ দলের অপরিহার্য অংশ হয়ে গেছে অনেক দিনই। আপাতত যেহেতু শুধু টি-টোয়েন্টি সিরিজের বাইরে আছেন, এটি দিয়েই শুরু করা যাক। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ভুবনে বাংলাদেশ আর মুশফিক মিলেমিশে একাকার। ২০০৬ সালের নভেম্বরে বাংলাদেশের অভিষেক টি-টোয়েন্টিতে ছিলেন, খেলেছেন চারটি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি, ছিলেন বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টিতেও। সাত বছরের পথচলায় ৩১টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, একটিতেই শুধু ছিলেন না মুশফিক। ২০০৮ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে করাচির টি-টোয়েন্টিতে উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন ধীমান ঘোষ।
মুশফিকের ক্যারিয়ারে সর্বশেষ টালমাটাল সময়ও ওই বছরটাতেই। ২০০৫ সালে লর্ডসে সবচেয়ে কম বয়সে টেস্ট খেলার রেকর্ড গড়ে বিস্ময় অভিষেক। পরের দুই বছরে ওয়ানডে, টি-টোয়েন্টি দলে মোটামুটি নিয়মিত হয়ে গেলেও টেস্ট খেলতে পেরেছিলেন আর মাত্র একটি, ২০০৬ সালে। প্রথম দুটি টেস্টে শুধুই ব্যাটসম্যান। ২০০৭ সালের জুলাইয়ে টেস্ট দলে ফিরলেন উইকেটকিপার-ব্যাটসম্যানের ভূমিকায়। মুশফিকের আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়ের শুরু বলা যায় সেটিকেও। এই অধ্যায় আবার প্রথমটির উল্টো। সাদা পোশাকে এবার জায়গা পাকা, রঙিন পোশাকে খানিকটা আসা-যাওয়া। ওই ২০০৭ সালের জুলাই থেকে এ পর্যন্ত বাংলাদেশের ১৮২টি ম্যাচের ১৬৫টিতেই ছিলেন মুশফিক। যে ১৭টিতে ছিলেন না, তার ১৫টিই ২০০৮ সালে। রঙিন পোশাকে মুশফিকের পড়তি ফর্মে ১৪টি ওয়ানডে আর ওই একটি টি-টোয়েন্টি খেলে ফেলেন ধীমান ঘোষ।
বাকি থাকল দুটি ম্যাচ। তবে সেই দুই ম্যাচে তাঁকে হারিয়ে কাতর ছিল দলও। তত দিনে উইকেটের পেছনে অবস্থান ছিল নিঃসংশয়, শুধু ব্যাটসম্যান হিসেবেও দলে জায়গা পাওয়ার দাবিদার। কিন্তু ২০১০ সালের ইংল্যান্ড সফরে প্রথম ওয়ানডেতে চোট বাঁধালেন। পরের ম্যাচে ব্রিস্টলে ইংল্যান্ডকে হারিয়ে সব দলকে হারানোর চক্রপূরণের সেই স্মরণীয় ম্যাচে বাংলাদেশের কিপিং গ্লাভস পরেছিলেন জহুরুল ইসলাম। পরের ওয়ানডেতেও বাইরে। সেই শেষ। ২০১০ সালের ১২ জুলাইয়ের পর বাংলাদেশের ৭৯ ম্যাচের সব কটিতেই ছিলেন মুশফিক। কিপিং সামলাচ্ছেন, আস্তে আস্তে হয়ে উঠেছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান, কাঁধে নিয়েছেন নেতৃত্বের গুরুভার। আধুনিক ক্রিকেটে যেখানে গা গরম কিংবা নেট অনুশীলনেই চোটের ঘটনা ঘটছে অহরহ, মুশফিকের সেখানে গত সাড়ে তিন বছর টানা খেলে যাওয়াটাই আসলে বিস্ময়। দলের সবচেয়ে ফিট ক্রিকেটার; কিন্তু একদিন না একদিন চোটের সঙ্গে দেখা হওয়াটা অবশ্যম্ভাবীই ছিল।
নিয়তিকে মেনে এখন গ্লাসের ভরা অংশটাই দেখতে হবে। একাদশে জায়গা মিললে যেমন বিকল্প উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে নিজের দাবিটা জানিয়ে রাখার দারুণ সুযোগ মোহাম্মদ মিঠুনের জন্য। কিংবা নিজের ভিতকে আরেকটু শক্ত করতে পারেন এনামুল হক। সুযোগের প্রসঙ্গে আরেকজনকেও আনা যায়। চোটের কারণে মুশফিকের মতো আরেক অভিজ্ঞ সেনানীকেও পাচ্ছে না দল। বাংলাদেশের ৩১টি টি-টোয়েন্টির ২৮টিতেই খেলা আবদুর রাজ্জাকও এবার বাইরে। ঘরোয়া ক্রিকেটের দীর্ঘদিনের পারফর্মার আরাফাত সানির সামনে সুযোগ তাই নিজেকে প্রমাণের। এভাবেই চোট থেকে জন্ম নেয় নতুন সম্ভাবনার!