মুশফিককে নিয়ে মৃদু অনিশ্চয়তা

ভারতের বিপক্ষে ম্যাচে শুধু পরাজয় নিয়েই মাঠ থেকে হোটেলে ফেরেনি বাংলাদেশ দল, সঙ্গী হয়েছিল একটা শঙ্কাও। সাকিব-তামিমের পর মুশফিকুর রহিমকেও না হারাতে হয় বাকি এশিয়া কাপ থেকে!
ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। পরশু রাতেই করানো এক্স- রেতে গুরুতর কিছু ধরা পড়েনি। কাল করানো এমআরই রিপোর্ট দেখেও মনে হচ্ছে না সমস্যাটা গুরুতর। তার পরও ফিজিও বিভব সিং মুশফিককে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে খেলবেন কি না, সে সিদ্ধান্ত হবে কাল সকালে।
মুশফিককে নিয়ে দুশ্চিন্তাটুকু বাদ দিলে বাংলাদেশ দল কাল ছুটির মেজাজেই ছিল। তবে একটা ব্যাপার তারা কিছুতেই ভুলতে পারছে না। সেটা হলো বিরাট কোহলির ব্যাটিং।
বিরাট কোহলি সত্যিই বিরাট এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছেন। পরশু ভারতের বিপক্ষে খেলা হয়ে গেছে। কাল খেলা আফগানিস্তানের সঙ্গে। অথচ বাংলাদেশের খেলোয়াড়দের চোখে ভাসছে কোহলির ১৩৬ রানের ইনিংসটা। বাংলাদেশ দলের এক ক্রিকেটারের আফসোসে ভরা মুগ্ধতা, ‘একটা আউটেরও সুযোগ দিল না কোহলি! মনে হলো ওর যেন আন্তর্জাতিক ক্রিকেটটা মুখস্থ। কখন কোন দিক দিয়ে রান করতে হবে, সব জানে।’
ভারতের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশের প্রথম টিম মিটিংটা হবে আজ। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচের পরাজয়ের বিশ্লেষণটা তাই হয়নি। তবে পরশু ম্যাচ শেষে কোচ শেন জার্গেনসেন খেলোয়াড়দের বলেছেন, ভেঙে পড়ো না। একটা ম্যাচে খারাপ কিছু হতেই পারে। সামনে আরও খেলা আছে। পেছন না ফিরে বরং সেদিকে তাকানো ভালো।
বিরাট কোহলি তবু বারবার ফিরে আসছেন। ভারত অধিনায়ককে নিয়ে বাংলাদেশ বোলারদের এত এত পরিকল্পনা, সব জলে গেল। ‘হোমওয়ার্ক’ বলছিল, স্টাম্পের ওপর আসা বলগুলোতে বেশির ভাগ সময় রক্ষণাত্মক খেলেন কোহলি। বোলারদের ওপর সে রকম বল করারই পরামর্শ ছিল। কিন্তু কিসের কী! ‘স্টাম্পের ওপর করা বলগুলোকেও কী দারুণ লেগ সাইডে ঘুরিয়ে দিল। কিংবা লেট কাটে পাঠাল থার্ডম্যানের দিকে। নিজে আউট না হলে ওকে আউট করা কঠিন’—কাল টেলিফোনে বলছিলেন বাংলাদেশ দলের আরেক ক্রিকেটার।
সব মিলিয়ে বাংলাদেশ শিবিরের উপলব্ধি—কোহলিকে যদি তাঁর সেঞ্চুরির আগে ড্রেসিংরুমে ফেরানো যেত, তাহলে জেতার ভালো সম্ভাবনা থাকত। টাইম মেশিন দিয়ে যেহেতু এক দিন আগের ম্যাচটাতে আর ফেরা যাচ্ছে না, কোহলির ব্যাটিং থেকে কিছু শেখাটাকেই সান্ত্বনা মানছেন বাংলাদেশ দলের এক ব্যাটসম্যান, ‘অনেক কিছু শেখার আছে কোহলির কাছ থেকে। আন্তর্জাতিক ক্রিকেটে তার রান করাটা এখন রুটিনে পরিণত হয়েছে। ক্রিকেটটা অনেক সহজ তার কাছে।’
টুর্নামেন্টে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। তার আগে গতকাল পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছে আফগানরা। ম্যাচটা ৭২ রানে হারলেও পাকিস্তানের ব্যাটিংটাকে শুরুতেই নাড়িয়ে দিয়ে তারা যেন নিজেদের অঘটন ঘটানোর সামর্থ্যেরই জানান দিল একটু। বাংলাদেশ দল এটাকে সতর্কসংকেত হিসেবে নিলেও নিতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নবীন এই দলটার সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য এশিয়া কাপে জয়টাই কাঙ্ক্ষিত।
বাংলাদেশ অবশ্য ছোট বলে আফগানিস্তানকে হারানোর আগেই হারিয়ে দিচ্ছে না। প্রথমবারের মতো দলটার মুখোমুখি হওয়ার আগে তাদের যথেষ্টই সমীহ করছে মুশফিকুর রহিমরা। এক দিন বিশ্রামের পর আজকের অনুশীলনে তাই আফগান-যুদ্ধের রণপরিকল্পনা সাজাবে বাংলাদেশ। বিরাট কোহলির কাছ থেকে কিছু শিখে থাকলে এই যুদ্ধে কাজে লাগবে সেটাও।