মুশফিককে সতর্ক করছে বিসিবি
এশিয়া কাপের দল নির্বাচন-প্রক্রিয়া নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলে আচরণবিধি লঙ্ঘনের কাজই করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তবে বোর্ড সূত্রে জানা গেছে, এ জন্য তাঁর আর্থিক জরিমানা বা অন্য কোনো শাস্তি হচ্ছে না। মুশফিককে শুধু একটা সতর্কতামূলক চিঠিই দেওয়ার চিন্তা করছে বিসিবি। তবে তা দেওয়ার আগে এ নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসানের মতামত নেওয়া হবে।
কাল অনুশীলন শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী মুশফিকের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলেন। এ ব্যাপারে কেউ বিস্তারিত বলতে না চাইলেও জানা গেছে, প্রকাশ্যে দল নির্বাচন নিয়ে নেতিবাচক মন্তব্য করা যে ঠিক হয়নি, মুশফিককে বোঝানোর চেষ্টা হয়েছে সেটাই। ভুল স্বীকার করেছেন মুশফিকও। পরে সেখানে যোগ দেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। আকরাম খানের বিশ্বাস, এই আলোচনার পর ভবিষ্যতে আর এ রকম সমস্যা হবে না, ‘আমি প্রধান নির্বাচক, অধিনায়ক ও কোচের সঙ্গে কথা বলেছি। আমার মনে হয় যোগাযোগে একটু গ্যাপ ছিল। পরে আমি ফারুক ভাই আর মুশফিকের সঙ্গে আলাদা বসেছি। আমার বিশ্বাস এখন সবকিছু ঠিক হয়ে গেছে।’
গত রোববার এশিয়া কাপ শুরুর আগের সংবাদ সম্মেলনে নির্বাচক কমিটির বিরুদ্ধে দল গঠনের সময় তাঁর সঙ্গে আলোচনা না করার অভিযোগ তুলেছিলেন মুশফিক। এ ছাড়া আরও কিছু কারণেও নির্বাচক কমিটির সঙ্গে মুশফিকসহ টিম ম্যানেজমেন্টের বোঝাপড়ার অভাব ফুটে উঠেছে। পরশু রাতে ভারত থেকে দেশে ফেরা ফারুক আহমেদ কাল সকালে মিরপুরের ইনডোরে দাঁড়িয়ে এসব বিষয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন। যার সারমর্ম, পুরো ব্যাপারটাই একটা ভুল-বোঝাবুঝি।
এই ভুল-বোঝাবুঝির সব দায়ই যে নির্বাচক কমিটির, তা অবশ্য নয়। অনেকে বলছেন, অধিনায়ক হিসেবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সহনশীলতা দেখাতে পারছেন না মুশফিকও। মাঝেমধ্যেই অধিনায়কের মতো দায়িত্বশীল একটা পদের সঙ্গে বেমানান রকম আবেগাক্রান্ত হয়ে পড়েন তিনি। গত জিম্বাবুয়ে সফরের মাঝপথে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে বিব্রতকর অবস্থায় ফেলেছিলেন বাংলাদেশ দল ও বিসিবিকে। এবারের ঘটনাকে সেটির সঙ্গে মেলাচ্ছেন অনেকেই।
আর বাংলাদেশ দলের ড্রেসিংরুমে যে অসন্তোষ, সেটির ভিন্ন ব্যাখ্যাও মিলছে কারও কারও কাছ থেকে। সব পেশাতেই ব্যর্থ হলে জবাবদিহির একটা দায় থাকে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের যেন সেই দায়টা নিতেই আপত্তি! শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রতিপক্ষকে বাগে পেয়েও বাজে খেলে জয় হাতছাড়া করার পর প্রধান নির্বাচক ফারুক আহমেদ যৌক্তিকভাবেই অসন্তোষ প্রকাশ করেছিলেন। সেটিই নাকি মেনে নিতে পারেননি ক্রিকেটাররা। ‘নির্বাচক বনাম দল’ ঘটনাপ্রবাহের সূচনাও সেখান থেকেই।
সবকিছু মিলিয়ে এশিয়া কাপের আগে অনাকাঙ্ক্ষিত এক বিতর্কের মধ্যে ঘুরপাক বাংলাদেশ দলের। কাল নানামুখী তৎপরতায় সেটি মোটামুটি স্তিমিত। তবে সবকিছু মুছে দিতে চাই একটা জয়। যেকোনো বিতর্ককে মাটিচাপা দিতে জয়ের চেয়ে মহৌষধ আর হয় না।