চার ফিল্ডার বাইরে রাখার নিয়ম ম্যাচে কতটা প্রভাব ফেলবে, সেটা প্রথম বোঝা যাবে হয়তো এই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই
মুশফিকদের চ্যালেঞ্জ নতুন নিয়ম
ওয়েস্ট ইন্ডিজ-বিসিবি একাদশ প্রস্তুতি ম্যাচের ২০তম ওভার। মার্শাল আইয়ুবের ফুল লেংথ বলে ডোয়াইন স্মিথের স্ট্রেট ড্রাইভ। লং অফ ফিল্ডার বৃত্তের ভেতরে, অনায়াসেই চার। লং অফ সীমানায় ফিল্ডার রেখে ডিপ স্কয়ার লেগকে বৃত্তের ভেতরে আনা হলো। পরের বল একটু খাটো লেংথ, স্মিথের পুল শট। এবার স্কয়ার লেগ দিয়ে চার!স্রেফ একটা খণ্ডচিত্র। পরশুর প্রস্তুতি ম্যাচে এমন দৃশ্য দেখা গেছে অসংখ্যবার। বল ফেলার জায়গা খুঁজে পেতে যেন প্রায়ই হিমশিম খাচ্ছিলেন এনামুল-সানিরা। আর ফিল্ডিং সাজাতে গিয়ে অধিনায়ক জহুরুল হককে মনে হচ্ছিল দিশেহারা। প্রস্তুতি ম্যাচের ওই ছবিটা আজ ফুটে উঠতে পারে মূল ম্যাচেও। ওই অসহায় চেহারা দেখা যেতে পারে রাজ্জাক-সোহাগদের, ফিল্ডিং সাজানোয় হিমশিম খেতে পারেন মুশফিকুর রহিম। পাওয়ার প্লে নয়, এমন ওভারগুলোতে বৃত্তের বাইরে রাখা যাবে মাত্র চারজন ফিল্ডার—আইসিসির নতুন নিয়ম যে বোলার আর ফিল্ডিং অধিনায়কদের অমন অসহায় হওয়ার ব্যবস্থাই করেছে!এ মাসের শুরুতে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজ দিয়ে নতুন নিয়মগুলো চালু হয়ে গেছে। পরিবর্তন বেশ কিছু এলেও আলোচনা-সমালোচনা-বিতর্ক চারজনের বেশি ফিল্ডার বৃত্তের বাইরে রাখতে না পারা নিয়েই। শ্রীলঙ্কা সিরিজে দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে, বাকি তিন ম্যাচেরও দৈর্ঘ্য কমেছে বৃষ্টির থাবায়। চার ফিল্ডার বাইরে রাখার নিয়ম ম্যাচে কতটা প্রভাব ফেলবে, সেটা প্রথম বোঝা যাবে হয়তো এই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই।ওয়েস্ট ইন্ডিজের জন্য এই নিয়ম হতে পারে সত্যিকারের এক আশীর্বাদ। ব্রাভো-স্যামুয়েলস-পোলার্ড-রাসেল-স্যামি...বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক মিডল ও লোয়ার-মিডল অর্ডার সম্ভবত ওয়েস্ট ইন্ডিজেরই। আর গেইল-সিমন্স-স্মিথরা টিকে গেলে তো কথাই নেই। বোলিংয়ের সময়ও বাড়তি দুশ্চিন্তা খুব একটা নেই। ওয়েস্ট ইন্ডিজের মূল স্পিনার সুনীল নারাইন আক্রমণাত্মক বোলার, এমনিতেই বেশির ভাগ সময় পাঁচজন ফিল্ডার ভেতরে রাখেন। পাওয়ার প্লেতে নিয়মিত বোলিং করার অভ্যাসও তাঁর আছে।বাংলাদেশের ঘটনা উল্টো। বরাবরই স্পিননির্ভর দল, বিশেষ করে দেশের মাটিতে। একটা পরিসংখ্যান থেকেই নির্ভরতা আরও ভালোভাবে বোঝা যাবে। দেশের মাটিতে ওয়ানডেতে বাংলাদেশের জয়ে ২০৭ উইকেট নিয়েছেন স্পিনাররা, পেসাররা ১৩৭। আবার ব্যাটিংয়ে এই সুবিধা কাজে লাগানোর জন্য মিডল অর্ডারে ‘পাওয়ার হিটারও’ নেই বাংলাদেশের!স্পিনারদের জন্য একরকম সহানুভূতিই ঝরল কাল ড্যারেন স্যামির কণ্ঠে, ‘এটা আরও ব্যাটসম্যানদের খেলা হয়ে যাচ্ছে। বৃত্তের বাইরে পাঁচজন ফিল্ডার নিয়েই তো ৩০০ রান উঠছিল। এখন মাত্র চারজন, স্পিনারদের জন্য আমার দুঃখই হচ্ছে।’স্যামির কথাটা একদিক থেকে বাংলাদেশের জন্য হুমকিও। শঙ্কাটা বাংলাদেশ দলেও না থাকার কথা নয়। খুবই স্বাভাবিক যে, মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে সেটি প্রকাশ করবেন না, ‘স্পিনারদের জন্য কাজটা চ্যালেঞ্জিং করে তুলেছে এই নিয়ম। পেসারদের জন্যও। তবে আমরা এটা নিয়ে কাজ করছি, কিছু পরিকল্পনাও আছে আমাদের। মাঠে সেগুলো কাজে লাগাতে পারলে খুব সমস্যা হওয়ার কথা নয়।’সাকলায়েন মুশতাক খুব ইতিবাচক মানসিকতার মানুষ। ‘এখন আর খেলছেন না বলে নিশ্চয়ই নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে’—শুনে মজাটা বুঝেও যেন অবাক হয়ে গেলেন বাংলাদেশের স্পিন কোচ, ‘কেন? আমি তো এমনিতেও বেশির ভাগ সময় পাঁচ ফিল্ডার ভেতরে রেখে বোলিং করতাম। আক্রমণাত্মক চিন্তাভাবনা করতে হবে, পাঁচ ফিল্ডার ভেতরে রাখা মানে তো রানও আটকে দেওয়া! আর ঝুঁকি নিতে গেলে উইকেট পাওয়ার সম্ভাবনাও বেশি।’ এরপর মাথা ও বুকে টোকা দিয়ে বললেন, ‘শুধু এখানে শক্তিশালী হতে হবে।’ সাকলায়েনের প্রভাবেই কিনা অভিষেকের অপেক্ষায় থাকা সোহাগ গাজীও বললেন, ‘এখন তো সিঙ্গেল অনেক কম হবে। আর তুলে মারতে গেলে উইকেট পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যাপারটা এভাবে ভাবলেই হয়ে যাবে।’শুধু বোলার নয়, নতুন নিয়ম বড় চ্যালেঞ্জ অধিনায়কের জন্যও। পরশুর ম্যাচ থেকে বিসিবি একাদশের অধিনায়ক জহুরুলের উপলব্ধি, ‘বোলারদের ফিল্ড প্লেসিং আর পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে হবে। না হলে অধিনায়কের কাজ খুব কঠিন হয়ে যাবে।’ ড্যারেন স্যামি চ্যালেঞ্জটার উত্তর দিলেন স্বভাবসুলভ রসিকতায়, ‘আমি স্রেফ মনে রাখব মিড অফ বা মিড অনকে ভেতরে রাখতে হবে!’ সংবাদ সম্মেলন করে ফেরার পথে মুশফিকুরকে অবশ্য একটু চিন্তিতই মনে হলো, ‘কঠিন, খুব কঠিন হয়ে গেল কাজটা।’বাংলাদেশের অধিনায়কের কাজ তো এমনিতেই কঠিন। সেটি আরও কঠিনতর হলো আর কি!