ফ্লাইট ছিল রাত সাড়ে ১২টায়। সেটি ছাড়তে ছাড়তে রাত দেড়টা। দেরি হলো মুশফিকুর রহিমের জন্য। খেলা শেষে ক্যাপ্টেনস ডাগ-আউটের সাক্ষাৎকার, সংবাদ সম্মেলন, রাইটস হোল্ডারদের ক্যামেরার সামনে কথা বলা আর ঢাকায় আসার প্রস্তুতি নিতে নিতেই এই দেরি। মাঠ থেকে বাংলাদেশ দলের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছাতে পৌঁছাতে রাত একটা।
হংকং দল ততক্ষণে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ। শুধু বাংলাদেশ-হংকং ম্যাচের দুই দলের জন্য দেওয়া বিশেষ বিমানটিতে তারা ঠিক সময়ে উঠে বসলেও দীর্ঘ অপেক্ষা করতে হলো বাংলাদেশ দলের জন্য। তবে জয়ের আবেশে দলের সবাই এতটাই আবিষ্ট ছিল যে, সেই অপেক্ষাও সম্ভবত তাদের কাছে ক্লান্তিকর লাগেনি। এমনটা অনুমান করা গেল বিমান আকাশে ওড়ার পর এবং রাত দুইটায় বিমানটি ঢাকায় পৌঁছানোর পর হংকং খেলোয়াড়দের কর্মকাণ্ড দেখে। একটু আগে মাঠে যাঁদের হারিয়ে এসেছেন, সেই সাকিব-তামিমদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন সবাই। কেউ কেউ অটোগ্রাফও নিলেন বাংলাদেশের কোনো কোনো ক্রিকেটারের।
হংকং খেলোয়াড়দের আর কী দোষ! বাংলাদেশ না হয় ম্যাচটা হেরে গেছে, তাই বলে তাদের ‘স্বপ্নের তারকা’দের মূল্য তো কমে যেতে পারে না! যাঁদের খেলা টেলিভিশনে দেখেন, যাঁদের কথা ওয়েবসাইটে পড়েন, তাঁদের এত কাছে পেয়ে একসঙ্গে ফ্রেমবন্দী হওয়ার সুযোগ ছাড়েননি হংকংয়ের শৌখিন ক্রিকেটাররা। নিজেদের প্রতি হংকংয়ের খেলোয়াড়দের এমন আগ্রহ দেখে বাংলাদেশের খেলোয়াড়েরাও নিশ্চয়ই আফসোস করেছেন—‘এ কাদের কাছে হারলাম আমরা!’
হংকংয়ের কাছে হারের দুঃখ সুপার টেনে ওঠার আনন্দকে উপভোগ করতে দিচ্ছে না কাউকেই। সন্দেহ নেই এই হতাশা সবচেয়ে বেশি গ্রাস করেছে ক্রিকেটারদের। কিন্তু টেনেটুনে সুপার টেনে যখন একবার উঠেই পড়া গেছে, তখন আর হতাশা আঁকড়ে থেকে লাভ কী! দ্বিতীয় পর্বে বড় বড় দলের বিপক্ষে খেলা। তার আগে হংকং-ট্র্যাজেডি যতটা সম্ভব ভুলে গিয়ে নতুন করে মানসিক প্রস্তুতি নেওয়াই শ্রেয়। হ্যাঁ, পরশুর বিষাদময় রাতের পর সবার আগে খেলোয়াড়দের মানসিক অবস্থায় উন্নতি আনার চেষ্টাই চালাচ্ছে টিম ম্যানেজমেন্ট। কালকের পর আজকের দিনটাও তাই বিশ্রামে থাকবে দলের সবাই। কেউ কেউ সময়টা পরিবারের সঙ্গে কাটাতে হোটেল থেকে বাসায়ও চলে গেছেন বলে খবর। অবশ্য প্রথম পরিকল্পনায় আজ ঐচ্ছিক অনুশীলন ছিল ক্রিকেটারদের। কিন্তু ভেন্যু বিকেএসপিতে হওয়ায় সে পরিকল্পনা বাদ দিয়ে ছুটি দেওয়া হয়েছে আজও।
খেলোয়াড়দের জন্য এই ছুটি কতটা উপভোগ্য সেটা তো অনুমেয়ই, সাধারণ ক্রিকেটপ্রেমীরাও কাল সাপ্তাহিক ছুটির দিনটা হংকং-বিলাপ করতে করতেই পার করল। একে তো বাংলাদেশ দল এত বড় একটা অঘটনের শিকার, তার ওপর ম্যাচের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকের কিছু কথাও জ্বালা ধরিয়েছে মনে। এমন হারেও প্রাপ্তি খোঁজা, ব্যর্থ ক্রিকেটারদের মাথার ওপর ছাতা ধরা সমালোচকদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে অধিনায়ককে। তবে দল সূত্রের তথ্য, ও রকম বাজে হারের পরও সংবাদ সম্মেলনে অধিনায়ক ক্রিকেটারদের আগলে রাখতে চেষ্টা করেছেন একটা বিশেষ কারণে।
এর আগে প্রকাশ্যে সতীর্থদের সমালোচনা করে উল্টো দলের মধ্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন মুশফিক। এশিয়া কাপের ব্যর্থতার পর দায়িত্বজ্ঞানহীন ক্রিকেট খেলার জন্য সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের প্রতি ক্ষোভ ঝেড়েছিলেন। টিম ম্যানেজমেন্ট, অধিনায়কের সঙ্গে বিসিবির শীর্ষকর্তাদের আলোচনায়ও আবার উগরে দেওয়া হয় সেই ক্ষোভ। সেসব পত্রপত্রিকায় এসে পড়ায় শেষ পর্যন্ত মুশফিকেরও মনে হয়েছে, প্রকাশ্যে সতীর্থদের সমালোচনা করাটা তাঁর ঠিক হয়নি। হংকংয়ের কাছে লজ্জাজনক পরাজয়ের পর সে জন্যই স্টান্স বদলেছেন বাংলাদেশ অধিনায়ক। ছাতা ধরলেন সতীর্থদের মাথার ওপর।
অধিনায়ক হিসেবে মুশফিক হয়তো ঠিক কাজই করেছেন। কিন্তু সতীর্থরা সেটার মূল্য বুঝবেন তো?