টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫৯ রানে হারার পরেই টলমল হয়ে গিয়েছিল বাংলাদেশের স্বপ্ন। গ্রুপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান নিউজিল্যান্ডকে হারানোর পর আরও এলোমেলো হয়ে গেছে বাংলাদেশের গ্রুপ পর্বের বাধা পেরোনোর হিসেব। আগামীকাল মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে শুধু জয়ই যথেষ্ট নয়। জিততে হবে বড় ব্যবধানে। এইরকম কঠিন পরিস্থিতিতেও সাহসী পদক্ষেপেই মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে কোন কিছুই অসম্ভব নয়। এই মন্ত্রটাই এখন জপে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আর টাটকা অনুপ্রেরণা হিসেবে আছে গতকাল রোববার ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ৯০ রানের বিশাল ব্যবধানের হারটা।১৯৯৯ সালের বিশ্বকাপে শেষবারের মতো পাকিস্তানকে হারের স্বাদ দিয়েছিল বাংলাদেশ। তারপর ১৩ বছরেরও বেশি সময়ে ৩৭টি ম্যাচেই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। এসব পরিসংখ্যান মাথায় থাকলেও মুশফিকুর রহিম এখন ইতিবাচক মনোভঙ্গি নিয়েই মাঠে নামতে চাইছেন। আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘এটা খুব কঠিন। কিন্তু অসম্ভব না। এটা টি-টোয়েন্টি, আর ইংল্যান্ড গতকাল গুটিয়ে গিয়েছিল মাত্র ৮০ রানে। কে ভেবেছিল এমনটা ঘটবে। পাকিস্তান খুবই ভালো দল কিন্তু অপরাজেয় নয়। আমরা যদি আগামীকাল আমাদের সেরা খেলাটা খেলতে পারি, সবাই যদি নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে খেলতে পারে তাহলে অনেক কিছুই সম্ভব।’নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ অনেকখানি নির্ভর করেছিল স্পিনারদের উপরে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়াটাও খুব একটা কাজে আসেনি। কিন্তু কালকের ম্যাচে একজন পেসার বেশি নিয়েও মাঠে নামার পরিকল্পনা আছে টাইগারদের। তবে আগামীকাল উইকেটের পরিস্থিতি দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুশফিক। তিনি বলেছেন, ‘আমরা আগামীকাল উইকেটের পরিস্থিতিটা দেখব। এটা একটা দিবারাত্রির ম্যাচ। আমাদের বেশ কিছু পেসারের বিকল্প চিন্তা আছে। আমরা একজন স্পিনারের পরিবর্তে পেসার নিয়েও মাঠে নামতে পারি। আগামীকাল উইকেট দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।— ক্রিকইনফো