মুশফিকদের সামনে পুরো শক্তির আয়ারল্যান্ড
আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে মাত্রই আফগানিস্তানের বিপক্ষে খেলল আয়ারল্যান্ড। ডাবলিনে পরশু শেষ হওয়া ওই চার দিনের ম্যাচে কাউন্টি ব্যস্ততার কারণে ছিলেন না নিয়মিত অধিনায়ক পোর্টারফিল্ড, জয়েস, ডকরেলরা। তবে বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে পুরো শক্তির দল নিয়েই নামছে আইরিশরা। ১৫ সদস্যের দলে আছেন নিয়মিত সবাই। বরং তিন মাস পর চোট কাটিয়ে ফিরেছেন দলের এক নম্বর পেসার বয়েড র্যানকিন।গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের শিরোপা জয়ে বড় অবদান ছিল র্যানকিনের। আরব আমিরাতের নিষ্প্রাণ উইকেটেও পেয়েছিলেন ১৫ উইকেট। তবে ডান পায়ের চোট নিয়ে গত এপ্রিল থেকেই মাঠের বাইরে ওয়ারউইকশায়ারের পেসার। জাতীয় দলে ফিরে বাংলাদেশকে যেন খানিকটা হুমকিও দিয়ে রাখলেন ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা পেসার, ‘বাংলাদেশের বিপক্ষে খেলতে আমি উন্মুখ। সাম্প্রতিক বছরগুলোয় ওদের সঙ্গে আমাদের দারুণ কিছু লড়াই হয়েছে। বিশ্বকাপ কোয়ালিফাইংয়ে জনস্টনের সঙ্গে আমার নতুন বলের জুটি বেশ কার্যকর হয়েছিল। এই সিরিজটা আইরিশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ, আশা করি, আমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।’তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৮ জুলাই। এর আগে আগামীকাল কম্বারে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্থানীয় সময় সাড়ে ১২টায় শুরু ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড একাদশ, বিকেল ৫টায় প্রতিপক্ষ নর্দার্ন ক্রিকেট ইউনিয়ন নির্বাচিত একাদশ। ওয়েবসাইট।আয়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যালেক্স কুসাক, জর্জ ডকরেল, ট্রেন্ট জনস্টন, এড জয়েস, জন মুনি, টিম মারটাগ, কেভিন ও’ব্রায়েন, নিয়াল ও’ব্রায়েন, অ্যান্ড্রু পয়েন্টার, বয়েড র্যানকিন, ম্যাক্স সরেনসন, পল স্টারলিং, অ্যান্ড্রু হোয়াইট, গ্যারি উইলসন।