মুশফিকুরকে ছাড়া বিশ্বকাপে গেল বাংলাদেশ
পরীক্ষার জন্য আটকে গেলেন মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কাল রাতে তাঁকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ রওনা দিয়েছে বাংলাদেশ দল। দুবাই হয়ে সাকিব আল হাসানরা ওয়েস্ট ইন্ডিজের বারবাডোজে পৌঁছাবে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১২টায় (স্থানীয় সময় দুপুর দেড়টা)।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র মুশফিকুর রহিম এবার তৃতীয় বর্ষ ফাইনাল পরীক্ষা দিচ্ছেন। আজও পরীক্ষা থাকায় তাঁর পক্ষে কাল দলের সঙ্গে বিমানে ওঠা সম্ভব হয়নি। মুশফিকুর ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবেন আজ রাতে।আগামী ৩০ এপ্রিল নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। একই মাঠে ওই দিনই আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১ মে। পাকিস্তানের বিপক্ষে এ ম্যাচের ভেন্যু সেন্ট লুসিয়ার বোসেজো স্টেডিয়াম। এর আগে ব্রিজটাউনে ২৭ ও ২৮ এপ্রিল বাংলাদেশ দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বারবাডোজ ও ইংল্যান্ডের বিপক্ষে।