মুশফিকুরের ‘কিপিং গুরু’ ক্যাম্পবেল
উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে এখনো প্রথম পছন্দ তিনিই। উইকেটের সামনে তো দলের সেরাদেরই একজন। কিন্তু উইকেটের পেছনে মুশফিকুর রহিম যেন একটু অন্যরকম, খানিকটা নড়বড়ে। সেই উপলব্ধি থেকেই হোক কিংবা নিজেকে আরও শাণিত করতে, কিপিং নিয়ে বাড়তি কাজ করার কথা ভাবছেন মুশফিকুর।ফিটনেস ট্রেনিংয়ের পর পরশু ব্যাট হাতে নিয়েছেন। পরে ট্রেনার গ্রান্ট লুডেনের সঙ্গে বেশ কিছুক্ষণ নিবিড় উইকেটকিপিং অনুশীলনও করলেন। কাল জানালেন, সামনের দিনগুলোয় আরও সময় দেবেন কিপিং অনুশীলনে। মুশফিকুরের কাজ তো মুশফিকুর করেই যাবেন। কিন্তু এটুকুই কি যথেষ্ট? ব্যাটিং সামর্থ্য, দলীয় সমন্বয় ও সার্বিক বাস্তবতা বলছে, বাংলাদেশ দলের কিপিং গ্লাভস আরও অনেক দিন মুশফিকুরের হাতেই থাকার কথা। তাহলে তাঁর কিপিংয়ের ঘাটতি বা সমস্যাগুলো দূর করতে সর্বোচ্চ চেষ্টা কেন করা হবে না? তাঁর নিজের চেষ্টার সঙ্গে কেন যোগ হবে না বোর্ডের সর্বোচ্চ সহযোগিতা? ব্যাটিং-বোলিংয়ের মতো উইকেটকিপিংটাও তো বিশেষজ্ঞ খেলোয়াড়ের কাজ। তাহলে কিপিংয়ের জন্য কেন থাকবে না কোনো বিশেষজ্ঞ কোচ? সব সময়ের জন্য হয়তো প্রয়োজন নেই, কিন্তু কোনো বিশেষজ্ঞকে সাময়িক আনলেও লাভ ছাড়া ক্ষতি কিছু নেই। মুশফিকুর তো বটেই, পাইপলাইনে থাকা উইকেটরক্ষকেরাও পেয়ে যেতে পারেন ভবিষ্যতের পথরেখা।একজন ‘গুরু’র অভাব বোধ করছেন মুশফিকুর নিজেও। নিজের তাগিদেই তাই কদিন আগে ছুটে গিয়েছিলেন অ্যালান ক্যাম্পবেলের কাছে। সম্প্রতি মাস খানেকের জন্য একাডেমির ‘অতিথি’ কোচ হয়ে এসেছেন ক্যাম্পবেল। উইকেটরকক্ষক ব্যাটসম্যান খেলোয়াড়ি জীবনে খুব বেশি কিছু করতে পারেননি। স্টিভ রিক্সনের মতো একজন ছিলেন বলে নিউ সাউথ ওয়েলসের হয়েও নিয়মিত খেলতে পারেননি। তবে উইকেটরক্ষক-ব্যাটসম্যানদের কোচ হিসেবে ক্রিকেট-বিশ্বে যথেষ্টই সুনাম আছে তাঁর। মুশফিকুর অবশ্য কোচ ক্যাম্পবেল সম্পর্কে খুব বেশি জানতেন না। স্রেফ উইকেটরক্ষক-ব্যাটসম্যানদের একজন কোচ এসেছেন জেনেই ছুটে গিয়েছিলেন। কথা বলে জেনেছেন অনেক, সময়ও চেয়েছেন ক্যাম্পবেলের কাছে। সামনেই হয়তো কিছু সময় কাজ করবেন দুজন। বিশেষজ্ঞ কোচের প্রয়োজনটা ব্যাখ্যা করলেন মুশফিকুর নিজেই, ‘স্পেশালিস্ট কোচ থাকলে তো অবশ্যই ভালো হয়। আমি নিজে কাজ করছি, সাপোর্ট স্টাফরাও সহযোগিতা করছে। খুব খারাপ হচ্ছে বলব না। কিন্তু স্পেশালিস্ট কোচ টেকনিক্যাল অনেক খুঁটিনাটি ব্যাপার ধরিয়ে দিতে পারেন। হয়তো একটি-দুটি টিপসেও আমার অনেক বড় উপকার হতে পারে।’মুশফিকুরের জন্য একজন বিশেষজ্ঞ কবে আসবে কে জানে! আপাতত দেখা যাক, ক্যাম্পবেলের কাছ থেকে কতটা উপকার পান তিনি।