৪ উইকেট পড়ে গিয়েছিল ৭১ রানে। এরপর যদি দলের ৯০ রানে আউট হয়ে যেত মুশফিকুর রহিমও, ম্যাচটা বাংলাদেশ দলের জন্য অন্যরকম হতে পারত। কালকের ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আমি বলব ব্যক্তিগত ১৪ রানের সময় মুশফিকুরের আউটের হাত থেকে বেঁচে যাওয়াকেই। ক্রেমারের বলে টাটেন্ডা টাইবু ওর স্টাম্পিং মিস করেছে—ওখান থেকেই তো ম্যাচটা বাংলাদেশের!এই উইকেটে ২০০-এর ওপরে রান করলেই প্রতিপক্ষের জন্য জেতা কঠিন। কিন্তু মুশফিকুর তখন আউট হয়ে গেলে বাংলাদেশের জন্য বিপদের কারণ হতে পারত সেটা। অন্য কেউ এসে সাকিবকে কতটা সাহায্য করতে পারত কে জানে। উইকেট খুব সহজ ছিল না তখন। টার্ন-মুভমেন্ট দুটোই পাচ্ছিল বোলাররা। ৭১ রানে ৪ উইকেট পড়ার পর সাকিব-মুশফিকুর ১১৬ রানের জুটিটাই আসলে বাংলাদেশকে জেতার মতো অবস্থায় নিয়ে গেছে।‘টার্নিং পয়েন্টের’ সঙ্গে ঠিক যায় না, তবু কালকের ম্যাচের আরেকটা ব্যাপার নিয়ে একটু বলতে চাই। মাশরাফিকে ওভাবে ফিরতে দেখে খুবই ভালো লেগেছে আমার। মাত্র একটি উইকেট পেলেও অসাধারণ বল করেছে ও। আমি নিশ্চিত, বড় দলের বিপক্ষে এই বোলিংটা করলে মাশরাফি আরও বেশি উইকেট পেত। জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা তো ওর ওভারগুলো কোনোমতে পার করে দিতে চেয়েছে।