মুশফিকের একটু 'বিশ্রাম' এবং...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা এলেন এবং দুটি প্রশ্ন ছড়িয়ে দিলেন—
* ভারতের বিপক্ষে বাংলাদেশের তিনটি ওয়ানডে জয়ের প্রথম দুটিরই ম্যান অব দ্য ম্যাচ তিনি। এ কারণেই কি তাঁকে পাঠানো?
* নাকি মুশফিকুর রহিম আসতে চাননি বলে! সেই শ্রীলঙ্কা সিরিজ থেকে এশিয়া কাপ হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ...ব্যর্থতার রেলগাড়িতে চড়া অধিনায়ককে তোতা পাখির মতো একই কথার পুনরাবৃত্তি করে যেতে হচ্ছে। আর কত?
—দুটির যেকোনোটিকেই কারণ ধরে নিতে পারেন। অথবা দুটিকেই।
ক্রিকেটে অধিনায়কত্ব যেমন গৌরবের, কখনো কখনো বিষম দায়ও। মুশফিকুর রহিম প্রথমটির স্বাদও পেয়েছেন, এখন ভালোমতোই পাচ্ছেন দ্বিতীয়টিরও। মাশরাফি না হয় এক দিন বাঁচিয়ে দিলেন, কিন্তু এভাবে কয় দিন? আবার তো আসতেই হবে ‘তোতা পাখি’ হয়ে। ম্যাচ জিতে গেলে অবশ্য ভিন্ন কথা। তবে সামনে প্রবল তিন প্রতিপক্ষের সঙ্গে সেই আশা বাংলাদেশ দলও করছে কি না সন্দেহ!
মুশফিক-মাশরাফি করতে করতে বাংলাদেশ দলের মধ্যে সৃষ্ট বিরাট এক বৈষম্যের কথা কিন্তু চাপাই পড়ে যাচ্ছে। অধিনায়ক মুশফিককে যেখানে প্রায় প্রতিদিনই সংবাদ সম্মেলনের জ্বালায় পুড়তে হচ্ছে, সেখানে দলের অন্যরা দিব্যি গায়ে ফুঁ দিয়ে বেড়াচ্ছেন। একটা কটু প্রশ্নও তাঁদের দিকে ধেয়ে যাচ্ছে না। বাজে শট খেলে আউট হলেই কী বা চারটা সহজ ক্যাচ ফেললেই কী, অধিনায়ক তো আছে! মিডিয়ার ঝড়-ঝাপটা তিনিই সামলাবেন। কোনো সাংবাদিক যদি আসা-যাওয়ার পথে বা টেলিফোনেও খেলা নিয়ে কিছু জিজ্ঞেস করেন, বিনয়ী ভাব দেখিয়ে বলে দেওয়া যাচ্ছে, ‘আমি তো বলতেই চাই...কিন্তু বোর্ডের যে নিষেধ আছে!’
বিসিবি সভাপতিদের চিন্তাভাবনায় মাঝেমধ্যেই নতুন নতুন আইডিয়া উঁকি দেয়। সাবেক এক সভাপতি একবার বলেছিলেন, ওয়ানডে খেলার জন্য নাকি আলাদা স্টেডিয়াম বানাবেন। পরশু বর্তমান সভাপতি নাজমুল হাসানও একই রকম উদাহরণ সৃষ্টি করে জানালেন, টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আলাদা কোচ আনার একটা আইডিয়া নাকি তাঁর মস্তিষ্কে খেলে যাচ্ছে! তা বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন নিয়েও একটা নতুন আইডিয়া সভাপতি ও তাঁর পরিচালনা পর্ষদ নাড়াচাড়া করে দেখতে পারেন। ম্যাচসেরার যেমন সংবাদ সম্মেলনে যাওয়া নিয়ম, তেমনি বাংলাদেশ হারলে ওই ম্যাচে সবচেয়ে খারাপ খেলা খেলোয়াড়কে পাঠিয়ে দিলে হয়! যাতে তাঁকে প্রশ্ন করা যায়, ‘আপনি যে দুটি ক্যাচ ছাড়লেন, তার মধ্যে কোনটিকে এগিয়ে রাখবেন?’ কিংবা, ‘যে শটটা খেলে আউট হলেন, ওটাই কি আপনার প্রিয় শট? বারবার একই শট খেলে আউট হন তো...’ ইত্যাদি।
যতক্ষণ সেটা না হচ্ছে, সাংবাদিকদের গৎবাঁধা সংবাদ সম্মেলনই গিলতে হবে। কালকের সংবাদ সম্মেলনে নতুন চরিত্র হয়ে আসা মাশরাফিও যার বাইরে যেতে পারলেন না। ‘পরপর দুটি ম্যাচে এভাবে হারা ভীষণ হতাশাজনক...আমাদের সেরা খেলাটাই খেলতে হবে...পেসারদের ভালো শুরু এনে দিতে হবে...আমরা জেতার জন্যই মাঠে নামব...জয়ের জন্য সম্মিলিত পারফরম্যান্স প্রয়োজন’ বলে গেলেন এ রকম হাজারবার শোনা কথা। মাশরাফিকে দোষ দিয়ে লাভ নেই। এর বাইরে তিনি কী-ইবা বলবেন!
তার পরও তিনি মাশরাফি তো! একটু না একটু ব্যতিক্রমী ছাপ রেখে যাবেনই। ভারতের বিপক্ষে তাঁর সুখস্মৃতির কথা মনে করিয়ে দেওয়া হলো। অন্য কেউ হলে হয়তো বলতেন, ‘হ্যাঁ, ওই দুটি ম্যাচ এখনো আমার চোখের সামনে ভাসছে। কালকের (আজকের) ম্যাচেও সেই পারফরম্যান্স অনুপ্রেরণা হবে।’ কিন্তু মাশরাফি বললেন, ‘আমি বিশ্বাস করি না, আগের ম্যাচ ভালো খেলেছি বলে এই ম্যাচেও ভালো খেলব। হয়তো আগের ম্যাচে যে ব্যাটসম্যানরা ছিল, তারা এখন নেই বা যে বোলাররা ছিল তারা থাকবে না। নতুন ম্যাচে ঘুম থেকে শুরু করে মাঠে এসে ওয়ার্মআপ—সবকিছুই নতুনভাবে হবে। আমি এটাই বিশ্বাস করি।’
‘নতুন’ ম্যাচে ‘নতুন’ কিছু ঘটিয়ে সংবাদ সম্মেলনে ‘নতুন’ কিছু বলার সুযোগ কি মুশফিকুর রহিমকে করে দিতে পারবেন মাশরাফিরা?