আশরাফুলের ফিক্সিং কেলেঙ্কারিতে কিছুদিন ধরেই তোলপাড় গোটা দেশ। বর্তমান-সাবেক ক্রিকেটার থেকে আমজনতা, সবার মাঝেই বিশ্বাস-অবিশ্বাস, সংশয়-সন্দেহ, ঘৃণা-সহানুভূতি সবকিছুর মিশেলে অদ্ভুত এক দোলাচলে বাংলাদেশ। তবে এত দিন টুঁ শব্দটি শোনা যায়নি মুশফিকুর রহিমের মুখে। অবশেষে মুখ খুললেন সর্বশেষ সিরিজের বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশের অনেক ভক্ত-সমর্থকের হূদয়ের যা চাপা কান্না, ইএসপিএনক্রিকইনফোকে মুশফিক বলেছেন সেটাই। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে গর্বের জায়গাটিতে কালির ছোপ দেখছেন মুশফিক।আশরাফুলের স্বীকারোক্তিতে গোটা দেশের মতো স্তম্ভিত হয়ে গিয়েছিলেন মুশফিকও। হতভম্ব ভাবটা কেটে যাওয়ার পর তাঁকে আঁকড়ে ধরেছে তীব্র কষ্টবোধ, ‘আমাদের কোনো ক্রিকেটার এসবে জড়িত নয়, এটা ছিল আমাদের বড় একটা গর্বের জায়গা। কয়েকজন ক্রিকেটার প্রস্তাব পেয়েও রাজি হয়নি, ওদের আমরা কুর্নিশ করেছি। খারাপ খেললেও আমাদের জন্য গর্বের ব্যাপার ছিল যে আমাদের কেউ এমন কাজে জড়িত নয়। তদন্ত এখনো চলছে। তবু বলতে হচ্ছে, যা হয়েছে, মোটেও আমাদের জন্য ভালো কিছু হয়নি।’সংবাদমাধ্যমে ঘটনা যখন প্রথম ছড়াল, তখনো বিশ্বাস করতে পারেননি মুশফিক। কিন্তু আশরাফুলের স্বীকারোক্তির পর, ‘শুরুতে আমার খারাপ লেগেছিল। বিশ্বাস করতে পারছিলাম না। তদন্ত এখনো চলছে। কিন্তু যখন তাঁর মুখ থেকে শুনলাম, আরও বেশি খারাপ লেগেছে। বিপিএলের ম্যাচগুলোকে পাশে সরিয়ে রাখলেও আন্তর্জাতিক ম্যাচগুলোর কথা যখন শুনলাম, আমার কাছে অস্বাভাবিক ও অবিশ্বাস্য মনে হয়েছে।’ আকসুর কাছে দেওয়া আশরাফুলের জবানবন্দি থেকে প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদনে যে আন্তর্জাতিক ম্যাচগুলোতে ফিক্সিংয়ের কথা এসেছিল, তার মধ্যে একটিতে অধিনায়ক ছিলেন মুশফিকই। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে।শুধু ওই ম্যাচে অধিনায়ক ছিলেন বলেই নয়, দীর্ঘদিনের সতীর্থ বলেও বিশ্বাসভঙ্গের বেদনায় পুড়ছেন মুশফিক। আশরাফুল এমন কিছু করতে পারেন, ভাবতে পারেননি ঘুণাক্ষরেও। তবে সহানুভূতি নয়, দোষী প্রমাণিত হলে আশরাফুলের কঠোর শাস্তি চান মুশফিক, ‘এত দিন ধরে আমরা তাঁর সঙ্গে আছি, কখনোই ভাবতে পারিনি এমন কিছু হয়েছে। মাশরাফি ভাই সেদিন বলেছেন যে তাঁরা একসঙ্গে ঘুমিয়েছেন পর্যন্ত। তবে দোষী প্রমাণিত হলে তাঁর শাস্তি হওয়াই উচিত। আমাদের তরুণ ক্রিকেটারদের এই বার্তা দেওয়া প্রয়োজন যে এটা কত বড় একটা অপরাধ। ছোট খেলোয়াড় হোন বা বড়, দেশের সঙ্গে আপনি বেইমানি করতে পারেন না!’তবে ব্যাটসম্যান আশরাফুলকে হারানো যে বড় ক্ষতি, সবার মতো সেটা মানেন মুশফিকও। তিনিও ফিরে পেতে চান ব্যাটসম্যান আশরাফুলকে, ‘আশা করি, দ্রুতই উনি ক্রিকেটে ফিরতে পারবেন।’ ওয়েবসাইট।