মুশফিকের কাছে সাকিবের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশিদের বিপিএলে কালকের দিনটা ছিল আসলে বাংলাদেশিদের। প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ-জিয়ার পর ফ্লাডলাইটের নিচে জ্বলে উঠলেন মুশফিকুর রহিম-সাকিব আল হাসানরাও। তবে সাকিব-মুশফিকের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছে মুশফিকেরই। খুলনা রয়েল বেঙ্গলসকে ৬ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল মুশফিকের দুরন্ত রাজশাহী। চার ম্যাচে এই দুটিই জয় রাজশাহীর। সমান ম্যাচে সাকিবদের এটি দ্বিতীয় পরাজয়।শিবনারায়ণ চন্দরপল, হার্শেল গিবস, সনাৎ জয়াসুরিয়া, ডোয়াইন স্মিথ—চার বিদেশি নিয়ে সাজানো খুলনা রয়েল বেঙ্গলসের টপ-অর্ডার শেষ দলের ৫৪ রানের মধ্যেই। চারজন মিলে রান করেছেন ৫১। তবে অধিনায়ক সাকিব ছিলেন, সঙ্গে ছিলেন আরেক বাংলাদেশি নাসির হোসেনও। শুরুর বিপর্যয়ের পরও পঞ্চম উইকেটে তাঁদের ৬৫ রানের জুটি রাজশাহীর সামনে দাঁড় করাতে পেরেছে ১৪৬ রানের লক্ষ্য। ২৬ বলে পাঁচ বাউন্ডারি আর এক ছক্কায় ৪৪ রান সাকিবের। ২৮ বলে ২৪ করেছেন নাসির।দুর্দান্ত শুরু করে দুরন্ত রাজশাহী। পাকিস্তানি ব্যাটসম্যান শাহজাইব হাসান আর জুনায়েদ সিদ্দিকের ওপেনিং জুটিতে মাত্র ৪.২ ওভারেই আসে ৪৬ রান। ১৪ বলে ২৬ রান করে জুনায়েদ আউট হওয়ার পর ১১ রানের ব্যবধানে পড়ে আরও ২ উইকেট। দুরন্ত রাজশাহী তখন কিছুটা চাপে। কিন্তু শাহজাইবের সঙ্গে মুশফিকের ৭৬ রানের চতুর্থ উইকেট জুটি দূর করে দেয় সেই চাপ, ছড়াতে থাকে জয়ের সুবাস। শাহজাইব ৫২ রান করে রানআউট হয়ে গেলেও মুশফিক মাঠ ছেড়েছেন জয় নিয়েই। ডোয়াইন স্মিথের শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল মাত্র ৪ রান। কাভার ড্রাইভে রাজ্জাকের বাউন্ডারি ম্যাচ শেষ করে দেয় প্রথম বলেই। জয় পেলেও উইনিং শটটা নিজের ব্যাট থেকে এলে হয়তো আরেকটু তৃপ্তই হতেন মুশফিক। এক ছক্কার সঙ্গে চার বাউন্ডারি মিলে ৩৪ বলে তিনি যে অপরাজিত ৪৭ রানে! সংক্ষিপ্ত স্কোরখুলনা রয়েল বেঙ্গলস: ২০ ওভারে ১৪৫/৭ (সাকিব ৪৪, নাসির ২৪, গিবস ১৮, স্মিথ ১৭, জয়াসুরিয়া ১২; রাজ্জাক ২/২৬, ফাওয়াদ ১/১৭, সাকলাইন ১/২০, স্যামুয়েলস ১/২২, সামি ১/২৮)। দুরন্ত রাজশাহী: ১৯.১ ওভারে ১৪৬/৪ (শাহজাইব ৫২, মুশফিক ৪৭*, জুনায়েদ ২৬, রাজ্জাক ১০*; সাকিব ২/৩৫, নাসির ১/১২। ফল: দুরন্ত রাজশাহী ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শাহজাইব হাসান।