মুশফিকের কাঠগড়ায় উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠে নিজেদের উইকেটই চেয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু কাল যে উইকেটে খেলা হলো, সেটা না বাংলাদেশের উইকেট, না ক্যারিবীয়দের। ম্যাচ শেষে তাই দুই অধিনায়কই বললেন, উইকেট প্রত্যাশা পূরণ করেনি। পেটের পীড়ায় আক্রান্ত ড্যারেন স্যামির জায়গায় নেতৃত্ব দিতে নেমে দিনেশ রামদিন তবু এই উইকেট থেকেই জয় নিয়ে ফিরেছেন। হতাশা শুধু মুশফিকুর রহিমের।উইকেটের বন্ধুতা পেলে ওয়েস্ট ইন্ডিজ হয়তো অত বড় লক্ষ্য দিতে পারত না, বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের। ‘টি-টোয়েন্টি ম্যাচে উইকেট থেকে স্পিনাররা বেশ টার্ন পেয়েছে। আশা ছিল ওয়ানডেতেও সেটা পাব। স্পিনারদের মূল শক্তিই হলো টার্ন। সেটা যখন পাওয়া যায় না, হতাশ তো হতেই হবে। আমাদের স্পিনাররা উইকেট থেকে প্রত্যাশিত টার্ন পায়নি’—ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বলেছেন মুশফিক। স্পিনারদের টার্ন না পাওয়ার আরেকটা কারণ হতে পারে ওয়ানডের নতুন নিয়ম। দুই নতুন বলে খেলা হচ্ছে, ২৫ ওভারের বেশি পুরোনো হচ্ছে না কোনো বলই।উইকেট আর ওয়ানডের নতুন নিয়মে বাংলাদেশের মূল বোলিং অস্ত্রই যখন ভোঁতা, ওয়েস্ট ইন্ডিজ রানের পাহাড়ে চড়বেই। তবে ওয়েস্ট ইন্ডিজের ২৯৮ রান করে ফেলার পরও জয় অসম্ভব মনে হয়নি বাংলাদেশ অধিনায়কের। সেটা না হওয়ার জন্য ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে না পারাকেই দায় দিলেন অধিনায়ক, ‘আমাদের সমস্যা, আমরা ২০-৩০ রান বা ফিফটি করে আউট হয়ে যাচ্ছি। এ রকম উইকেটে সেট হলে বড় রান করতে হবে। নাঈম বা ইমরুল বড় রান করলে ওদের কাছাকাছি যেতে পারতাম। তাদের একজন সেঞ্চুরি করলে এমনকি জিততেও পারতাম।’টসে জিতে ফিল্ডিং নেওয়ার ক্ষেত্রে শিশিরতত্ত্ব কাজ করেছিল মুশফিকের মাথায়। ভেবেছিলেন, পরের দিকে শিশিরভেজা বলে স্পিনারদের গ্রিপ করতে সমস্যা হবে। সে কারণেই বোলারদের হাতে বল তুলে দিয়েছিলেন আগে। হিসাবটা ভুল প্রমাণিত হলো শেষ পর্যন্ত ওই উইকেটের কারণেই। শুকনো বলটাও ঘোরাতে পারেননি স্পিনাররা। সঙ্গে ফিল্ডিংটাকে সামান্য দুষলেন অধিনায়ক, ‘ফিল্ডিংয়ে কিছু ভুল ছিল আমাদের। এ দুটো সুযোগ হাতছাড়া করেছি। গরমও ছিল প্রচণ্ড। আমরা পুরো ৫০ ওভার মনোযোগ দিতে পারিনি।’২৯৮ তাড়া করতে গিয়ে ২৫৮ করে ফেলার পর মনে হচ্ছে, ব্যাটসম্যানরা আরেকটু সাবধানী হলে অন্তত লড়াইটা জমানো যেত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিন্তু বাজে শটে আউট হওয়ার শুরুটা যে ওপেনার তামিম ইকবালকে দিয়েই! দিন শেষে তামিমের পাশে দাঁড়ালেও অধিনায়ক বলেছেন, ‘২৯৯ তাড়া কীভাবে করতে হয়, তামিম সেটা জানে। কিছু বলার নেই...। আসলে ওর অনেকগুলো শট সরাসরি ফিল্ডারের কাছে গেছে। সেটা না হয়ে চার হলে অন্যরকম হতে পারত। তবে আমার মনে হয়, সেটা হওয়ার পরও ওভাবে আউট হওয়া ভুল ছিল তামিমের।’টি-টোয়েন্টি জয়ের আত্মবিশ্বাস কাজে লাগেনি প্রথম ওয়ানডেতে। তবে সিরিজে এখনো বাকি দুই ম্যাচ। বাংলাদেশ অধিনায়ক তাই হাল ছাড়ছেন না এখনই, ‘আমাদের কন্ডিশনেও ওরা চাইবে ওদের সেরা ক্রিকেট খেলতে। জিততে হলে আমাদেরও সেরা ক্রিকেটই খেলতে হবে। তিন বিভাগের কোনোটিতেই আমরা খুব একটা ভালো খেলিনি। এ জন্য ফলও আসেনি। আশা করি ভুল শুধরে সামনের ম্যাচ থেকে ভালো করব।’পরাজয়েও প্রাপ্তি হয়ে থাকছে লড়াই করে হার। আশা করতে তাই দোষ কি?