মুশফিকের চিন্তায় 'বাংলাওয়াশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

‘বাংলাওয়াশ! মাথায় ঘুরছে সেই বাংলাওয়াশ। আজ থেকে তিন বছর আগে এই অক্টোবরেই শব্দটির প্রথম উদ্ভব। নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করার সার্থক প্রতিশব্দ এটি। আজ তিন বছর পর আরও একটি সিরিজের আগে সেই ‘বাংলাওয়াশ’ শব্দটি যেন বাংলাদেশ ক্রিকেট দলের এক সঞ্জীবনী সুধা।
প্রথম ওয়ানডের আগে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমও উদ্দীপনা খুঁজছেন এই শব্দটি থেকেই, ‘অবশ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে ওদের হোয়াইটওয়াশ করার ব্যাপারটি আমাদের অনুপ্রেরণা জোগাবে।’
তিন বছর আগে কিউইরা ওয়ানডে সিরিজে ৪-০তে হেরে বাংলাদেশ ছেড়েছিল। বিষয়টি দেশটির ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় আঘাত হিসেবে চিহ্নিত। নিউজিল্যান্ড ক্রিকেটকে ওলট-পালট করে দেওয়া সেই ধবলধোলাইয়ের লজ্জা যে তিন বছর পরেও তাদের তাড়া করে বেড়াচ্ছে না, সেটা কে বলবে? তবে এ প্রসঙ্গে মুশফিকের প্রতিক্রিয়া বেশ সতর্ক, ‘ওদের মাথায় হোয়াইটওয়াশের ব্যাপারটি অবশ্যই থাকবে। কিন্তু ব্যাপারটির কথা মাথায় রেখেই তারা শক্তিমত্তার পুরোটা ঢেলে দিতে চাইবে। ভুলে গেলে চলবে না, নিউজিল্যান্ড খুবই শক্তিশালী দল।’

কাল থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে ‘টস’কে গুরুত্বপূর্ণ মনে করেন মুশফিকুর। গত দুই দিন ফ্লাড লাইটে অনুশীলনের অভিজ্ঞতা থেকে তাঁর অভিমত, এই সিরিজে টসে জেতা-হারা একটা গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করবে। কারণটা অবশ্যই হেমন্তের সন্ধ্যার শিশির।

মুশফিক জানিয়েছেন, সন্ধ্যার সময় শিশিরের কারণে ফিল্ডিং করা দল সমস্যায় পড়বে। আর স্পিন যেহেতু বাংলাদেশের বড় শক্তি, তাই শিশিরের কারণে টসকে গুরুত্বপূর্ণ মানতেই হচ্ছে। তবে সবকিছু ছাপিয়ে এই সিরিজে জয়ই যে বাংলাদেশের মূল লক্ষ্য, সেটা বলতেও ভোলেননি টাইগার অধিনায়ক।