মুশফিকের চেয়ে ভালো কেউ নয়
প্রথম দৌড়ে সন্তুষ্ট হতে পারলেন না মাশরাফি বিন মুর্তজা নিজেই। নিয়ম ভেঙে আবারও এসে দাঁড়ালেন স্পিড-লাইট-গেটের সামনে। কিন্তু সুযোগ পেলেন না। ওদিক থেকে ভেসে এল মুশফিকুর রহিমের নাম। মানে এরপর দৌড়াবেন মুশফিক।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে এ রকম আরও কিছু খণ্ড খণ্ড দৃশ্যের দেখা মিলল কাল, সেসবে খেলোয়াড়দের শরীর আর শরীরী ভাষা দেখেই বোঝা যাচ্ছিল লম্বা ছুটি অনেকের ফিটনেসের কতটা খেয়ে নিয়েছে। মাশরাফি অবশ্য ব্যতিক্রম। চোট কাটিয়ে এখনো পুনর্বাসন-প্রক্রিয়ার মধ্যে আছেন জাতীয় দলের এই পেসার। স্পিড-লাইট-গেটের মতো গতি মাপার আধুনিক যন্ত্রের সামনে প্রথমবার দৌড়ে অস্বস্তিতে তিনি ভুগতেই পারেন।তবে ফিটনেস টেস্টে কোনো পুরস্কার দেওয়ার নিয়ম থাকলে কাল সেটা পেয়ে যেতেন জাতীয় দলের অধিনায়ক মুশফিক। সকাল থেকে দুপুর পর্যন্ত খেলোয়াড়দের ফিটনেসের যে ১০ রকমের টেস্ট হয়েছে, তার সব কটিই সাফল্যের সঙ্গে উতরে যাওয়া একমাত্র খেলোয়াড় তিনি। আজ তাই দ্বিতীয় পর্যায়ের সব রকম টেস্টে অংশ নেবেন শুধুই মুশফিক। বাকিরা যেকোনো একটিতে।কন্ডিশনিং ক্যাম্পের মূল পরিকল্পনাকারী বিসিবি ক্রিকেট একাডেমির ফিজিক্যাল পারফরম্যান্স ম্যানেজার ও জাতীয় দলের সাবেক ট্রেনার স্টুয়ার্ট কার্পিনেন। একাডেমির জন্য আরও আগেই আনা গতিমাপক স্পিড-লাইট-গেট যন্ত্রটি এবার কন্ডিশনিং ক্যাম্পেও কাজে লাগাচ্ছেন এই অস্ট্রেলিয়ান। তবে এটি মূলত ব্লিপ টেস্টের যন্ত্রেরই আধুনিক সংস্করণ। কার্পিনেন জানালেন, ২০০৪-০৫ সাল থেকে পরীক্ষা-নিরীক্ষার মধ্যে থাকলেও ফিটনেস ট্রেনিংয়ে প্রযুক্তিটাকে এখনো নতুন বলা যায়।ক্যাম্পের প্রথম দিনে সাকিব, তামিম, রাজ্জাক থাকবেন না আগেই জানা ছিল। যোগ দেননি শাহাদাত আর জুনায়েদও। শাহাদাত হাঁটুর চোট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বলে এই ক্যাম্পে অংশ নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। জুনায়েদ মাঠে এসেও ফিরে গেছেন এক ধরনের ভয় নিয়ে। পিঠে পুরোনো একটা সমস্যা থাকলেও এই ক্যাম্পে সেটা বাধা হওয়ার নয়। বাঁহাতি এই ব্যাটসম্যানের ভয় নাকি অন্য জায়গায়—ফিটনেস ধরে রাখতে গত চার মাসে করেননি কিছুই। হঠাৎ এত কঠিন একটা ক্যাম্পে নেমে যদি উল্টো ভেঙে পড়েন! টেলিফোনে জুনায়েদ অবশ্য অন্য ব্যাখ্যা দিলেন, ‘আমাকে চার মাস পুরো বিশ্রামে থাকতে বলা হয়েছিল। তবে কাল (আজ) হয়তো রিহ্যাব প্রোগ্রাম দেওয়া হবে। সেটা ক্যাম্পের সঙ্গে হতে পারে, আলাদাও হতে পারে।’কিছু জায়গায় সমস্যা দেখলেও প্রথম দিনের ফিটনেস টেস্টের ফলাফলে মোটামুটি সন্তুষ্ট কার্পিনেন। কার ফিটনেসের কী অবস্থা, সেটি জানা প্রথম ধাপ। এই ক্যাম্পের আসল উদ্দেশ্যটাও জানালেন কার্পিনেন, ‘একেক খেলোয়াড়ের শক্তিমত্তা এবং দুর্বলতা একেক রকম। অনেকে খুব শক্তিশালী, কারও গতি ভালো। আমরা এখন তাদের ফিটনেসের অবস্থা পর্যবেক্ষণ করে কাকে নিয়ে কী কাজ করতে হবে, সে ব্যাপারে ধারণা নেওয়ার চেষ্টা করছি।’শক্তিমত্তা ও দুর্বলতার দিকগুলো জানার পর ক্রিকেটারদের জন্য ব্যবস্থাপত্রটা ভিন্ন ভিন্নই হবে। এ ক্ষেত্রে ক্যাম্পে থাকা পেসাররা আশান্বিত হতে পারেন, অবশেষে চোখ পড়ছে তাদের প্রয়োজনের ওপরও। ‘বয়স, চোটের ইতিহাস, কত দিন থেকে অনুশীলন করছে, কতটা অনুশীলন করেছে এবং কোন পজিশনে খেলছে—এসবের ওপর নির্ভর করেই ঠিক হবে প্রোগ্রাম। তবে ফাস্ট বোলারদের চাহিদার প্রতি আমরা বিশেষ গুরুত্ব দেব’—বলেছেন কার্পিনেন। ফাস্ট বোলারদের জন্য এই ক্যাম্পে ‘ড্রপ জাম্প’ বলে বিশেষ একটা ফিটনেস ট্রেনিং থাকছে। কার্পিনেন ধারণা দিলেন সে সম্পর্কেও, ‘এই ট্রেনিংটা ল্যান্ডিং এবং ল্যান্ডিংয়ের পর শক্তির প্রয়োগের ওপর। বোলিং করার সময় ঠিক এই কাজটাই করতে হয় ফাস্ট বোলারদের।’