মুশফিকের চোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে পরশু প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্যাটিং করতে নেমে শুরুতেই বলের আঘাত পান হাতে। সেই আঘাত নিয়ে ব্যাটিং করে পরে সুইপ খেলতে গিয়ে চোট পেয়েছেন পিঠের মাংসপেশিতে। আর এই চোট দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ঠেলে দিল জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে।
কাল সন্ধ্যায় টেলিফোনে মুশফিক বললেন, ‘পিঠে ব্যথা অনুভব করার পর সেদিন আর ফিল্ডিং করিনি। সিলেটেই এমআরআই করাই। রিপোর্ট দেখে বিসিবির ডাক্তার আমাকে দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছেন।’ বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীও বললেন, ‘মুশফিকের পিঠের বাঁ দিকের পেশিতে টান পড়েছে। এটা খুব সাধারণ একটা চোট। তার পরও খেলায় ফিরতে ওর দুই সপ্তাহ সময় লাগবে।’
আবাহনীর অধিনায়ক তাই বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আর খেলছেন না। সিলেট থেকে কাল দুপুরে ঢাকায় ফিরে এসেছেন। তবে অ্যাঙ্কেলের চোট কাটিয়ে মাঠে ফেরার মতো অবস্থায় চলে এসেছেন শামসুর রহমান। চোটের কারণে বিজয় দিবস টি-টোয়েন্টির কোনো দলেই ছিলেন না তিনি। মুশফিক ছিটকে পড়ায় তাঁর একটা সুযোগ আসতে পারে।