মুশফিকের প্রথম চাওয়া

কেমন উইকেট চান?
গত পরশু সাকিব আল হাসান যা বলেছিলেন, কাল অধিনায়ক মুশফিকুর রহিমের কণ্ঠে সেটিরই প্রতিধ্বনি—স্পোর্টিং উইকেট। এমন উইকেট যাতে ব্যাটসম্যানদের যেমন নিজেদের মেলা ধরার সুযোগ থাকবে, তেমনি বোলারদেরও।
কাল দুপুরে কোচ-নির্বাচকদের সঙ্গে মিলে উইকেট দেখার পর সেটি প্রত্যাশামতোই হচ্ছে বলে ধারণা মুশফিকের। তবে মাঠের মাঝের ২২ গজে কী রহস্য লুকিয়ে, সেটি তো আর সব সময় ধারণার সঙ্গে মেলে না। তা নিজেদের হাতেও নেই। পারফরম্যান্সটা নিজেদের হাতে। সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে মুশফিক এর ওপরই জোর দিলেন, ‘যেমন চাই, তেমন উইকেট হয়তো সব সময় পাওয়া যায় না। তবে উইকেট যেমনই হোক, সবকিছুই নির্ভর করছে আমাদের ওপর। যত ভালো উইকেটই হোক না কেন, আমরাও বাজে শট খেলে আউট হতে পারি। অনেক সময় আমরা তা হই-ও।’
শ্রীলঙ্কা দলের দুই বিভাগের মধ্যে মুশফিকের চোখে ব্যাটিংটাই এগিয়ে। সেটি সামলানোর জন্য স্পিনই মূল ভরসা। তবে অধিনায়কের চাওয়া আছে পেসারদের কাছেও, ‘এবার পেস বোলারদের দিকেও তাকিয়ে আছি আমরা। আশা করছি, তারা কিছু করে দেখাবে।’ এই আশার ভিত্তিটাও জানিয়ে দিলেন, ‘আমাদের পেসারদের সামর্থ্য আছে। সেটি এখনো সেভাবে দেখাতে না পারলেও যেভাবে ওরা ধাপে ধাপে উন্নতি করছে, তাতে এটা তাদের জন্য একটা সুযোগ।’ পেসাররা শুরুর ধাক্কাটা দিয়ে দিতে পারলে স্পিনাররা বাকিটা করে নিতে পারবেন বলে বিশ্বাস অধিনায়কের।

বাংলাদেশের যেকোনো টেস্ট ম্যাচের আগেই একটা অবধারিত প্রশ্ন ওঠে—বোলারদের কি ২০ উইকেট নেওয়ার সামর্থ্য আছে? আছে বলেই দাবি মুশফিকের, ‘আমার বিশ্বাস, পেস বোলাররা যদি সামর্থ্য অনুযায়ী বোলিং করে ভালো শুরু এনে দেয়, তাহলে আমাদের যে মানের স্পিনার আছে, তাতে অবশ্যই ওদের দুবার অলআউট করা সম্ভব।’ গত কিছুদিনের পারফরম্যান্সের আলোকে ব্যাটিং নিয়ে নির্ভারই মনে হলো তাঁকে, ‘গত বছর থেকেই আমাদের ব্যাটিংটা ভালো এবং ধারাবাহিক হচ্ছে। যেটা খুবই ভালো লক্ষণ। আমাদের ব্যাটসম্যানরা ফর্মেও আছে।’
টেস্টের আগের দিন উইকেটের চেহারায় ‘স্পোর্টিং’ ভাব দেখালেও মিরপুরের উইকেটের ব্যাপারে শেষ কথা বলে কিছু নেই। উইকেটের এমন অননুমেয় চরিত্রকে গুরুত্ব দিয়েই সাজানো হয়েছে বাংলাদেশ দলের রণপরিকল্পনা। মুশফিকের ভাষায়, ‘মিরপুরের উইকেট আস্তে আস্তে স্লো এবং টার্নিং হতে থাকে। বলও রিভার্স সুইং করে। এসব বিবেচনায় নিয়েই আমরা একটা পরিকল্পনা করেছি। সেভাবে কাজটা করতে পারলে আশা করি, খুব ভালো একটা সিরিজ হবে।’
সংবাদ সম্মেলনে উইকেটের প্রসঙ্গ যতবার এল, মুশফিক মনে করিয়ে দিলেন নিজেদের দায়িত্বের কথা। দলে এখন পারফরমার অনেক। সবাই সামর্থ্যের সবটুকু ঢেলে দিলে শ্রীলঙ্কার বিপক্ষে কোনো কিছুই অসম্ভব মনে করেন না। ঘরের মাঠে গত এক বছরের সাফল্য ধরে রাখতে সবচেয়ে বড় প্রভাবকও মনে করছেন এটিকেই। তবে সাফল্য ধরে রাখার ব্যাপারটাকে তিনি রাখছেন পরে। প্রথম চাওয়া সবাই যেন নিজেদের উজাড় করে দেন, ‘পাঁচ দিন ধরে ভালো খেলেও যদি আমরা হেরে যাই, আমার কষ্ট লাগবে না। পারফরম্যান্সের ধারাবাহিকতাটা ধরে রাখাটাই সবার আগে। সেটার পথ ধরে যদি জয় আসে, তাহলে তো খুবই ভালো।’
এটা তো বললেন দলীয় লক্ষ্যের কথা। এই সিরিজে মুশফিকের ব্যক্তিগত লক্ষ্যও আছে। গত বছর গলে এই শ্রীলঙ্কার বিপক্ষেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিটি করেছেন। দেশের মাটিতেও বড় কোনো সাফল্যের আলোয় আলোকিত হওয়ার সংকল্প ভেতরে খেলা না করে পারেই না। তবে মুখে অবশ্য সাধারণ চাওয়ার কথাই, ‘ধারাবাহিকতা ধরে রাখতে চাই। বছরের প্রথম সিরিজে ভালো কিছু করতে চাই। বড় ইনিংস খেলতে চাই। বড় ইনিংস দলের খুব কাজে আসে।’
অধিনায়কত্ব এমনই। ব্যক্তিগত সাফল্য সেখানে দলের চাওয়ার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়।