মুশফিকের বাজি ইমরুল!
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের কঠিনতম সময়টুকু পারই করে দিয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার। যখন বড় কিছুর ইঙ্গিত, দ্বাদশ ওভারে রবি রামপলের অফ স্টাম্প থেকে বেরিয়ে যাওয়া এক বলে ব্যাট পেতে দিলেন ইমরুল কায়েস। কট বিহাইন্ড! দ্বিতীয় ইনিংসে আউট অফ স্টাম্পের বাইরে নির্বিষ এক বলে, এবারও কট বিহাইন্ড। আরেকটু পেছনে যাওয়া যাক। হারারে টেস্টের প্রথম ইনিংসে ব্রায়ান ভিটরির অফ স্টাম্প ঘেঁষা বলে দ্বিধান্বিত এক শটে স্লিপে ক্যাচ দিলেন ইমরুল। দ্বিতীয় ইনিংসে কট বিহাইন্ড, যথারীতি অফ স্টাম্পের সামান্য বাইরের বলে।চাইলে পরিসংখ্যান দিয়েও শুরু করা যেত। ১৫ ম্যাচে মাত্র ১টি ফিফটি, গড় ১৭.০৩—যেকোনো টেস্ট ওপেনারের দলে জায়গা নিয়ে প্রশ্ন তোলার জন্য স্রেফ এই একটা তথ্যই যথেষ্ট। কিন্তু পরিসংখ্যানের বাইরেও ক্রিকেটে অনেক কিছু আছে। অনেক সময় রান না পেলেও অফ ফর্মে আছেন বলা যায় না। দেখা যায় যতক্ষণই উইকেটে থাকেন, দারুণ সাবলীল ব্যাটিং করেন। বোঝা যায় স্রেফ একটা বড় ইনিংসই ফর্মে ফেরানোর জন্য যথেষ্ট। কিন্তু ইমরুলের ব্যাপারটা ভিন্ন। ৩০ ইনিংস খেলেও কোনো বড় রান নেই। অফ স্টাম্প ঘেঁষা বলে আউট হওয়াটা প্রায় অভ্যাসই বানিয়ে ফেলেছেন। শুধু আউট হওয়াই নয়, যতক্ষণ উইকেটে থাকেন, অফ স্টাম্প ঘেঁষা বলে নড়বড়ে মনে হয়। একজন টেস্ট ওপেনারের সর্বাগ্রে যেটা জানা প্রয়োজন, সেই জায়গাটাতেই বড় ঘাটতি দেখা যাচ্ছে ইমরুলের—যেন জানেন না অফ স্টাম্পটা কোথায়!পরিসংখ্যান, খেলার ধরন, শরীরী ভাষা—কোনোটাই পক্ষে নেই। তার পরও ইমরুলের টানা টেস্ট খেলে যাওয়ার পেছনে থাকতে পারে দুটি কারণ।ওয়ানডেতে গত বছর বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল ইমরুলের, পুরো বিশ্বে ছিলেন পঞ্চম। গত বছরের মতো ধারাবাহিক না হলেও পারফরম্যান্স খুব একটা খারাপ নয়। ওয়ানডের ব্যর্থতায় আগের টেস্টের সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানকে (মোহাম্মদ আশরাফুল) বাদ দেওয়া হয়েছে, ওয়ানডের সাফল্যে হয়তো তাই একের পর এক টেস্ট খেলে যাচ্ছেন ইমরুল!দ্বিতীয় সম্ভাব্য কারণ জুটির রসায়ন। ওয়ানডের মতো টেস্টেও তামিমের সঙ্গে ইমরুলের জুটি বাংলাদেশের ইতিহাস-সেরা। ১৫ টেস্টে ১টি ফিফটি ছাড়া ইমরুল ৪০ পেরিয়েছেন আর মাত্র একবার। কিন্তু তামিম-ইমরুলের উদ্বোধনী জুটি বাংলাদেশকে শতরান এনে দিয়েছে দুবার, ফিফটি জুটি হয়েছে আরও ছয়বার। ৩০ ইনিংসে এই জুটির রান ১১৮৯, গড় ৩৯.৬৩। বাংলাদেশের দ্বিতীয় সেরা উদ্বোধনী জুটি তামিমের বড় ভাই নাফিস ইকবাল ও জাভেদ ওমরের, ১৯ ইনিংসে ৩৫ গড়ে ৬৬৫। সর্বোচ্চ ১৮৫ রানের জুটিটিও তামিম-ইমরুলের, সেরা ৯ উদ্বোধনী জুটির ৫টিই এই দুজনের। তামিমের সঙ্গে তাঁর জুটির রসায়ন সত্যিই আকর্ষণীয়।তবে কেবলই জুটির স্বার্থ দেখা আর কত দিন! বীরেন্দর শেবাগ-আকাশ চোপড়া জুটির প্রসঙ্গ এখানে আনা যায়। পুরোপুরি দুই ধরনের দুই ব্যাটসম্যানকে নিয়ে ভারত পেয়েছিল দারুণ সফল একটি জুটি। ১৯ ইনিংসে চারটি সেঞ্চুরি জুটি ছিল দুজনের, গড় ৪৭.২১। কিন্তু ১০ টেস্টে মাত্র দুটি ফিফটি করার পর সফল জুটি ভেঙেই আকাশকে বাদ দেওয়া হয়। ইমরুলের কি সেই সময় এসে গেছে?ইমরুল নিজে বুঝতে পারছেন না তাঁর সমস্যা কী, ‘নেটে ভালো ব্যাটিং করছি, আত্মবিশ্বাসে ঘাটতি নেই, কিন্তু উইকেটে গিয়ে কেন রান করতে পারছি না নিজেও বুঝতে পারছি না।’ কাল সংবাদ সম্মেলনে ইমরুলকে দারুণভাবে আগলে রাখলেন তাঁর অধিনায়কও, ‘এই টেস্টে আমার সবচেয়ে বড় বাজি ইমরুল। ও কঠোর পরিশ্রম করছে, আমার বিশ্বাস, সে এই টেস্টে রান করবে।’ইমরুল বাজিমাত করতে পারলে তো ভালোই। না হলে বিকল্প ভাবার সময় কিন্তু হয়ে গেছে।