মুশফিকের মন্তব্যে নাখোশ বিসিবি সভাপতি

শ্রীলঙ্কার বিপক্ষে হতাশাজনক সিরিজের পর এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমনিতেই টালমাটাল বাংলাদেশ দল। এর ওপর আবার একের পর এক নেতিবাচক খবর ভাসছে বাতাসে। দলের অন্যতম প্রধান ভরসা সাকিব আল হাসান অশোভন আচারণের দায়ে বহিস্কার, দল নির্বাচন নিয়ে অধিনায়ক মুশফিকুর রহিমের অসন্তুষ্টি—সব মিলিয়ে বাজে সময়ই যাচ্ছে বাংলাদেশ দলের। আজ আবার বিসিবি সভাপতি জানালেন সংবাদ সম্মেলনে মুশফিকের এমন মন্তব্য করা ঠিক হয়নি।
নাজমুল হাসান বলেন, ‘এ সময় মুশফিকের কাছ থেকে এমন মন্তব্য শোনা মোটেও ভালো কিছু নয়। তিনি আমাদের আগে বলতে পারতেন। জানি না, কে তাঁকে সংবাদমাধ্যমকে প্রথমে বলতে পরামর্শ দিল। অবশ্যই এর পেছনের ঘটনা জানা প্রয়োজন।’
দল নির্বাচন প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়কের উদ্দেশে নাজমুলের প্রশ্ন, ‘মুশফিকের মন্তব্য থেকে কি বুঝব? আমাদের এত বিকল্প কোথায়? ৪-৫ খেলোয়াড় থেকে বাছাই করার মতো অবস্থা তো নেই। গত দুই বছর এই দলটিই ভালো খেলছে। কিন্তু প্রশ্ন উঠতে পারে, মাহমুদউল্লাহ কেন নেই? আমি মনে করি না, তাঁর চেয়ে ভালো খেলোয়াড় ছিল না। দুই একজন খেলোয়াড়কে নিয়ে এমন ইস্যু তৈরি হলে তা দুঃখজনক হবে।’
এশিয়া কাপের দল নিয়ে গতকাল রোববার মুশফিক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘একটা জিনিসে একটু অসন্তুষ্ট ছিলাম এবং এখনো আছি। দল করার আগে আমার সাথে আলোচনা করলে মনে হয় ভালো হতো। সেদিক থেকে আমি প্রচণ্ড ধাক্কা খেয়েছি। আমি শেষ মুহূর্ত পর্যন্তও জানতাম না কে দলে ঢুকছে কে বাইরে যাচ্ছে।’