মুশফিকের হাতে জোড়া ট্রফি

খেলাটা ছিল এমসিসির বিপক্ষে। ক্রিকেটের সবচেয়ে অভিজাত মেরিলিবোন ক্রিকেট ক্লাব। বাংলাদেশ নামের দেশটারই জন্ম তখন হয়েছে মাত্র ক বছর আগে। ক্রিকেট দলটা তো আরও নতুন। সেই দলের অধিনায়ক ম্যাচ শুরুর আগে সতীর্থদের দিলেন উজ্জীবনী মন্ত্র, ‘চলো লড়াই করি। দেশের জন্য। লাল-সবুজ এই পতাকার জন্য। চলো, জিততে যদি না-ও পারি, ড্র যেন করি।’
বাংলাদেশের জন্য সেটা ছিল প্রথম বড় কোনো আন্তর্জাতিক দলের বিপক্ষে খেলা। সেটাও এমসিসির মতো দলের বিপক্ষে। কিন্তু কী আশ্চর্য, তিন দিনের ম্যাচটা ড্র করে ফেলল বাংলাদেশ! পেল জয়ের সমান ড্রয়ের এক গৌরব। ম্যাচ শেষে দলের অধিনায়কের গাড়ি ঘিরে মানুষের জটলা। গাড়ির কাচ নামাতেই বৃষ্টির মতো ছুটে এল কাগজের দলা। কী ব্যাপার, সবাই এভাবে কাগজ ছুড়ছে কেন? অধিনায়ক একটা কাগজের দলা কুড়িয়ে দেখলেন, এ তো টাকা! খুব বড় অঙ্কের টাকা হয়তো নয়। এক টাকা, দুই টাকা, কিংবা পাঁচ। বনেদি পরিবারের ছেলে শামীম কবির নেই নোটগুলো পরম মমতায় কুড়িয়ে নিলেন। টাকার অঙ্কটা যত, তার চেয়ে শত-সহস্র গুণ বড় মানুষের ভালোবাসা!
আবেগে স্নাত ঠিক এই গল্পটাই শামীম কবির শোনালেন গতকাল। বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামীম কবির আরেকবার স্নাত হলেন মানুষের ভালোবাসায়। বাংলাদেশ ক্রিকেট দল আজ বিশ্বমঞ্চে সমীহের জায়গা করে নিয়েছে। কিন্তু যাত্রাটা তো শুরু হয়েছিল তাঁর হাত ধরেই। বাংলাদেশ নামের দলটার হয়ে প্রথম টস করতে নেমেছিলেন তো তিনিই। সেই শামীম পেলেন গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০১৩-এর আজীবন সম্মাননা। কানায় কানায় পূর্ণ এক হাজারেরও বেশি দর্শক তখন উঠে দাঁড়িয়ে করতালিতে অভিনন্দিত করছে তাঁকে। এই আবেগময় মুহূর্ত অনির্বচনীয়। ভাষাতীত!
প্রথম অধিনায়ক যে মঞ্চে এই সম্মাননা পেয়েছেন, সেই মঞ্চেই বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিম পেলেন বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। শুধু তা-ই নয়, প্রথম খেলোয়াড় হিসেবে মুশফিক গ্রামীণফোন-প্রথম আলো পুরস্কারের ইতিহাসে প্রথমবার কোলে তুললেন জোড়া ট্রফি। পাঠকদের রায়েও বর্ষসেরা খেলোয়াড় তিনি। বর্ষসেরা রানারআপ হয়েছেন গলফার সিদ্দিকুর রহমান আর ক্রিকেটার সোহাগ গাজী। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ কাবাডির শাহনাজ পারভীন। অভিষেকের বছরেই বাংলাদেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি রান করা মুমিনুল হক হয়েছেন বর্ষসেরা উদীয়মান।
শামীম কবিরের পরনে এদিনও ছিল জাতীয় দলের ব্লেজার। ব্লেজারের বাঁ দিকে ক্রিকেট বোর্ডের লোগো। ঠিক সেখানেই স্পন্দিত হৃদয়েও বাংলাদেশ। প্রতিবছর আজীবন সম্মাননা পুরস্কারের অংশটা আবেগের জন্ম দেয়। কিন্তু শামীম ঋজু ভঙ্গিতে দাঁড়িয়ে। যেন এখনই টস করতে নামবেন। কিংবা চাইলেই যেন ব্যাট হাতে নেমে যেতে পারেন ওপেনিংয়ে। মনের ভেতরে আবেগের বানটাকে সামলে রাখা অবশ্য বড় দায়। তাঁর জীবনে যত মানুষের অবদান, তাদের কথা স্মরণ করতে গিয়ে আবেগে ধরে এল গলা। তবে মিলনমেলায় পরিণত হওয়া উৎসবের আমেজটা আবার ফিরে এল তাঁর কৌতুকে, ‘আরেকজনের কথা না বললে গৃহযুদ্ধ শুরু হবে। বুঝলেন না, আমার গিন্নি। ধন্যবাদ তোমাকেও সারা জীবন আমার পাশে থাকার জন্য।’
কখনো হাসি, কখনো কান্না—সোনারগাঁও হোটেলের বলরুম তখন যেন একটা আবেগের রঙ্গমঞ্চ। উপস্থাপিকা ফারাহ শারমিন যেমন নাটকীয়ভাবে সহ-উপস্থাপক হিসেবে ডেকে নিলেন দেশের অন্যতম সেরা গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যকে। বিপ্লব নাটকীয়ভাবে প্রস্থান করার আগে আবার ডেকে নিলেন আরেক উপস্থাপক খায়রুল বাশারকেও। দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় মিলনমেলা হয়ে ওঠা এই পুরস্কার এ বছর এক দশক পূর্ণ করায় প্রচণ্ড করতালিতে অভিনন্দন জানিয়েছে সবাই।
মুমিনুলের হাতে পুরস্কার তুলে দিতে এসে সাকিব আল হাসান আবার ফাঁস করে দিলেন ছোট মুমিনুলের দলের মধ্যে সবচেয়ে বড় ব্যাট নিয়ে খেলার তথ্যটা। এও জানিয়ে দিলেন, বড় ব্যাটের মতো মুমিনুলও অনেক বড় হবে। বললেন, ‘আশা করি, ও অবসর নেওয়ার আগেই বাংলাদেশ বিশ্বকাপ জিতবে।’ ২০০৭ সালের বর্ষসেরা নারী ক্রীড়াবিদ নাজমুন নাহার বিউটির হাতে থেকে পুরস্কার নেওয়ার পর এবারের বিজয়ী শাহনাজ যেমন ডেকে নিলেন পুরো দলকে। বললেন, ‘কাবাডি দলীয় খেলা। আমার অর্জন তাই আমার একার অর্জন হতে পারে না।’
সিদ্দিকুরের হাতে পুরস্কার তুলে দেওয়ার আগে ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক অকপটে বললেন, ‘সবচেয়ে ছোট বল দিয়ে খেলে সিদ্দিকুর আমাদের জন্য যে সম্মান বয়ে এনেছে, সবচেয়ে বড় বল ফুটবল দিয়ে খেলেও আমরা তা পারিনি।’ দেশ-বিদেশের ছবির মতো গলফ কোর্সে খেলার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে সিদ্দিকুর বললেন, ‘১০০-এর বেশি কোর্সে খেলেছি। আমরা গরিব দেশ হতে পারি, কিন্তু আমাদের কুর্মিটোলার কোর্সটাও অনেক সুন্দর।’
প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমানের হাত থেকে পুরস্কার নিতে গিয়ে মুশফিক মনে করিয়ে দিলেন, গত পাঁচ বছরে চারবারই বর্ষসেরা হয়েছেন সাকিব। বললেন, ‘ভাগ্য ভালো, গত বছরে ও খুব বেশি ম্যাচ খেলতে পারেনি। না হলে এবারও হয়তো পেতাম না। তবে অধিনায়ক ও সতীর্থ হিসেবে আমি চাই ও যেন সুস্থ থাকে, আমাদের হয়ে খেলে। এতে আমি পুরস্কার না পেলেও ক্ষতি নেই।’
এ রাতের আয়োজনের শেষ পুরস্কারটিও গেছে মুশফিকের কাছে। আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামালের হাত থেকে সেই পুরস্কার নেওয়ার সময় মঞ্চে বাবা-মা দুজনকেই ডেকে নিয়েছেন। গর্বিত বাবা চুমু এঁকে দিয়েছেন মুশফিকের কপালে, যে মুশফিক এবং মুশফিকেরা বাংলাদেশের আরও অনেক বাবা-মা এবং ভক্তদের ভালোবাসার চুম্বনে সিক্ত হন সব সময়। পাঠকের ভোটে বর্ষসেরা পুরস্কার হাতে নিয়ে সে কথাই মনে করিয়ে দিয়ে মুশফিক বলেছেন, ‘সব সময় আমরা সমর্থকদের প্রত্যাশামতো খেলতে পারি না। তবে তার পরও তারা সব সময় আমাদের পাশে থাকেন।’
আলো ঝলমলে মঞ্চ। মঞ্চের পেছন দিকে অনুষ্ঠানজুড়েই ঝিকিমিকি করল হাজার তারা। কিন্তু ধন্যবাদ ভাষণে প্রথম আলোর সম্পাদক মনে করিয়ে দিলেন, ‘আমাদের আসল তারকা, আমাদের আসল নায়ক আপনারাই, আমাদের ক্রীড়াবিদেরা। প্রথম আলো অনেক ধরনের অনুষ্ঠান করে। কিন্তু ক্রীড়া পুরস্কারই আমাদের সবচেয়ে প্রিয় আয়োজন।’
এর আগে স্বাগত ভাষণে প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র বলে গেছেন, ‘এ অনুষ্ঠান প্রথম আলোর নয়, গ্রামীণফোনেরও নয়। এই অনুষ্ঠান আপনাদের। এ কথা আমি হয়তো বারবার বলি। মন থেকে বিশ্বাস করি বলেই বলি।’ আর গ্রামীণফোনের প্রধান নির্বাহী বিবেক সুদ প্রতিশ্রুতি দিয়েছেন, ‘আমরা দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট দলের পৃষ্ঠপোষক ছিলাম। কিন্তু শুধু ক্রিকেট নয়, আমরা বাংলাদেশের পুরো ক্রীড়াঙ্গনের পাশে আছি। আমরা স্পেশাল সেসব অ্যাথলেটের পাশেও আছি, যাঁরা স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনেন। আমরা পাশে থাকব।’
অনুষ্ঠানের আগে তো বটেই, অনুষ্ঠান চলার সময়, এমনকি শেষেও অনেককেই পুরোনো সতীর্থদের অনেক দিন পর কাছে পেয়ে স্মৃতিকাতর হতে দেখা গেছে। শুধু এ অনুষ্ঠানের জন্য সাবেক ক্রিকেটার লুৎফর রহমান মাখনসহ আরও কেউ কেউ বিদেশ থেকে ছুটে এসেছেন। এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্যটাই বোধ হয় পুরোনো বন্ধু, সতীর্থের বুকে আরেক সতীর্থের আলিঙ্গন। তবে সাংস্কৃতিক আয়োজনেরও কমতি ছিল না। র্যাম্প মডেলদের সঙ্গে হেঁটেছেন বাংলাদেশের প্রায় সব খেলার তারকারা। ঔজ্জ্বল্যে, গ্ল্যামারে মডেলদেরও ফিকে করে দিয়েছেন যাঁরা। পরিবেশিত হয়েছে অনুষ্ঠানের ভাবসংগীতের সঙ্গে নাচ। যে নাচের একটা অংশে টেনিস র্যাকেট দিয়ে খেলা হয়েছে ফুটবল। টেনিসের সঙ্গে ফুটবল! সব খেলার ভিন্ন ভিন্ন সব স্রোত যে কাল এক মোহনায় মিশে গিয়েছিল—তারই প্রতীক হয়ে থাকল যেন! তিন পর্বের নাটিকায় জীবন্ত হয়ে উঠল ব্যাট-বল-প্যাড। যেখানে ফুটবল বলে উঠেছে, ‘স্বপ্ন দেখতে তো দোষ নেই। তাই ২০২২ বিশ্বকাপে নিশ্চয়ই বাংলাদেশ খেলবে।’
আর এ কথার রেশ ধরে মুস্তফা কামাল বলেছেন, ‘২০১৫ ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়কের হাতে ট্রফি তুলে দেব আমি। লম্বা কোনো খেলোয়াড়কে পুরস্কার তুলে দিতে খুব কষ্ট হয় জানেন। মুশফিকের উচ্চতা আর আমার উচ্চতা মেলে। আমি তাই সেদিন মুশফিকের হাতেই তুলে দিতে চাই ট্রফিটা!’
গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার আসলে স্বপ্ন দেখানোরই এক আয়োজন।