মুশফিকের হাতে ‘দুরন্ত রাজশাহী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলে নাকি অনেক চমক থাকবে! এখন পর্যন্ত সে রকম কোনো চমকের দেখা পাওয়া না গেলেও কাল লোগো উন্মোচন অনুষ্ঠানে সামান্য চমক দেওয়ার চেষ্টা করল রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির মালিক ডিজিটাল অটো কেয়ার।বিপিএলে তাদের দলের নাম দুরন্ত রাজশাহী। শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে আইকন খেলোয়াড় মুশফিকুর রহিম জাগো ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত আট শিশুকে নিয়ে অবমুক্ত করলেন এর লোগো। এই শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে ক্রিকেট খেলার সরঞ্জাম। চমক থাকল একটা ঘোষণায়ও, তবে ঘোষণাটা সাংবাদিকদের জন্য। ‘দুরন্ত রাজশাহী’র চেয়ারম্যান মুশফিকুর রহমান জানালেন, বিপিএলের দর্শকদের রায়ে তারা টুর্নামেন্টের শ্রেষ্ঠ সাংবাদিক বা ‘দুরন্ত সাংবাদিক’ নির্বাচন করবেন। পুরস্কার হিসেবে তিনি পাবেন ৮০০ সিসির একটি মারুতি গাড়ি।লোগো উন্মোচন অনুষ্ঠানে আইকন খেলোয়াড় মুশফিকুর রহিমকেই দুরন্ত রাজশাহীর অধিনায়ক ঘোষণা করা হয়। অধিনায়ক হয়ে টুর্নামেন্টে দলের লক্ষ্যটাও জানালেন মুশফিক, ‘আমরা বড় টার্গেট নিয়েই খেলব। তবে যেহেতু এটা একটা নতুন ধরনের টুর্নামেন্ট, এখানে মানিয়ে নেওয়াটাই হবে বড় চ্যালেঞ্জ। আমরা আগে সেই চেষ্টাই করব।’জাতীয় দলের সাবেক অধিনায়ক, ম্যানেজার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ দলের ম্যানেজারের দায়িত্বে আছেন। এ ছাড়া আতহার আলী খান প্রধান উপদেষ্টা ও কোচ খালেদ মাসুদ। তাঁরা সবাই-ই আশা করছেন, টুর্নামেন্টে খুব শক্তিশালী দল দাঁড় করাতে পারবে দুরন্ত রাজশাহী। তবে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে একটু ঝামেলাতেই পড়ে যান আতহার। ‘আমাদের দলে সারপ্রাইজ থাকবে। আমরা অনেক খেলোয়াড়ের সঙ্গেই যোগাযোগ করছি...।’ আতহার এটুকু বলার পরই সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে, যেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলোয়াড় সংগ্রহের কথা, সেখানে আগে থেকে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ ‘পাতানো নিলামের’ই ইঙ্গিত দিচ্ছে কি না।বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান গাজী আশরাফ হোসেন নাকচ করে দিয়েছেন এমন সম্ভাবনা, ‘এ রকম হওয়ার কোনো সুযোগ নেই। ফ্র্যাঞ্চাইজিগুলোকে অবশ্যই নিলামের মাধ্যমে খেলোয়াড় সংগ্রহ করতে হবে। কোনো খেলোয়াড় আগে থেকে কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বললে তাকে নিলাম থেকে বাদ দেওয়া হবে।’ কাল ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিদের সঙ্গে গভর্নিং কাউন্সিলের এক সভায়ও দেওয়া হয়েছে একই সতর্কবার্তা।