মুশফিকের ‘অসহায় আত্মসমর্পণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাসি! হাসির চেয়ে বড় দাওয়াই আর কী আছে! আমার ক্ষেত্রে এটা সব সময়ই দারুণ কাজে লেগেছে। মুশফিকও চেষ্টা করে দেখতে পারে।’হাসি দিয়ে জয় করেছেন ক্রিকেট-বিশ্ব। মুশফিকুর রহিমের জন্যও নিজের মেনে চলা ব্যবস্থাপত্র বাতলে দিলেন ড্যারেন স্যামি। যেটা আসলে তাঁর জীবনদর্শনও। কিন্তু চরম দুঃসময়েও মুখে হাসি ধরে রাখার দুঃসাধ্য কাজটা স্যামির মতো সবাই কি আর করতে পারে?সংবাদ সম্মেলন শেষে স্যামি যখন ড্রেসিংরুমে ফিরছেন, মাঠে তখন একের পর এক চক্কর দিচ্ছেন মুশফিক। দুজন কাছাকাছি হতেই টিপ্পনী কাটলেন স্যামি, ‘এমনিতেই তো অনেক ফিট, সুপার ফিট হতে চাও নাকি!’ কিন্তু রসিকতায় হাসার মতো অবস্থা তখন মুশফিকের নেই। মিনিট ১৫ আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন, পুরোটাতেই চোখমুখে থাকল রাজ্যের অন্ধকার। নিজের পারফরম্যান্স ভালো না হলে বরাবরই খুব মুষড়ে পড়েন মুশফিক। নিজেকে গুছিয়ে নিতে একটু সময়ও লাগে তাঁর। নিজের ও দলের এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই মুশফিককে পাওয়া গেল থমথমে চেহারায়।ভুল থেকে শিক্ষা না নেওয়ার টাটকা আরেকটি উদাহরণ দিয়ে শুরু হয়েছিল খুলনা টেস্টের শেষ দিন। আগের দিন শেষ বিকেলে সাকিব আল হাসানের আত্মহনন থেকে শিক্ষা নেওয়া তো দূরের কথা, মাহমুদউল্লাহ যেন করলেন অনুসরণ। দিনের প্রথম ওভারেই পেরমলকে প্যাডল সুইপ করতে গিয়ে ক্যাচ দিলেন রামদিনকে। শেষ দিনে বাংলাদেশের আশার যৎসামান্য যা অবশিষ্ট ছিল, সেটারও সমাপ্তি। এরপর শুধু বাকি ছিল ব্যক্তিগত একটা প্রাপ্তি, নাসির হোসেনের সেঞ্চুরি। কিন্তু প্রথম টেস্ট সেঞ্চুরি নয়, নাসিরকে পুড়তে হয়েছে প্রথম বাংলাদেশি হিসেবে টানা দুই টেস্টে নড়বড়ে নব্বইয়ের হতাশায়। হন্তারক সেই টিনো বেস্ট, এবার ইনকাটারে উড়েছে নাসিরের লেগ স্টাম্প। আবারও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছেন বেস্ট। ঢাকায় পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট, এখানে হলো ক্যারিয়ার-সেরা বোলিং (৬/৪০)। ২৭ রানের লক্ষ্য ছুঁতে ওয়েস্ট ইন্ডিজের লেগেছে মাত্র ৪.৪ ওভার।‘হাফ ফিট’ হয়েও এমন বোলিংয়ের কৃতিত্ব অবশ্যই প্রাপ্য বেস্টের। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের আউটগুলোর টুকরো টুকরা ছবি যখন চোখে ভাসে, মনে হয় বোলারের কৃতিত্বের চেয়ে যেন ব্যাটসম্যানদের দায়টাই বেশি। মাঠের মতো সংবাদ সম্মেলনেও ‘অসহায় আত্মসমর্পণ’ মুশফিকুর রহিমের। মেনে নিলেন সব দায়, ‘উইকেটে বোলারদের জন্য বেশি কিছু ছিল না। বেশির ভাগ সময়ই যেটা হয়ে আসছে, এবারও হয়েছে সেটাই। আমরা বাজে শট খেলে আউট হয়েছি। সাকিব ও নাসির যেভাবে ব্যাট করেছে, সেটাই প্রমাণ করে উইকেটে কোনো জুজু নেই। এটা আসলে খুবই হতাশাজনক, কারণ প্রথম টেস্টে আমরা খুব ভালো খেলেছিলাম।’প্রথম টেস্টে ভালো খেলার কারণেই খুলনা টেস্টটা বাংলাদেশের জন্য ছিল বড় চ্যালেঞ্জ। সেটা যেমন স্কিলের দিক থেকে, তেমনি মানসিক দিক থেকেও। কিন্তু এক পা এগিয়ে দুই পা পিছিয়ে যাওয়ার সেই বৃত্তেই থেকে গেল বাংলাদেশ। কাঠগড়ায় অধিনায়ক নিজেও। খুলনার দ্বিতীয় ইনিসে যে শট খেলে আউট হলেন, সেটা সম্ভবত সিরিজেরই সবচেয়ে বাজে শট! ‘আমি চেয়েছিলাম লম্বা একটা ইনিংস খেলতে, সাকিবের সঙ্গে জুটি গড়তে। ভুলটা আমারই, কীভাবে হয়ে গেল! মনে হয় না এমন শট খেলে আগে কখনো আউট হয়েছি’—মুশফিকের কণ্ঠে আবারও অসহায়ত্ব!‘বাজে শট’ খেলা বা শট সিলেকশনে দুর্বলতাই ব্যর্থতার মূল কারণ, এটা তো সবারই জানা। মনঃসংযোগ হারিয়ে ফেলা, পঞ্চাশকে বড় সেঞ্চুরিতে রূপ দিতে না-পারা—এসবও পুরোনো কাসুন্দি। কিন্তু বারবার, প্রতিবার, বছরের পর বছর যখন এটাই হয়ে আসছে, প্রশ্ন ওঠে সামর্থ্য নিয়ে। বাংলাদেশের সামর্থ্য কি তবে এই? মুশফিকের উত্তর যেন প্রশ্নটাকেই আবার নতুন করে তোলার অবকাশ করে দিচ্ছে, ‘টেস্ট ক্রিকেটে ২০ উইকেটের সবগুলোতেই বোলারদের কৃতিত্ব থাকে না। ব্যাটসম্যানদেরও দায় থাকে। আমাদের ক্ষেত্রে ব্যাটসম্যানরাই বোলারদের উইকেট উপহার দিয়ে আসে বেশি। এটাই সবচেয়ে হতাশাজনক ব্যাপার। হ্যাঁ, দীর্ঘ সময় ধরেই এটা হয় আসছে আমাদের। তবে আমাদের অনেকে তো রানও করেছে! কখনো কখনো একটা আউটই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। প্রশ্নগুলো তখন যৌক্তিকভাবেই ওঠে এবং সেটা নিয়ে আমাদের ভাবনাও আছে।’অসহায় স্বীকারোক্তিতে সমালোচনার তিরগুলোকে খানিকটা হয়তো এড়ানো যায়। কিন্তু সমাধান কোথায়? উত্তরটা সময়ের হাতে আছে কি না, সেটাও বোঝা যাচ্ছে না। অনেক সময় তো পেরোল, প্রশ্নই তো শুধু বাড়ছে, কিন্তু উত্তর নেই!