মুশফিকের ‘সেঞ্চুরি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম টস করলেন পরশু। আজ টস করতে নেমেই আরেকটি মাইলফলক ছুঁয়ে ফেলবেন মুশফিকুর রহিম। বাংলাদেশ অধিনায়ক আজ খেলতে নামছেন ক্যারিয়ারের শততম ওয়ানডে। ম্যাচ খেলার সেঞ্চুরি করা নবম বাংলাদেশি ক্রিকেটার হতে যাচ্ছেন মুশফিক।ম্যাচ খেলার সেঞ্চুরিয়ান পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়। ওয়ানডে অভিষেকের ১৯ বছর পর, ২০০৫ সালের ৩১ আগস্ট প্রতীক্ষার অবসান হয়েছিল খালেদ মাসুদের হাত ধরে। কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে মাইলফলক ছোঁয়ার ওই ম্যাচে অধিনায়ক ছিলেন মাসুদও। সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মোহাম্মদ আশরাফুলের। ক্যারিয়ার ওয়ানডে ১৭০টি, তবে বাংলাদেশের হয়ে ম্যাচ ১৬৮টি। ২০০৫ সালের আফ্রো-এশিয়া কাপে দুটি ম্যাচ খেলেছিলেন এশিয়া একাদশের হয়ে। আশরাফুলের দলে আছেন মাশরাফি বিন মুর্তজাও। ক্যারিয়ার ওয়ানডে ১২০টি, কিন্তু ২০০৭ সালের আফ্রো-এশিয়া কাপে দুটি ম্যাচ খেলেছিলেন এশিয়া একাদশের হয়ে। টেস্ট অভিষেকের ১৫ মাস পর, ২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে মুশফিকের ওয়ানডে অভিষেক নিখাদ ব্যাটসম্যান হিসেবে। কিন্তু ওই ম্যাচে ব্যাটিংয়েরই সুযোগ পাননি। আজ উইকেটের সামনে-পেছনে ছাড়াও আছে অধিনায়কের গুরুদায়িত্ব, স্মরণীয় করে রাখতে পারবেন শততম ম্যাচটি?