মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বক্সিংয়ের জীবন্ত কিংবদন্তি মোহাম্মদ আলী ঢাকায় এসেছিলেন ১৯৭৮ সালে। পল্টন ময়দানের বক্সিং রিংয়ে হাতে গ্লাভস পরে নেমেওছিলেন কয়েক মিনিটের জন্য। তাঁর স্মৃতিচিহ্ন নিয়ে ওই বক্সিং রিং তাই নাম নিল মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম। কিন্তু এই স্টেডিয়ামে বছরের বেশির ভাগ সময়েই জমাট বেঁধে থাকত অন্ধকার। ফেডারেশনের কর্মতত্পরতাহীনতা ও বক্সারদের অনুজ্জ্বল পারফরম্যান্স শ্যাওলা পড়া স্টেডিয়াম আর ভবঘুরে ছিন্নমূল মানুষের আখড়ার সঙ্গে বেশ মানিয়ে যেত। এবার এই দক্ষিণ এশীয় গেমস উপলক্ষে স্টেডিয়ামটি পুনর্নির্মিত হয়েছে। ঝা চকচকে একটি স্থাপনা পেয়েছে ক্রীড়াঙ্গন। এটিকে কাল সোনার আলোয় আরও রাঙিয়ে দিলেন দুই বক্সার—জুয়েল আহমেদ ওরফে জনি ও আবদুর রহিম।বিকেলে যখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রবল চিত্কার করে অ্যাথলেটিকসে বাংলাদেশের সাফল্যের আশা নিভে গেছে দপ করে, তখনই বক্সিং রিংয়ে উড়েছে লাল-সবুজ পতাকা আর শব্দযন্ত্র শুনিয়েছে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...।’ প্রথমে সোনা জিতলেন রাজশাহীর তরুণ জুয়েল আহমেদ; ৬০ কেজি লাইট ওজন শ্রেণীতে নেপালি বক্সার অজিত গুরুংকে তাঁর লেফট হুক আর রাইট স্ট্রেট পাঞ্চ দিয়ে কুপোকাত করে। ৪ রাউন্ডে জুয়েল পেয়েছেন ৩২ পয়েন্টে, তাঁর প্রতিপক্ষ ১৭ পয়েন্টে।সোনার আশাটা ছিল বুকের মধ্যে লুকানো, আসলে জুয়েলকে নিয়ে ততটা আশায় বুক বাঁধেনি খোদ বক্সিং ফেডারেশনও। এই জুয়েলই যখন সোনা জিতলেন, তখন পরের প্রতিযোগী আবদুর রহিম রিংয়েই ওঠেন চোখে সোনার ঝিলিক নিয়ে। ৬৪ কেজি লাইট ওয়েল্টারে শ্রীলঙ্কান প্রতিদ্বন্দ্বী দাঁড়াতেই পারেননি রহিমের কাছে। দীর্ঘদেহী রহিম এক একটা পাঞ্চ হাঁকেন আর আত্মরক্ষার জন্য পথ খুঁজে পান না সিসিরা কুমারাসিঙ্গে। ৪ রাউন্ড পর জাজ যখন লাল পোশাকে লাল-সুবজ আঁকা রহিমের হাত উঁচিয়ে তাঁকে সোনাজয়ী ঘোষণা দিলেন, উল্লাসে ফেটে পড়েছে জনতা। আনন্দের দুকূলপ্লাবী স্রোতটা ছোট স্টেডিয়াম থেকে বেরোনোর পথ পাচ্ছিল না। এমন আনন্দ এ দেশের বক্সিং কখনো দেখেনি আগে।দক্ষিণ এশীয় গেমস দেশকে ১৭ বছর পর জোড়া সোনা এনে দিলেন জুয়েল ও রহিম। ১৯৮৫ ঢাকা সাফ গেমসে সোনা জিতেছিলেন মোশাররফ হোসেন, পরে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন সিউল এশিয়াডেও। এর পর ১৯৯৩ সালে সোনা জিতলেন মোজাম্মেল হক। ওটাই সর্বশেষ সোনা এবং বাংলাদেশের ক্রম-অবনমন আর ভারত-পাকিস্তানের উত্থানে মনে হয়েছিল ওটাই হয়তো শেষ হয়ে থাকবে চিরদিন। কিন্তু জুয়েল ও রহিম ভুল প্রমাণ করলেন সবকিছু। জানিয়ে দিলেন বাংলাদেশের বক্সিং মরেনি। জীয়নকাঠির ছোঁয়ায় আবার সে জেগে উঠল। এবার ৬টি ক্যাটাগরিতে অংশ নিয়ে বাংলাদেশের বক্সাররা সেমিফাইনালে উঠেছিলেন পাঁচটির। তিনজন সেমিফাইনালের বাধা পেরিয়ে উঠেছিলেন ফাইনালে। সোনা আনলেন দুজন। সবচেয়ে বড় স্বপ্ন দেখানো নাদিম হোসেন হেরেছেন সেমিফাইনালেই। ফাইনালে আর হেরেছেন ৫৭ কেজি ফেদার ওয়েটে ফয়সাল মোল্লা, ভারতের ছোটে লালের কাছে, বড় ব্যবধানেই। এই দুজন সোনা জিততে পারলে বাংলাদেশের জন্য গেমসের শেষের আগের দিনটিও থাকত সোনায় মোড়ানো।তা না হোক, দুটি সোনা, একটি রুপা আর দুটি ব্রোঞ্জ জিতে বক্সিং দেশকে ভাসিয়েছে গর্বে। খেলা শেষে বক্সিং রিংয়ে যখন সন্ধ্যার আঁধার নেমে এসেছে, ক্যামেরার ফ্লাশগানে চকচক করতে থাকল দুই সোনাজয়ী বক্সারের মুখ। মুষ্টিবদ্ধ তাঁদের হাত, উত্তোলিত উদ্ভাসিত আরও বড় প্রত্যাশায়। মুষ্টিযোদ্ধাদের হাতই তো মুষ্টিবদ্ধ প্রতিজ্ঞায় এমন উত্তোলিত থাকবে।