মুসোলিনির ছায়ায় ‘আজ্জুরি’দের বিশ্বজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলাধূলার সঙ্গে রাজনীতির খুব বাজে মিশেল সেবার বিশ্ববাসী অবলোকন করেছিল। ১৯৩৪ সালে দ্বিতীয় বিশ্বকাপের আয়োজক দেশ ইতালি তাদের নেতা বেনিত্তো মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদের এক চরম পরাকাষ্ঠা দেখায় বিশ্বকে। বিশ্বকাপের প্রতিটি ক্ষেত্রে মুসোলিনির ইতালি ফুটবলের সঙ্গে রাজনীতির মিশ্রণ ঘটায়। সবদিক বিচারে ১৯৩৪ সালের দ্বিতীয় বিশ্বকাপ ছিল উগ্র জাতীয়তাবাদ প্রদর্শনের এক প্রতিযোগিতা। ফুটবলের এত নিকৃষ্ট রাজনীতিকীকরণ আর কখনই দেখেনি বিশ্ববাসী।প্রথম বিশ্বকাপের সাফল্যে অনুপ্রাণিত হয়ে দ্বিতীয় বিশ্বকাপে খেলার জন্য ৩২টি দেশ আবেদন করে। প্রথমবার যেমন দলগুলোকে ডেকে ডেকে আনতে হয়েছিল, সেবার আর তেমনটা ঘটেনি। ১৯৩৪ সালে বরং ফিফাকে একটি বাছাইপর্ব আয়োজন করতে হয়েছিল। বাছাইপর্ব খেলে শেষ পর্যন্ত ১৬টি দেশ দ্বিতীয় বিশ্বকাপে খেলার সুযোগ পায়।প্রথম বিশ্বকাপ লাতিন আমেরিকার উরুগুয়েতে আয়োজন করার ক্ষোভে অনেক ইউরোপীয় দলই সেবার অংশ নেয়নি। ১৯৩৪ সালে সেই লাতিন-ইউরোপ দ্বন্দ্ব নতুনভাবে প্রকাশ পায় চ্যাম্পিয়ন উরুগুয়ের অংশ না নেওয়ার মধ্য দিয়ে। অন্য দুই লাতিন দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা সেবার তাদের সেরা দল না পাঠিয়ে দ্বিতীয় সারির দল পাঠায়। প্রথমবার ইউরোপীয়দের উন্নাসিকতার প্রতিশোধ হিসেবেই লাতিন দেশগুলো এই অবস্থান নেয়। এর পাশাপাশি ইতালির শাসক মুসোলিনির সেই সময়কার রাজনৈতিক অবস্থানও লাতিন দেশগুলোকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করে।দ্বিতীয় বিশ্বকাপে কিছু বিষয়ের গুণগত পরিবর্তন হয়। প্রথমবার উরুগুয়ের আয়োজনে সব খেলাই অনুষ্ঠিত হয়েছিল রাজধানী মন্টেভিডিওতে। দ্বিতীয় বিশ্বকাপে ইতালি তাদের আটটি শহরে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করে। এই শহরগুলো হলো রোম, মিলান, তুরিন, নেপলস, ফ্লোরেন্স, ত্রিয়েস্তে, বোলোগনা ও জেনোয়া। এই বিশ্বকাপের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল প্রথমবারের মতো নক-আউট পদ্ধতির প্রচলন। প্রথম রাউন্ডে দলগুলো পরস্পর পরস্পরের সঙ্গে মুখোমখি হয়। পরাজিত দল বিদায় নিয়েছিল। এভাবে দ্বিতীয় রাউন্ডের জন্য আটটি দল নির্বাচন করা হয়। পুরো বিশ্বকাপে অমীমাংসিত কোনো খেলার সুযোগ ছিল না। নক-আউট পদ্ধতির কারণে প্রতিটি ম্যাচেই অতিরিক্ত সময়ের সুযোগ রাখা হয়েছিল। প্রতিটি ম্যাচ নির্ধারিত সময়ে ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট অনুষ্ঠানের সুযোগ থাকলেও টাইব্রেকারের মতো কোনো বিষয় সেবার প্রচলিত ছিল না।দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তোলে মুসোলিনির দেশ ইতালি। ফাইনালে তারা চেকোস্লোভাকিয়াকে ২-১ গোলে হারায়। সেমিফাইনালে ইতালি স্পেনকে এবং চেকোস্লোভাকিয়া জার্মানিকে হারিয়ে ফাইনালে ওঠে।ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় আসরে একটা অদ্ভুত ব্যাপার পরিলক্ষিত হয়। প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে খেলা অনেক খেলোয়াড়ই শেকড় ইতালিতে প্রোথিত থাকার সুযোগে ইতালি জাতীয় দলের হয়ে খেলেন। এই যথেচ্ছাচারে বিরক্ত ফিফা এর পরপরই নতুন নিয়ম জারি করে এক দেশের হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলা কোনো খেলোয়াড় জাতীয় দল পরিবর্তন করতে পারবেন না।১৯৩৪ সালের বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার অলড্রিচ নেজেদলে পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতার সম্মান অর্জন করেন। নেজেদলে সর্বোচ্চ গোলদাতা হলেও ইতালির গিউসেপ্পে মিয়াজ্জাকে তাঁর নৈপুণ্যের বিচারে সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। ইতালির বিশ্বকাপ জয়ে মিয়াজ্জার ছিল গুরুত্বপূর্ণ অবদান। আঘাত নিয়েও ফাইনালের অতিরিক্ত সময়ে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে জয়সূচক গোলটি আসে তাঁরই পা থেকে।